একটু ভেবে উপহার কিনি
জন্মদিনে পাওয়া উপহারগুলো দেখছে দুই ভাইবোন মনন ও মহিমা। কার দেওয়া উপহার সবচেয়ে ভালো? সবচেয়ে বেশি পয়েন্ট পেল পোষা খরগোশ। আর জামাকাপড়, খেলনা দেখে ঠোঁট ওল্টাল দুজন। ওসব তো আমাদের আছেই!ছোট্ট শিশুর জন্মদিনের নিমন্ত্রণে যাবেন। ব্যস্ততায় হয়ে ওঠেনি উপহার কেনা। যাওয়ার পথে হয়তো কিনে ফেললেন কেক, পোশাক কিংবা আকর্ষণীয় কোনো খেলনা। কিন্তু কখনো কি ভেবেছেন, এই উপহার শিশুর উপযোগী কি না? এটি কি ওর মানসিক বিকাশে সহায়তা করবে? এসব না ভেবেই অনেক সময় আমরা শিশুকে উপহার দিই। কেক, পোশাক, টিফিন বক্স, পানির বোতল প্রচলিত উপহারের মধ্যে পড়ে। এগুলো দিলে শিশুর বিকাশ ব্যাহত হবে বিষয়টি তা নয়। তবে তার মনোজগৎ বিকাশে তা কোনো প্রভাব ফেলবে না। আর এসব মৌলিক প্রয়োজন তার অভিভাবকেরাও হয়তো পূরণ করতে পারবেন। আপনি না হয় এমন কিছু দিন, যা তাকে অন্যভাবে ভাবতে শেখাবে। এমন মনে করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও সামাজিক সম্পর্ক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোরশেদা বেগম। শিশুর উপহার কেমন হতে পারে, তা বলেছেন তিনি। উপহার কেনার আগে খেয়াল রাখবেন, শিশুকে তার বয়স উপযোগী উপহার দিতে হবে। এই যেমন, তিন বছরের শিশুকে এনসাইক্লোপিডিয়া দিলে সে হয়তো তা বুঝবে না। এ সময় তাকে বিভিন্ন অক্ষরের ব্লক, বর্ণমালা দিয়ে ছবি আঁঁকা, ছবির বই কিংবা কার্টুনের ডিভিডি দিতে পারেন। সব শিশুই ছড়া পড়তে পছন্দ করে। সুন্দর ছবিসহ ছড়ার বই দুই থেকে সাত বছরের শিশুর জন্য প্রযোজ্য। নয় থেকে ১০ বছরের শিশুরা বৈজ্ঞানিক কল্পকাহিনি, প্রাণিজগৎ নিয়ে এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ধরনের অ্যানিমেশন চলচ্চিত্র—এসব পছন্দ করে। এ ছাড়া বাড়ন্ত বয়সের যেকোনো শিশুর বাড়িতে মানচিত্র, অ্যাটলাস, গ্লোব ইত্যাদি থাকা উচিত। এগুলো শিশুর জ্ঞানের ভান্ডারকে অনেক সমৃদ্ধ করে। নতুনকে আবিষ্কারের স্পৃহা তৈরি করে মনে। এ ছাড়া বাড়ি থেকে পালিয়ে, হ্যারি পটার, দীপু নাম্বার টু, চিলড্রেন অব হেভেন-এর মতো বিভিন্ন ধরনের শিশু চলচ্চিত্র দেওয়া যেতে পারে। ওর তো বিনোদনেরও প্রয়োজন আছে। এমন কিছু ওর সামনে তুলে ধরুন, যাতে জীবনের নেতিবাচক দিকগুলো না থাকে। অনেক সময় আমরা শিশুর জন্য খেলনা বন্দুক, পিস্তল, চাকু, তলোয়ার এসব দিই। শিশুরা অনুকরণপ্রিয়। দেখা গেল, টিভিতে কোনো অনুষ্ঠানে এসব যন্ত্রের ব্যবহার সে দেখল। তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়ে। ছোটবেলা থেকেই ওর বুদ্ধির বিকাশে রুবিকস কিউব, বিভিন্ন ধরনের পাজল মেলানোর খেলনা দিতে পারেন। এতে তার আনন্দের সঙ্গে সঙ্গে বুদ্ধিভিত্তিক বিকাশও হবে। শিশুর চিন্তাশক্তি প্রসারিত হবে। আর উপহার হিসেবে বইয়ের তো কোনো তুলনাই হয় না। শিশুতোষ বই ছাড়া ওদের উপযোগী করে লেখা বিখ্যাত ব্যক্তিদের জীবনী কিনে দিতে পারেন। এতে ওরা তাঁদের সফল কর্মময় জীবন সম্পর্কে জানবে। এই শিশুরা তাঁদের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে চলবে। রং তুলি, রং পেনসিল ও ক্যানভাস পেলে তো ওদের খুশি ধরেই না। মনের মাধুরী মিশিয়ে সাদা ক্যানভাস নিমিষেই ভরে তোলে। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি ক্যানভাস, ইজেলও উপহার হিসেবে দিতে পারেন। তবে ওর যদি বিশেষ কোনো জিনিস পছন্দের থাকে, সেটি দিলেও সে খুশি থাকে।ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষক আবু নোমান সিরাজুল হক বলেন, উপহার পেলেই শিশুরা খুশি হয়। তবে কোন উপহারে ওদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা প্রকাশ পাবে, তা ভেবে দেখতে হবে। হুট করে যেকোনো জিনিস শিশুকে দেওয়া উচিত নয়। যেসব শিশু খেলাধুলা পছন্দ করে তাকে ফুটবল, ক্রিকেট ব্যাট, টেনিস বল, ভলিবল, ভূগোল লুডু, ব্যাডমিন্টন ব্যাট, সহজেই উপহার হিসেবে দেওয়া যেতে পারে। আবার যারা একটু কৌতূহলপ্রিয় তাদের বাইনোকুলার, ছোট ক্যালকুলেটর, কম্পাস দিতে পারেন। এ ছাড়া অনেক শিশু নিজে কাগজ কেটে নানা ধরনের জিনিস, কার্ড ইত্যাদি বানায়। তাদের নানা ধরনের কাগজ, আঠার সেট দিলে খুশি হবে। এ ছাড়া প্লাস্টিসিন ক্লে দেওয়া যেতে পারে। এটি হলো একধরনের নমনীয় মাটির টুকরো, যা দিয়ে শিশুরা ইচ্ছেমতো নানা আকার দিতে পারবে। খেলা শেষে তা আবার আগের রূপে ফিরিয়ে আনা যায়। এতে তাদের সৃজনশীলতা বাড়বে। কোনো কোনো শিশুর আবার বিশেষ কোনো কিছুতে অ্যালার্জি থাকে। সেটি আগে জেনে নিতে ভুলবেন না। শিশুর জন্য ক্ষতিকর নয় উপহার হিসেবে এমন জিনিস আগেই ভেবে রাখুন। আর উপহারের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষা তো থাকবেই।