একটি সড়কের নাম ও একজন শহীদ মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আইস ফ্যাক্টরি সড়কে ঝরেছিল মুক্তিযোদ্ধা শহীদ রফিক উদ্দিনের রক্ত। এই সড়কে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিনি শহীদ হয়েছিলেন। এ কারণে তাঁর নামেই সড়কটির নামকরণের দাবি ছিল মুক্তিযোদ্ধাসহ সচেতন নাগরিকদের। কিন্তু মুক্তিযুদ্ধের পর ৪২ বছর পার হয়ে গেলেও আইস ফ্যাক্টরি সড়কের নাম পাল্টাল না।এ দেশে অনেক কিছুরই তো নাম পাল্টে যায়। চট্টগ্রাম বিমানবন্দর, স্টেডিয়ামসহ বহু স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম বারবার পাল্টেছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নামবদলের এই কাজটা ততটা প্রয়োজনীয় না হলেও ক্ষমতাসীন রাজনীতিবিদেরা তা যথেষ্ট গুরুত্ব দিয়েই করেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ হয় না।সরকারি সিটি কলেজের সামনে দিয়ে কলেজিয়েট স্কুল হয়ে মাদারবাড়ীর দিকে যে রাস্তাটি চলে গেছে, তার নাম আইস ফ্যাক্টরি সড়ক। এই সড়কে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াইয়ে শহীদ হয়েছিলেন মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন। সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে মুক্তিযোদ্ধা ফয়েজুল হক জানান, ১ নভেম্বর ১৯৭১ সালে তিনি, রফিক উদ্দিন, অমর মিত্র, শফিউল বশর তৎকালীন ইস্টার্ন ব্যাংক অব পাকিস্তানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়িতে করে ফিরছিলেন। গাড়ির চালক ছিলেন ভোলানাথ। গাড়িটি আইস ফ্যাক্টরি সড়কের চুনার গুদামের কাছে আসতেই পাকিস্তানি বাহিনী আক্রমণ চালায় তাঁদের ওপর। দলের সবাই আত্মরক্ষা করতে পারলেও গুলিবিদ্ধ রফিক উদ্দিন প্রাণ হারান। সেদিন রফিকের রক্তে রঞ্জিত হয়েছিল সড়কটি।যে স্বপ্ন নিয়ে রফিক যুদ্ধে গিয়েছিলেন, সেই স্বপ্ন সফল হয়েছে। দেশ আজ স্বাধীন। কিন্তু রফিকের সেই আত্মত্যাগের মর্যাদা দিতে পারিনি আমরা। মুক্তিযুদ্ধের পর পরই সচেতন নাগরিক ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আইস ফ্যাক্টরি সড়কের নাম পাল্টে শহীদ রফিক উদ্দিন সড়ক রাখা হয়েছিল। সেই সময় পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল, সড়কটির নাম কাগজে-কলমেও যাতে শহীদ রফিক উদ্দিনের নামে করা হয়। তখনকার পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হয়েছে। কিন্তু নাম আর কেউ পাল্টালেন না।মুক্তিযোদ্ধা ফয়েজুল হক বলেন, ‘সিটি করপোরেশন শহীদ রফিক উদ্দিনের নামে এই সড়কের নামকরণ করেনি। আমরা নামকরণের দাবি জানিয়েছিলাম। স্বাধীনতার পর ওই এলাকার অনেকেই নাম ও পরিচিতি ফলকে শহীদ রফিক উদ্দিন সড়ক লিখেছিলেন। কিন্তু সিটি করপোরেশনের গাফিলতির কারণে শেষ পর্যন্ত নামটা প্রতিষ্ঠা পায়নি।’সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর চট্টগ্রামের সড়কগুলোর নামকরণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। নগরের কোনো সড়কের নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে হয়েছে কি না, তা-ও জানাতে পারেননি তাঁরা।এলাকার দোকানদার ও ব্যবসায়ীরা বলেন, সিটি করপোরেশন উদ্যোগ নিলে তাঁরা তাঁদের দোকানের পরিচিতি-ফলকে নতুন নাম লিখবেন।সড়ক, বিমানবন্দর কিংবা স্টেডিয়াম যা-ই হোক না কেন, তার নামের পেছনে ইতিহাস ও ঐতিহ্য থাকে। নাম সেই ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখে। আমরা নাম পাল্টে দিয়ে এসব মুছে ফেলি। আবার কখনো নামকরণকে অস্বীকার করি। দুর্ভাগ্যের বিষয়, ইতিহাস ও ঐতিহ্যকে অবহেলার এ রকম দৃষ্টান্ত আমাদের চট্টগ্রামে অনেক পাওয়া যাবে।