একটু সময় নিজের জন্য
নতুন বছর, অনেক পরিকল্পনা। কী কী করবেন, এ বছর কতটুকু সাফল্য চান বা কোথায় ঘুরতে যাবেন। নিজের সৌন্দর্য, সুস্থতা আর মনের শান্তির জন্য ভেবেছেন কি? রেড বিউটি স্যালনের প্রধান রূপবিশেষজ্ঞ আফরোজা বলেন, ‘নাগরিক জীবনের যান্ত্রিকতায় পিষ্ট আমাদের কত কাজ, কত দায়িত্ব। এসবের ভিড়ে আমরা ভুলে যাই নিজেকে ভালোবাসতে। একসময় হঠাৎ আয়নায় নিজেকে দেখে চমকে উঠি, আমি তো এমন ছিলাম না। মনের ওপর জমতে থাকা চাপে বয়স বাড়ে। একসময় গুমরে ওঠে হতাশা আর কোনো দিনই পারব না।’তবে এই চিন্তাই কিন্তু আপনাকে শুভ সংকেত দিচ্ছে যে আপনি নিজেকে নিয়ে ভাবছেন। তাই পুরোনো বছরের সঙ্গে ঝেড়ে ফেলুন আগের সব না-পারা। এ বছর নিজেকে ভালোবেসে নিজের কাছেই কিছু প্রতিজ্ঞা করুন। সেজন্য এই রূপবিশেষজ্ঞের পরামর্শ হলো, আয়নার সামনে দাঁড়ান, নিজের খুঁতগুলো দেখুন। চুল রুক্ষ? তাহলে প্রতিজ্ঞা করুন সপ্তাহে অন্তত তিন দিন চুলে ভালোমতো তেল দেবেন, শ্যাম্পুর পর কন্ডিশনিং করবেন, মাসে অন্তত একবার রূপবিশেষজ্ঞের সহায়তা নেবেন।ত্বকে দাগ কিংবা ভাঁজ পড়ে যাচ্ছে? প্রথমে ত্বকের ধরন চিহ্নিত করুন। ফেসওয়াস বা সাবান সরিয়ে রেখে ত্বকের ধরন অনুযায়ী প্রতিদিন একটি ভেষজ প্যাক ব্যবহার করুন। যাঁদের ব্রণ আছে, তাঁরা প্রতিদিন মনে মনে বলুন, এই নিয়ে আপনি আর দুশ্চিন্তা করবেন না। কারণ, আপনার ইচ্ছায় তো আর ব্রণ হয়নি। চিকিৎসক দেখান, ধুলোবালি এড়িয়ে চলুন, হাসুন। শরীরের প্রতিটি অংশ ভালো রাখতে সঠিক ও পরিমিত খাদ্যাভ্যাস আবশ্যিক বলা যায়। নিজের কাছে প্রতিজ্ঞা করুন, এই একটি বছর আপনি প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করবেন, প্রতিদিন অন্তত এক বাটি সবজি ও সালাদ খাবেন। ভাজা-পোড়া, চর্বি আর চিনি এড়িয়ে চলবেন। আর এর সঙ্গে প্রতিজ্ঞা করুন, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটবেন। একবার না পারলে ১০ মিনিট করে তিনবার হাঁটুন। তবু সংকল্প করুন, এ বছর থেকে আপনি যোগব্যায়াম, অ্যারোবিক্স বা ব্যায়াম শুরু করবেন। অথবা ঠিক করুন, আপনি নিজের চেহারাটা একটু পাল্টে ফেলবেন। চুলে একটু কালার করুন বা কালার করাটাই ছেড়ে দিন বা চুলের স্টাইলই বদলে ফেলুন। নিদেন পক্ষে চশমার ফ্রেমটা বদলে ফেলুন। নিজের একটা স্টাইল ঠিক করুন; চেহারায় বা বাচনভঙ্গিতে। এটুকু অন্তত ঠিক করুন, আপনি ফ্যাশন সম্পর্কে অবগত থাকবেন।সবশেষে আফরোজা আরও বলেন, নিজেকে বদলে ফেলার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে ইতিবাচক ভাবনার চর্চা করা। সবকিছু ইতিবাচকভাবে দেখুন। এর ফলে ভেতর থেকে সবকিছুর প্রতি ভালো লাগা তৈরি হবে। নিজের কিছু দুর্বলতা থাকতেই পারে। সেটাকেও ভালোবাসতে হবে। যেকোনোভাবেই হোক নিজেকে হতাশ হতে দেবেন না। নিজেকে ভালো না রাখতে পারলে অন্যকে ভালো রাখা যায় না যে!