একটু হলেও পাশে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনার বাইরে বাড়তি আয় করে প্রিয়জনদের উপহার দেন তরুণেরা। মডেল: তনু ও শাকিল. ছবি: কবির হোসেন
পড়াশোনার বাইরে বাড়তি আয় করে প্রিয়জনদের উপহার দেন তরুণেরা। মডেল: তনু ও শাকিল. ছবি: কবির হোসেন

কয়েক দিন পরই ঈদ। যদিও কোরবানির ঈদে রোজার ঈদের মতো শপিং বা উপহারের চাপ নেই। তবে এবারের ঈদেও প্রতিটি ফ্যাশন হাউস, সুপার শপ, বিপণিবিতানে রয়েছে বাড়তি কাজের চাপ। দিন-রাত এই ব্যস্ততা সামলাতে প্রায় সব জায়গাতেই দরকার হচ্ছে একটু বেশি লোক! নিজেদের এই বাড়তি কাজের চাপ সামলাতে তাদের অনেকেই সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েদের! তাতে এ তরুণ-তরুণীদের যেমন কাজের প্রতি আগ্রহ বাড়ছে তেমন হচ্ছে কিছু উপার্জনও। তাঁরাও সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে তা খরচ করতে পারছেন নিজের মতো করেই।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তমাল রহমান। ঈদের এই মৌসুমে কাজ করছে আড়ংয়ের বিক্রয় বিভাগে। কথায় কথায় বলেন, ‘আমার মধ্যবিত্ত পরিবার। বাবা-মা তাঁদের আয়ে নিজেদের জন্য, আমাদের জন্য অনেক কিছুই কিনেছেন। সোনা-রুপার গয়না, ফার্নিচার বা আমাদের জন্য কিছু। একদিন খেয়াল করলাম আমার মায়ের কোনো হীরার অলংকার নেই। ঈদের সময় বেশি কাজ করে যে টাকাটা পাব, সেটা দিয়ে মাকে হীরার নাকফুল কিনে দেব। খুব দামি কিছু পারছি না বলে খারাপ লাগছে না, বরং সেটাই দিতে চাই যা আমার সাধ্যে আছে।’

শুধু তমাল নন, ঈদ বা অন্যান্য উৎসবের সময় যাঁরা একটু বেশি রোজগার করছেন তাঁরা প্রায় প্রত্যেকেই ভাবছেন পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনের কথা। উপহার ছোট হলেও তাঁদের আপত্তি নেই। তবে পরিবারের জন্য নিতে চান কিছু। শুধু তাঁরাই নন, যেসব তরুণ-তরুণী পড়ালেখার বাইরে কাজ বা টিউশনি করছেন তাঁরাও পাশে থাকছেন মা-বাবার।

নুসরাত জাহান মীম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েন। পাশাপাশি ‘মীম কোচিং সেন্টার’ নামে নিজের একটি কোচিং সেন্টার আছে তাঁর। বললেন, ‘আমি আমার পড়ালেখার একটা বড় ব্যয় নিজে উপার্জন করি। এ ছাড়া মাঝেমধ্যে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া, খাওয়া বা টুকটাক উপহার দিই একেবারে নিজের টাকা থেকে। কয়েক দিন আগে আমার বিয়ে হয়েছে। এবারের ঈদে চেষ্টা করেছি শ্বশুরবাড়ির সবাইকে নিজের উপার্জন থেকেই কিছু উপহার দিতে!’

সারা বছর পরিবার বা বন্ধুদের পাশে থাকা, উৎসবে উপহার দেওয়ার বাইরে অনেকেই দেখা যাচ্ছে উৎসবের জন্য সারা বছরই কিছু না কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন। অনেকের মধ্যেই উপহার হিসেবে গতানুগতিক জামাকাপড় বা টাকার ভাবনা নেই। বরং তাঁরা ভাবছেন এই মুহূর্তে বাড়ির কোন জিনিসটি তাঁরা কিনতে পারেন।

নর্থ এন্ড কফি রোস্টার্সে কাজ করেন জামেনা রুমি। তিনি বলেন, ‘চেষ্টা করি সারা বছরই পরিবারে কিছু না-কিছু সহায়তা করতে। সেটা যাওয়ার পথে ফল বা বাজারই হোক আর মাস শেষে টাকাপয়সা দিয়েই হোক। ঈদের জন্য আলাদা করে কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সেই জমানো টাকা দিয়ে এবার একটা প্রেশার কুকার আর ওয়াটার পিউরিফায়ার কেনার ইচ্ছে আছে! ঈদ সামনে রেখে কিনলেও এর ব্যবহার থাকবে সারা বছর।’

তরুণ প্রজন্ম নিয়ে যখন সহজ অভিযোগ, তাঁরা পাশে থাকতে জানেন না বা পরিবারের প্রয়োজন বোঝেন না তখন অনেকেই একেবারে জানান না দিয়েই পাশে থেকে যাচ্ছেন। শুধু উৎসবকে কেন্দ্র করে না, পরিবারের প্রয়োজনে তরুণ সমাজের পাশে থাকার এই আগ্রহ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েই চলছে।