একটি হারানো বিজ্ঞপ্তি
গত বছর শীতে আমাদের গ্রামের নতুন মসজিদের উদ্যোগে এক বিরাট ইসলামি ধর্মসভার আয়োজন করা হয়। ধর্মসভাটি সফল করতে আমাদের এলাকায় কেউ শ্রম দিয়ে, কেউ বা অর্থ দিয়ে, যে যেভাবে পারল, সহযোগিতা করল। এলাকার প্রায় সব ধরনের অনুষ্ঠানেই আমি উপস্থাপনা করতাম বলেই হয়তো আমার ভাগে পড়ল মাইকিং করা। শীতের জ্যাকেট পরে ভোরেই বেরিয়ে পড়লাম মাইকিংয়ে। পরে রোদ উঠলে গায়ের জ্যাকেট খুলে রিকশার পেছনের দিকে রাখলাম। হয়তো রিকশার ঝাঁকুনিতে জ্যাকেটটি কোথাও পড়ে গেছে, আমি লক্ষ করিনি। শেষ বিকেলে মাইকিং করা তখন শেষ পর্যায়ে। শীত অনুভূত হওয়ায় জ্যাকেট খুঁজে দেখি কোথাও নেই। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জ্যাকেট হারিয়েছে ব্যাপার না, কিন্তু জ্যাকেটের পকেটে দুই হাজার টাকা ও ৪টি সিম কার্ড ছিল। সাত-পাঁচ না ভেবে সংশ্লিষ্ট এলাকায় আবার মাইকিং শুরু করলাম—একটি হারানো বিজ্ঞপ্তি, ভাইসব কিছুক্ষণ আগে ধর্মসভার মাইকিং করতে এসে আমার একটি জ্যাকেট হারানো গেছে। যদি কোনো হূদয়বান ব্যক্তি...। আমার জ্যাকেট হারানোর মাইকিং শুনে সেদিন অনেকেই হেসেছিল, কিন্তু আমি তাদের কী করে বোঝাই যে জ্যাকেট তো আর খালি ছিল না রে ভাই। আলসা, করটিয়া, টাঙ্গাইল।