একটু থামুন, তাঁকে সহযোগিতা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মজ​ীবী হবু মায়েরাও কাজ করতে পারেন। তবে চাই সবার সহ​েযাগিতা। মডেল হয়েছেন সরকারি কর্মকর্তা জেসমিন নাহার l ছবি: খালেদ সরকার
কর্মজ​ীবী হবু মায়েরাও কাজ করতে পারেন। তবে চাই সবার সহ​েযাগিতা। মডেল হয়েছেন সরকারি কর্মকর্তা জেসমিন নাহার l ছবি: খালেদ সরকার

ফুটপাত দখল হয়ে গেছে। রাজপথ খানাখন্দে ভরা। খোঁড়াখুঁড়ির পর ওগুলো আর কখনোই ঠিক করা হয় না। অফিস টাইমে বাদুড়ঝোলা হয়েও বাসে জায়গা মেলে না। সিএনজি অটোরিকশা কোথাও যেতে রাজি নয়। আর রিকশায় প্রবল ঝাঁকুনি। যাঁরা সকাল-বিকেল কাজে বেরোন তাঁরাই জানেন এই শহরে চলাচল করাটা কত দুঃসহ। সেই জায়গায় আপনি যদি হন একজন গর্ভবতী নারী, তবে?
দেশ-বিদেশের সব কটি পরিসংখ্যান, সবগুলো গবেষণা বাহবা দিচ্ছে এই বলে যে বাংলাদেশে নারীশিক্ষার হার ও ক্ষমতায়ন দুটোই বাড়ছে। বাড়ছে প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ব্যাপক অংশগ্রহণ, বাড়ছে জিডিপি, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি; কিন্তু কেউ কি খবর নেয় এই শহরে একজন কর্মজীবী নারী তাঁর জীবনের সবচেয়ে নাজুক সময়টিতে কীভাবে কর্মক্ষেত্রে যান, কতটা ঝুঁকি নিয়ে পথ চলেন, পথেঘাটে কত সমস্যার সম্মুখীন হন?
কেউ কি জানে পথচলার বিড়ম্বনায় কখনো দেরি হয়ে গেলে বা ছুটি নিতে হলে তাঁকে কত গঞ্জনা সইতে হয়, শুনতে হয় নানা কটূক্তি। আমরা সরকারের কাছ থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির অধিকার পেয়েছি (যদিও বেসরকারি সব প্রতিষ্ঠান এই নিয়ম মানে না), এত দিনে আমাদের ছোট-বড় কর্মক্ষেত্রে সহকর্মীরা বেশ সহযোগিতাপূর্ণ ও সহৃদয় হয়ে উঠেছেন, কিন্তু বাইরে বেরোতে গেলে এখনো যে বুক কাঁপে? আকাশচুম্বী দালানকোঠা, মনহরণকারী ফ্লাইওভার, ঝলমলে শপিং সেন্টার ভরা এই শহরে, ‘মেট্রোরেল আসছে’...বা আরও আধুনিক সুযোগ-সুবিধার স্বপ্ন দেখানো এই শহরে একজন অন্তঃসত্ত্বা মা যখন অফিস যাওয়ার আশায় পথের ধারে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন—তখন তাঁর স্বপ্নভঙ্গের খোঁজ কেউ কি রাখে?
ধাক্কাধাক্কি করে বাসে উঠতে পারতেন না, সিএনজি চড়া দাম হেঁকে বসত। আর রিকশার পথ বন্ধ। রাজধানীর মিরপুর থেকে সেগুনবাগিচা যেতে এ কারণে প্রায়ই বিড়ম্বনায় পড়তেন রোকেয়া (ছদ্মনাম), মাঝেমধ্যে অনাবশ্যক দেরি হয়ে যেত। বস বিরক্ত হয়ে বলতেন, ‘তার চেয়ে আপনি ছুটি নিয়ে নেন না কেন!’ তিনি মুখ নিচু করে রাখতেন। দোষটা যে তাঁরই। মা হওয়া আর চাকরি করা একসঙ্গে তাল মেলাতে চাওয়াই যেন দোষ। কিন্তু বেশির ভাগ কর্মজীবী মা-ই তাঁদের ছুটিটা কষ্ট করে জমিয়ে রাখেন অনাগত শিশুর জন্য, যদি পরে লাগে এ জন্য। তাই কষ্ট হলেও চালিয়ে গেছেন। শেষের দিকে উচ্চ রক্তচাপজনিত জটিলতায় তাঁকে অনেক ভুগতে হয়। অকাল জন্ম হয় শিশুর, ইনকিউবেটরে রাখতে হয় দীর্ঘদিন। অনেক খরচ হয়ে যায়। যদিও পথযন্ত্রণার সঙ্গে এর সরাসরি কোনো যোগাযোগ ছিল না, তারপরও শ্বশুরবাড়িতে শুনতে হয়, ‘এই সময়ে মরে কেটে অফিস করারই বা কী দরকার ছিল? চাকরিটাই বড় হলো?’ এবারও মুখ নিচু রোকেয়ার। দোষটা তো তাঁরই। সবকিছুর জন্য তিনিই দায়ী।
একেবারে বিশেষ প্রয়োজন, যেমন-গর্ভপাতের ঝুঁকি বা প্লাসেন্টার সমস্যা, রক্তক্ষরণ ইত্যাদি জটিলতা ছাড়া গর্ভকালীন বাইরে বের হওয়া যাবে না বা সারাক্ষণ বাড়িতে শুয়ে-বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। বলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুনা সালিমা জাহান। একজন গর্ভবতী নারী স্বাভাবিক সব কাজ ও সব ধরনের যাত্রাই করতে পারবেন। এটা তাঁর জন্য কোনো বাড়তি ঝুঁকি বয়ে আনে না। কিন্তু বাইরের পরিবেশটা, যাত্রাপথটা কণ্টকাকীর্ণ হওয়ার দায় তো আর তার নয়। এটা ঠিক করার দায়িত্ব যাদের, তাদেরই এ বিষয়ে সচেতন হতে হবে।
পেটে চাপ পড়ে বা ধাক্কা লাগে, এমন ভিড় থেকে দূরে থাকাই ভালো। যত বড় যানবাহন তত ঝুঁকি কম। যেমন বাস, কিন্তু বাসে ওঠা তো সহজ নয়। রিকশা বা অটোরিকশা যাই নিন না কেন আগেই চালককে সাবধান করে দিন। খানাখন্দ পথে দরকার হয় নেমে গিয়ে পার হয়ে আবার উঠুন। আর শেষদিকে, অর্থাৎ ৩৩ বা ৩৪ সপ্তাহের পর দূরের যাত্রা, যেমন শহরের বাইরে যেতে হলে পায়ে যেন রক্ত জমে না যায় সেদিকে সতর্ক থাকবেন। পা নাড়াচাড়া করবেন বা বারবার স্টপেজে নেমে হাঁটবেন।
গর্ভাবস্থার শেষ সময়ে পৌঁছেছেন সরকারি কর্মকর্তা জেসমিন নাহার। ব্যক্তিগত যান থাকায় অফিস দূরে হলেও এই পুরোটা সময় আসা-যাওয়াতে তেমন সমস্যা হয়নি বলে জানান তিনি। তবে সবার তো আর ব্যক্তিগত যানবাহন নেই। এ ক্ষেত্রে নাগরিকদের আরও অনেক বেশি সহমর্মী ও সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি। বাসের জন্য লাইনে দাঁড়ানো অন্তঃসত্ত্বা নারীকে একটু সুবিধা করে দেওয়া, হুড়োহুড়ি ধাক্কাধাক্কি না করে তাঁকে ধীরেসুস্থে উঠতে সাহায্য করা, সিট না থাকলে সিট ছেড়ে দেওয়া এসব তো নাগরিকদের সভ্যতা-ভদ্রতার মধ্যেই পড়ে। অনেক সময় লিফটে বা কোনো জায়গায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে না রেখে গর্ভবতী নারীকে আগে যেতে দিন। হাত থেকে কোনো কিছু পড়ে গেছে সেটিও অনেক সময় অন্যরা তুলে দেন না। রিকশা খুঁজে পাচ্ছেন না হয়তো তিনি। নির্বিকারভাবে আপনি দেখছেন, তখনো পারেন একটা রিকশা ডেকে দিয়ে তাঁকে সহযোগিতা করতে। সারা পৃথিবীতে শিশু-বয়স্ক ও গর্ভবতী নারীরা পথেঘাটে বাড়তি মনোযোগ ও সহযোগিতা পান—আমাদের দেশেই বা পাবেন না কেন?
ঢাকা শহর প্রতিদিন বাড়ছে। উন্নয়নের দৃষ্টান্ত সারা বছর দৃশ্যমান। একই সঙ্গে বিস্তৃত হচ্ছে দেশের অন্যান্য শহরগুলোও। বছরজুড়ে চলছে নগর উন্নয়নের কাজ। সরকার ও সিটি করপোরেশনও নাগরিকদের নানা স্বপ্ন আর আশ্বাস দিয়ে চলেছে। এখন না হোক, আর কয়েক বছর পর সব শহরে গর্ভবতী নারীরা হাসিমুখে নিরাপদে যথাসময়ে কর্মক্ষেত্রে যেতে পারবেন—এই আশা তো আমরা করতেই পারি।