একটু অন্য স্বাদে
>ইলিশের রান্নার ধরন-ধারণ কম নয়। চেনাজানা স্বাদের বাইরেও তৈরি করা যায়। তেমনই কয়েকটি পদ রয়েছে এখানে। রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেলের পরিচালক, ফুড অ্যান্ড বেভারেজ এ টি এম আহমেদ হোসেন

গোটা ইলিশ রোস্ট
উপকরণ: ১. গোটা ইলিশ মাছ একটি, মরিচগুঁড়া এক চা-চামচ, ময়দা এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
২. টমেটোকুচি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, টমেটো সস সিকি কাপ, আদা বাটা এক চা-চামচ, টকদই এক টেবিল চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ, তেল আধা কাপ, সামান্য হলুদগুঁড়া, কাঁচা মরিচ পাঁচটি, লবণ স্বাদমতো।
প্রণালি: ১. প্রথমে পুরো ইলিশ মাছের মাঝ বরাবর কেঁচে নিন, যাতে এর ভেতরে মসলা ঢুকতে পারে। এরপর লবণ, মরিচগুঁড়া ও লেবুর রস মাখিয়ে রাখুন এক ঘণ্টা। পাত্রে তেল গরম করুন। শুকনো ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের দুদিকেই ময়দার মিশ্রণ লাগিয়ে নিন। এবার মাছটিকে গরম তেলে ডিপ ফ্রাই করুন। ধূসর রং হয়ে এলে নামিয়ে রাখুন।
২. পাত্রে তেল গরম করুন। হালকা করে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর সব মসলা দিয়ে সামান্য ভেজে নিন। টমেটোর কুচি দিন। কিছুক্ষণ পর রান্না হয়ে এলে কাঁচা মরিচ ও টমেটো সস দিন। মাখা মাখা হয়ে এলে ভেজে রাখা ইলিশ মাছের ওপর ছড়িয়ে পরিবেশন করুন।

আনারসে ইলিশ
উপকরণ: ইলিশ মাছ এক কেজি (মাথা ও লেজ বাদ দিয়ে আট টুকরা করে কাটা), তেল এক কাপের তিন ভাগের এক ভাগ, পেঁয়াজ (মিহি কুচি) দুই কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া এক চা-চামচ, আনারস কুচি আধা কাপ, কাঁচা মরিচ চারটি, লবণ ও চিনি স্বাদমতো।
প্রণালি: মাছ ফালি করে নিন। ধুয়ে পানি ফেলে দিন। মাছের ফালি কিচেন পেপারে (পানি শোষণ করে, এমন টিস্যু পেপার) শুকিয়ে নিন। আলাদা একটি পাত্রে আধা কাপ পানি নিয়ে এতে সব গুঁড়া মসলা গুলে নিন। সসপ্যানে তেল গরম করুন। এরপর সসপ্যানে পেঁয়াজের কুচি ও পানিতে গোলানো মসলা দিন। তেল আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর একে একে আনারস, চিনি ও লবণ দিন। দুই মিনিট পর এক কাপ পানি দিন। মাছের ফালিগুলো সসপ্যানে বিছিয়ে দিন। ঢাকনা খোলা রাখুন। মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে মরিচ দিন। এরপর হালকা আঁচে রাখুন তেল ভেসে ওঠা পর্যন্ত। পোলাও, নরম ভাত বা পাউরুটির সঙ্গে পরিবেশন করুন।

দই ইলিশ
উপকরণ: ইলিশ মাছ এক কেজি ওজনের (মাথা ও লেজ বাদ দিয়ে ছয় টুকরা করে কাটা), সরষের তেল আধা কাপ, পেঁয়াজ (স্লাইস করা) দুটি, ধনেগুঁড়া এক টেবিল চামচ, শুকনো মরিচগুঁড়া আধা টেবিল চামচ, সরষে বাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, টকদই এক কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি: মাছ ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। সরষের তেলে পেঁয়াজ ভেজে নিন। লবণ, শুকনা মরিচগুঁড়া ও ধনেগুঁড়া দিয়ে দিন। তেল ভেসে ওঠা পর্যন্ত নাড়তে হবে। এরপর মাছ আর সরষে বাটা দিন। কিছুক্ষণ পর কাঁচা মরিচ ও টকদই দিয়ে ৮-১০ মিনিট পর নামিয়ে ফেলুন।

স্মোকড ইলিশ
উপকরণ: বড় ইলিশ মাছ ১টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ প্রয়োজনমতো, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, সয়াবিন তেল এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ, ভিনেগার ২ টেবিল চামচ, সয়াসস ১ চা-চামচ, ফিশ সস আধা চা-চামচ, সাজানোর জন্য—লেবু ১টি, ধনেপাতা ১ আঁটি ও কয়েকটি রঙিন ক্যাপসিকাম।
প্রণালি: মাছ ধুয়ে কাঁটা ছাড়িয়ে নিন। দুটো আলাদা আলাদা ফিলে তৈরি করুন। ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে প্রি-হিট করুন। হলুদ গুঁড়া, লবণ, শুকনা মরিচ গুঁড়া, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কালো গোলমরিচ গুঁড়া, সয়াসস ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ফিলে দুটিতে ভালোভাবে মাখিয়ে নিন। তেল মাখানো বেকিং ট্রেতে ফিলে দুটি এমনভাবে রাখুন, যেন মাছের চামড়ার অংশ নিচের দিকে থাকে। ১৫০-১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করুন। ১৫ মিনিট পর ফিলে দুটি উল্টে দিন। এতে দুপাশই ভালোভাবে বেক করা হবে। কাঁটা চামচের সাহায্যে মাছের ছোট কাঁটাগুলো বেছে ফেলুন। রঙিন ক্যাপসিকাম, তাজা ধনেপাতা আর লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ পুরু টোস্ট করা পাউরুটিসহ পরিবেশন করতে পারেন স্মোকড ইলিশ।