
অফিস শেষে বাসায় ফিরে ইচ্ছা করে চায়ের কাপে চুমুক দিতে। সারা দিনের ক্লান্তি দূর করতে এর তুলনা নেই। সঙ্গীকে পাশে নিয়ে একটু আয়েশ করে সন্ধ্যার চা পানে অন্য রকম আনন্দ। ফলে দুজনে যেখানে বসবেন সেই জায়গাটিও তো সে রকম হতে হবে। সেখানে অনেক আসবাবের বাহুল্য না থেকে আরামদায়ক দুটি চেয়ার বা সোফা রাখা যেতে পারে। সামনে থাকবে ছোট টি টেবিল।
এ তো গেল চা পানের সময়। নিজেদের তো সময় দিতে হয়। ধরা যাক, দুজনের জন্য বরাদ্দ জায়গাটার একটা নতুন নাম দিতে পারেন। এতে জীবনে বৈচিত্র্য আসবে। দুজনের জন্য দুটি চেয়ার রাখতে হবে, বিষয়টি এমনও নয়। চারজনের জন্য সোফা বা চেয়ার রাখতে পারেন। এটি নির্ভর করবে কতটুকু বাড়তি জায়গা আছে বাড়িতে। বাসা তুলনামূলক বড় হলে বা টেরাস থাকলে সেখানে চারজনের বসার উপযোগী ব্যবস্থা করতে পারেন। সামনে গোলাকৃতি, ওভাল আকারের টেবিল রাখলে ভালো দেখাবে। এসব ক্ষেত্রে ব্যবহারের জন্য কাঠ, বেত বা রড আয়রনের আসবাবের চল বেশি।

ভিত্তি স্থাপত্যবৃন্দ লিমিটেডের স্থপতি শওকত রাব্বি বলেন, ‘বাসার সবচেয়ে খোলা জায়গায় এ বসার আয়োজন করতে হবে। এমন একটি কোনা বেছে নিতে পারেন, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো-বাতাস আসে। আর উঁচু ভবন হলে যেখান থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখা যায় তেমন জায়গা বেছে নিতে হবে। এর চারপাশে সবুজের ছোঁয়া রাখতে পারেন। ঝোলানো টবে ফুল বা মানিপ্ল্যান্ট রাখলে হালকা সুগন্ধে মন ভরে যাবে।’
দিনের একেক বেলায় মানুষের মন মেজাজ একেক রকম থাকে। পছন্দের গানের সিডিসহ কোনো মিউজিক সিস্টেম রাখতে পারেন। আয়েশ করে বসে গান শুনলে মন্দ কী। গুরুত্ব দিতে হবে আলোকসজ্জার ওপরও। ল্যাম্পশেডের আলো পছন্দ করলে পাশে রাখতে পারেন দুই থেকে তিনটি ল্যাম্পশেড। আবার চড়া আলো পছন্দ হলে সাধারণ বাতিই রাখা যেতে পারে।
এই বসার জায়গার চেয়ারগুলো নির্ভর করে ব্যক্তি ও বয়সের ওপর। যাঁরা একটু বৃদ্ধ, তাঁরা ইজিচেয়ারেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে আরামের সঙ্গে কোনো ছাড় দেবেন না।