একটু আসি বলে আর ফিরল না হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় চাকমা
হৃদয় চাকমা

২১ অক্টোবর সকালে ভাত খেয়ে হৃদয় মাকে বলেছিল, ‘একটু ঘুরে আসি।’ কিন্তু সেটাই যে শেষ যাওয়া হবে, তা কে জানত। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর উপজেলার বোয়ালখালী বেইলি সেতুর সামনে ট্রাকের ধাক্কায় না–ফেরার দেশে চলে গেছে হৃদয়। মা নয়নতারা চাকমা তাঁর একমাত্র ছেলে হৃদয়কে হারিয়ে পাগলপ্রায়। খাগড়াছড়ির দীঘিনালার ভৈরফা মুখ এলাকায় হৃদয়ের বাড়িতে চলছে এখন মাতম।
২২ অক্টোবর হৃদয় চাকমার (১৩) বাড়িতে গিয়ে দেখা যায়, শোকার্ত সহপাঠী ও আত্মীয়স্বজনের ভিড়। ঘরের এক পাশে বুক চাপড়ে কাঁদছিলেন হৃদয়ের মা। ছেলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে আর ফিরল না, এটা মানতে পারছেন না তিনি। চার ভাইবোনের মধ্যে হৃদয় সবার বড়। তিন বোনের একমাত্র ভাই সে। বাবা সুর কান্তি চাকমা দিনমজুরি করে সংসার চালান। দীঘিনালার অনাথ আশ্রম বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র হৃদয়ের এ বছর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাবার স্বপ্ন ছিল, লেখাপড়া শিখে ছেলে একটা সম্মানজনক চাকরি করবে। অভাব ঘুচবে সংসারের। কিন্তু ট্রাকের এক ধাক্কায় সব নিভে গেল।
হৃদয়ের চাচা নমু চাকমা বলেন, ‘বালুবোঝাই ট্রলিটি ভাইয়ের পরিবারের সব তছনছ করে দিল। দিনমজুরি করেও আমার ভাই সব সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। হৃদয় ও তার বোন জসি চাকমার এবার একসঙ্গে জেএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল।’
ছোট বোন জসি চাকমা আহাজারি করতে করতে বলে, ‘আমরা দুই ভাইবোন গত বৃহস্পতিবার একসঙ্গে বিদ্যালয়ে গিয়েছিলাম। আমরা বন্ধুর মতো ছিলাম। একসঙ্গে এবার জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এখন ভাইকে ছাড়া কীভাবে স্কুলে যাব? স্কুলে যাওয়ার পথে প্রতিবারই ওর কথা মনে পড়বে।’
হৃদয়ের সহপাঠী সুমন চাকমা বলে, ‘গত শুক্রবার সকালে তার সঙ্গে হৃদয়ের শেষবার কথা হয়। পড়া নিয়ে কথা বলছিল সে। তখন কি জানতাম আর কখনো কথা হবে না?’
হৃদয়ের সহপাঠী জিনেল চাকমা, পূর্ণ সেন চাকমা, ধন রতন চাকমা এই ঘটনার সঙ্গে জড়িত চালকের শাস্তি দাবি করে। তারা বলে, অদক্ষ চালকের হাতে সড়কে আর কত প্রাণ গেলে সরকার ব্যবস্থা নেবে? আমরা আমদের বন্ধু হত্যার বিচার চাই।
হৃদয় চাকমার বাবা সুর কান্তি চাকমা বলেন, ‘আমি দিনমজুরি করে সংসার চালাই। শত কষ্টের মাঝেও এক ছেলে ও তিন মেয়েকে পড়াশোনা করাচ্ছি। স্বপ্ন ছিল একমাত্র ছেলেটি পড়াশোনা শেষ করে একদিন পরিবারের হাল ধরবে। কিন্তু আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে বালুবোঝাই ট্রাক।’
অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘হৃদয় চাকমা ও জসি চাকমা দুই ভাইবোন এবার জেএসসি পরীক্ষার্থী ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়েছিলাম। তখন সব শেষ হয়ে গেছে। এভাবে কোনো শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। হৃদয়ের পরিবারকে বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা।’
এদিকে, শ্যালো ইঞ্জিনচালিত ওই ট্রাকটি দুর্ঘটনার পর আটক করা হয়েছে বলে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন। তবে গাড়িটির চালক এর পরপরই পালিয়ে যান। এ নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। হৃদয়ের লাশ অতিরিক্ত জেলা নির্বাহী হাকিমের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই দাহ করা হয়েছে।
হৃদয়ের মা নয়নতারা চাকমার স্বাস্থ্য নিয়ে এখন চিন্তিত পরিবারের সদস্যরা। সন্তান হারিয়ে সারাক্ষণই বিলাপ করছেন তিনি। কাঁদতে কাঁদতে বারবার বলছিলেন, ‘আমি এখন কী নিয়ে বাঁচব?’