একটুখানি কাটা বা পোড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটুখানি কাটা বা পোড়ায়
একটুখানি কাটা বা পোড়ায়

রান্নাঘরে ঢুকলেই তো আর রান্না হয়ে যায় না। তার জন্য অনেক জোগাড়-যন্ত্র আছে। তরকারি কুটতে হবে, মাছ কিংবা মাংস কাটার ব্যাপার আছে, চুলা জ্বালাতে হবে। আরও কত কী। হররোজ এই কাজগুলো আমরা করতে দেখি বলে কত না সহজ মনে হয়। এই কাজগুলো করতে একটু অসাবধান হলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে মাছ, মাংস কিংবা তরকারি কাটাকাটির কথাই ধরুন না, এগুলো কাটতে গিয়ে অসাবধানে কেটে যেতে পারে হাতের রক্তনালিও। কিংবা হাতের মাংসে গভীর ক্ষত হতে পারে। আবার চুলা জ্বালাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলাটাও বিচিত্র কিছু নয়। বাড়ির এসব দুর্ঘটনায় কী করতে হবে? জানতে কথা বলেছিলাম হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের ত্বকবিশেষজ্ঞ অধ্যাপক আফজালুল করিমের সঙ্গে। তিনি বললেন, ‘একটু অসাবধানতায় রান্নাঘরে হাত-পা কেটে যেতে পারে কিংবা পুড়েও যেতে পারে। প্রথমেই সচেতন হতে হবে এবং প্রাথমিক চিকিৎসাগুলো জেনে নিতে হবে। সবার প্রাথমিক চিকিৎসাগুলো জানা থাকলে ক্ষতির আশঙ্কা কমে যায় বহুগুণ।’
কেটে গেলে
সত্যি বলতে অল্প কেটে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি কাটা স্থান থেকে অল্প অল্প করে রক্ত বের হয়, অন্য হাত দিয়ে ক্ষতস্থানের ওপরে খানিকটা সময় চেপে ধরে রাখুন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এ ছাড়া যা যা করতে হবে, তা হলো:
 কাটা স্থান পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে করে নিন।
 ক্ষত যদি হাতে হয়, হাতটি উঁচু করে রাখুন, তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হবে।
 জীবাণুনাশক কোনো তরল দিয়ে কাটা স্থান ধুয়ে দিন।

 ক্ষতস্থানের সংক্রমণ রোধে পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থানটি ঢেকে দিন।
 যদি ক্ষতস্থান খুব গভীর হয় এবং একনাগাড়ে রক্ত ঝরতেই থাকে, তবে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে।

পুড়ে গেলে
রান্না করতে কিংবা আগুন জ্বালানোর সময় হাতে আগুনের ছেঁকা লাগলে কিংবা পুড়ে গেলে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় যে কাজগুলো আপনাকে করতে হবে:
 প্রথমেই পোড়া স্থানে প্রচুর পরিমান ঠান্ডা পানি ঢালতে হবে।
 পোড়া স্থানে দ্রুত অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিন।
 সংক্রমণ এড়াতে পরিষ্কার কাপড় কিংবা গজ দিয়ে পোড়া স্থান ঢেকে দিন।
 পুড়ে ফোসকা পড়ে গেলে, ফোসকা গেলে দেওয়া যাবে না।
 অনেকেই পোড়া স্থানে টুথপেস্ট লাগিয়ে থাকেন, সেটি করা যাবে না একেবারেই।
 আর পোড়া যদি বেশি হয়, খুব জ্বলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।