একটি ‘মেমোরি’ ভাঙা দুঃখজনক ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু মঞ্জুর বহুদিনের ইচ্ছা, বিরিশিরি গিয়ে চিনামাটির পাহাড় আর নীলপানির লেক দেখবে। তার শখ মেটাতে আমরা বিরিশিরি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভোরবেলা ব্যাগ গুছিয়ে বেরিয়ে দেখি, গেটের সামনের টুলে বসে দারোয়ান ঘুমাচ্ছে। ঘুমানোর জন্য একটা লোককে কেন টাকা দেওয়া হয়, তা আমার মাথায়ই আসে না। দরজা খোলার শব্দে সে উঠে বলল, ‘সারা রাইত ডিউটি দিছি তো, ঝিমুনি ধরছে। ভাইজান, কই যান?’‘বিরিশিরি যাই।’‘আমার জন্য কিছু বিড়ি নিয়া আইসেন। সব বিড়ি তো ওইখানেই বানায়।’বিড়ির কথা ভুলে আমরা মহাখালী বাস টার্মিনালে চলে এলাম। আমরা মানে আমি, আমার চার বন্ধু, আর রস+আলোর বিখ্যাত কার্টুনিস্ট জুনায়েদ আজীম চৌধুরী। বিরিশিরিতে খুব ভালো কোনো বাস যায় না। লক্কড়ঝক্কড় টাইপ একটা বাস, নামও সেই রকম—সরকার এন্টারপ্রাইজ! তবে ভাঙাচোরা বাস হলেও ভাড়ার দিক দিয়ে একেবারে ফার্স্ট ক্লাস। ১৭০ টাকা ভাড়া। সুপারভাইজার জানালেন, ঠিক সাড়ে সাতটায় বাস ছাড়বে। আমরা নিশ্চিত হলাম, আটটার আগে বাস ছাড়ছে না। চললাম নাশতা খেতে। জুনায়েদ ভাই লম্বায় যেমন, মনের দিক থেকেও তেমনি বড়। নাশতার পুরো খরচ দিলেন। আমরাও একবাক্যে উনাকে বিশ্বসেরা কার্টুনিস্ট হিসেবে ঘোষণা দিলাম।আটটার কিছু পর বাস ছাড়ল। আকাশে ঘন কালো মেঘ। ঠান্ডা বাতাস। মন অটো উদাস হয়ে গেল। মঞ্জুর মন এত উদাস যে সে ইংরেজিতে কবিতা ভেবে ফেলল। আমাকে শোনানোর জন্য বাধ্য করেছিল, কিন্তু ঠিক সে সময় বাস একটা বড় ঝাঁকি খাওয়ায় আমি বেঁচে গেলাম।দুই পাশে গাছপালা, মাঝখানে ভাঙা রাস্তা। সেই রাস্তা দিয়ে বাস ছুটে চলছে। ইংরেজ কবি মঞ্জু কবিতা ভুলে হাঁ করে ঘুমাচ্ছে। আমি আর পাভেল (রস+আলোর অবসরপ্রাপ্ত আইডিয়াবাজ) দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। বাস কখন যে ময়মনসিংহ পার হয়ে নেত্রকোনায় ঢুকল, টেরই পেলাম না।হঠাৎ বাস থামল। সরকারপ্রধান, মানে বাসের ড্রাইভার বললেন, ‘বাস যাবে না, রাস্তা খারাপ।’ বললাম, ‘তাতে কী, বাস তো আর খারাপ না, বাস চলুক।’ আমার কথায় পাত্তা না দিয়ে সবাই নেমে গেল। নেমে দেখি, আসলেই রাস্তা ভালো না। আমাদের মানুষ যতটা খারাপ ভাবে, তার চেয়ে বেশি খারাপ। ভাঙা রাস্তার একপাশে নদী, একপাশে খেত। বৃষ্টির পানিতে খেত খালে পরিণত হয়েছে। সেই খালের পানি রাস্তা দিয়ে নদীতে গিয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নায়াগ্রা জলপ্রপাত! অসাধারণ! সৌন্দর্যে মুগ্ধ হয়ে কার্টুনিস্ট জুনায়েদ ভাই পরিণত হলেন ফটোগ্রাফারে। আমরা যখন বহু কষ্টে পিচ্ছিল পথ পাড়ি দিচ্ছি, উনি তখন পাইকারি হারে ছবি তুলছেন। ছবি তোলা শেষে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘কিছু ছবি যে তুলছি না, নিশ্চিত অ্যাওয়ার্ড পাবে।’ আমরা মাথা নাড়লাম।বিরিশিরি যাওয়ার জন্য আরেকটি বাসে উঠলাম। ১০ মিনিটের মধ্যে বাস ছাড়বে বলে হেলপার উধাও! এরই মধ্যে অনেকেই ঝোপের পাশে কী যেন ছেড়ে এল, কিন্তু বাস আর ছাড়ে না। যাত্রীরা শুরু করল স্লেজিং। তবে ড্রাইভার নীরব। আমার ধারণা, হর্ন ছাড়া ড্রাইভাররা আর কিছু শোনে না। আধঘণ্টা পর বাস ছাড়ল। সেই সঙ্গে শুরু হলো কুকুর-বিড়াল বৃষ্টি। আমরা আবার উদাস হলাম। মনে মনে ভাবতে লাগলাম, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরেওগো, আজ তোরা যাসনে বাসের বাহিরে। বাস থেকে নামতেই বৃষ্টি বাড়ল। প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে খালে পরিণত হওয়া খেতের মধ্য দিয়ে ভিজতে ভিজতে হেঁটে গেলাম। কে যেন বলল, এখানে চীনা জোঁক আছে। শুনে চায়নিজদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। শুধু ইলেকট্রনিকস পণ্য নয়, এরা জোঁকও বানিয়েছে! জোঁকের দেখা পাওয়ার আগেই আমরা রিকশায় উঠে পৌঁছে গেলাম সুসং দুর্গাপুরে। থাকার ব্যবস্থা এক রেস্টহাউসে। তিনতলায় দুটো ঘর, বেরোলেই বিশাল ছাদ। ছাদে কাপড় শুকাতে দিচ্ছি, এই ফাঁকে জুনায়েদ ভাই কয়লা দিয়ে দেয়ালে কার্টুন আঁকতে লাগলেন। আমি অবাক হলাম না। কার্টুনিস্ট স্বর্গে গেলেও কার্টুন আঁকে, আর এটা তো বিরিশিরি! বিকেলে রিকশায় করে গেলাম গোপালপুর পাহাড়ে। ফিরতে ফিরতে সন্ধ্যা। এখানকার মানুষ খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। আমার ধারণা, এর জন্য দায়ী বিটিভির আটটার সংবাদ। কী আর করা, রাতের খাবার খেয়ে রেস্টহাউসে ফিরে গেলাম। পরদিন বাইকে করে চিনামাটির পাহাড় আর নীলপানির লেক দেখতে যাওয়ার কথা।বাইক এল সকালেই। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এর ওপর বৃষ্টিতে রাস্তার অবস্থা ভয়াবহ। এর মধ্যেই তীব্র গতিতে বাইক চলছে। কাদার মধ্যে বারবার চাকা পিছলে যাচ্ছে। কাদা পার হতে গিয়ে হঠাৎ বিকট আওয়াজ তুলে বাইক সামনে লাফ দিল। দেখলাম, আমি বাইকে নেই, কাদায় দাঁড়িয়ে আছি। চালক হাসিমুখে বললেন, ‘ব্রেকটা ঠিক কাজ করতেছে না।’ ততক্ষণে অন্য বাইকগুলো অনেক এগিয়ে গেছে। কোনোমতে আমরা চিনামাটির পাহাড়ে পৌঁছালাম। বাইক থেকে নেমে শুনি, ব্রেক কাজ না করাটা তেমন কিছু না। কারণ, জুনায়েদ ভাই আর মঞ্জু যে বাইকে উঠছে, সেটাতে ব্রেকই নেই!আমরা ব্রেক নিয়ে মাথা না ঘামিয়ে পাহাড় দেখতে লাগলাম। পাহাড়ের সঙ্গেই নীলপানির লেক থাকার কথা। তবে আমরা দেখলাম ঘোলাপানির লেক। বৃষ্টিতে পানি ঘোলা হয়ে গেছে। আমি সম্প্রতি সাঁতার শিখেছি। লেক দেখেই আমার ভেতরে সাঁতারের চেতনা জেগে উঠল। তখন শুনলাম, এই লেক নাকি ৬০ ফুট গভীর। সাঁতারের চিন্তা বাদ দিয়ে বললাম, ৬০ ফুট একটা গভীরতা হলো? ইস্, কাপড় আনলে সাঁতার কাটা যেত।জুনায়েদ ভাই আরও অসাধারণ কিছু ছবি তুলে বললেন, ‘কিছু ছবি যে তুলছি না, নিশ্চিত অ্যাওয়ার্ড পাবে!’ আমরা মাথা নাড়লাম। ঠিক হলো, দুর্গাপুর গিয়েই ছবিগুলো পেনড্রাইভে নিয়ে নেব। এতে আরও ছবি তোলা যাবে। পাহাড় দেখে আমাদের আহারের সাধ হলো। তা ছাড়া বেলা তিনটায় ঢাকাগামী বাসে উঠতে হবে। দ্রুত দুর্গাপুর ফিরে আহার-পর্ব শেষে ব্যাগ গোছাচ্ছি, হঠাৎ জুনায়েদ ভাই ঘোষণা দিলেন, ক্যামেরার মেমোরি কার্ড ভেঙে গেছে। ছবিগুলো পেনড্রাইভে নেওয়ার জন্য কম্পিউটারের এক দোকানে গিয়েছিলেন। দোকানদার চাপ দিয়ে মেমোরি কার্ড ভেঙে ফেলেছেন। সব শেষ! জুনায়েদ ভাইয়ের মুখ দেখে মনে হলো, তাঁর আঁকা কার্টুন মেরে দিয়ে কেউ একজন এক লাখ টাকা জিতে নিয়েছে। বিরহবদনে আমরা বাসস্ট্যান্ডের দিকে যাত্রা করলাম। সারা রাস্তায় জুনায়েদ ভাই একটা কথাও বললেন না। বাসে উঠেও তাঁর মুখ বন্ধ। ‘ড্রাইভার, বাস ছাড়ো’—এ ছাড়া তাঁর মুখ থেকে আর কোনো কথা শোনা যায়নি। আমি অবশ্য বলেছি, এর পর থেকে এমন মেমোরি কার্ড নিয়ে যাব, যেটা ছাত্রলীগও পিটিয়ে ভাঙতে পারবে না। উনি পাত্তা দেননি। সাধারণত আমার কথায় কেউ পাত্তা দেয় না।