চাকরিজীবনের শেষের দিকে গ্রামের বাড়িতে পাওয়া গেল ছোট্ট এক টুকরা জমি। বাবার বাড়ি তো আছেই, তার পরও মন চাইল নিজের একটা ঘর। কাঁচাই হবে নাহয়, দুটো ঘর আর একটা রান্নাঘর। বাড়ির পাশে এক টুকরা উঠানে থাকবে পেঁপেগাছ, লাউমাচা। এর জন্য স্বামীর কাছে হাত পাততে মন চাইল না। নিজের বাড়ি হবে নিজের টাকাতেই। সে সময় কাজে এল বহুদিন ধরে একটু একটু করে জমিয়ে রাখা টাকাটা। ৫০০ টাকার সেই সঞ্চয় এত দিনে হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। মাত্র ৫০০ টাকা, এ টাকা আবার জমানোর কী হলো। স্বামী-সন্তানেরা মজা করতেন এ নিয়ে। তবে ফেরদৌসী বেগমের (ছদ্মনাম) জীবনে এ টাকাটাই এত বড় কাজে লেগে গেল। নিজের মাথার ওপর ছাদের জন্য হাত পাততে হয়নি কারও কাছে। এখন সবাইকে নিয়ে বেড়াতে যান সেই বাড়িতে। আয়-ব্যয়ের হিসাব মেলানোই মুশকিল, এর মধ্যে আবার সঞ্চয়! এমন মনে করেন অনেকেই। তবে মাসে মাত্র ৫০০ টাকার একটা সঞ্চয়ী হিসাব খুলেও কিন্তু শুরু করতে পারেন আপনি। খরচের হিসাব থেকে এক মাসে ৫০০ টাকা বাঁচানো নিশ্চয়ই তেমন কঠিন নয়।আবার ৫০০ টাকা করে জমালে বছর শেষে জমবে মাত্র ছয় হাজার টাকা। সে দিয়ে আর কী হবে—এমনও ভাবেন কেউ কেউ। কিন্তু এক বছরেই এই টাকাটা আপনি তুলে নেবেন, সে ভাবনা নাহয় বাদই দিলেন। আরও একটু দীর্ঘ সময়ের চিন্তা করুন না। ঢাকা ব্যাংকের বিক্রয় নির্বাহী মো. ইমরানুর রহমান জানালেন, তাঁদের ব্যাংকে ৫০০ টাকার সঞ্চয়ী হিসাব বা ডিপিএস থেকে ১০ বছরে আপনি পাবেন এক লাখ ১৫ হাজার টাকা। অর্থাৎ ৬০ হাজার টাকা জমাচ্ছেন আপনি আর বাকি টাকা ব্যাংক দিচ্ছে। প্রায় সব ব্যাংকেরই এ রকম নানা সুবিধা থাকে। আপনার আয়ের সঙ্গে মানানসই যেকোনো একটি ব্যবস্থা বেছে নিন। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেটার সংযোগ করে দিতে পারেন সঞ্চয়ী হিসাবের সঙ্গে। তাহলে প্রতি মাসে টাকা জমা দেওয়ার জন্য যেতে হবে না আপনাকে। অ্যাকাউন্ট থেকেই টাকা জমা হতে থাকবে। ডিপিএস ছাড়াও সঞ্চয়ের আরও নানা উপায় আছে, তবে এটাই সবচেয়ে সহজ বলে মনে করেন ইমরানুর রহমান। সন্তানের জন্যও টাকা জমানোর ব্যবস্থা আছে। শিশুর জন্মের পরই তার জন্য একটা হিসাব খুলে দিতে পারেন। সে প্রাপ্তবয়স্ক হলে কিন্তু একবারে বেশ কিছু টাকা পেয়ে যাচ্ছে। বলেন তিনি। উচ্চশিক্ষা বা বিয়ের সময় এই টাকাটা তার কাজে লাগতে পারে। যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি টিউশনি বা চাকরি করছেন, তাঁরাও সঞ্চয়ী হিসাব খুলতে পারেন। পড়া শেষ হওয়ার পর কেউ হয়তো বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান। সে সময় নানা পরীক্ষা, আবেদনের খরচ লাগে। একবারে এটা জোগাড় করা হয়তো কঠিন হয়ে পড়ে। যদি দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকেই এ বাবদ টাকা জমাতে থাকেন, তাহলে কিন্তু তেমন সমস্যা মনে হবে না আর।