একটুখানি রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস+আলোর পাঠকসংখ্যায় দেওয়ার জন্য গালে হাত দিয়ে বসে রম্যগল্প ভাবছি, এমন সময় বাসায় আপু-দুলাভাইয়ের আগমন। দুলাভাই বিশিষ্ট সিরিয়াস পাবলিক। উনি এসেই আমাকে জিজ্ঞেস করলেন—‘গালে হাত দিয়ে কী ভাবিস? পড়ালেখা নেই?’‘রস+আলোতে দেওয়ার জন্য রম্যগল্প ভাবছি?’‘তুই আবার গল্প লিখতে জানিস নাকি? আমার তো ধারণা তুই ক্লাসে বসে হাই তোলা আর পড়তে বসে ঝিমানো ছাড়া কিছুই জানিস না।’এসব সস্তা অপমান গায়ে মাখলাম না। বললাম, ‘আপনি জানেন আমার লেখা একবার ছাপা হয়েছে?’‘এসব ফালতু ম্যাগাজিনই তোর লেখা ছাপবে। এটা নতুন করে জানার কিছু নাই। এসব ব্যাপারে বেশ রসিক হওয়া লাগে। তুই তো রসিকতার র-ও জানিস না। হুহ্!’‘তা জানব কেন? সব রসবোধ তো আপনার মাথায় দিয়ে দেওয়া হয়েছে, তাই আমার ভাগে কম পড়েছে।’উনি গম্ভীর হয়ে বললেন, ‘আজকাল বেয়াদব হয়ে যাচ্ছিস, পড়াশোনায় মন দে। ওই সব রসালো-ফসালো কোনো কাজের না।’মেজাজটাই খারাপ হয়ে গেল, ওনার মেজাজ খারাপ না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না।দুলাভাই অকারণেই সব সময় একটা ক্যাপ পরে ঘোরেন। তো দুপুরের পর থেকে দেখা গেল কে যেন ওনার ক্যাপের ভেতর চুইংগাম লাগিয়ে দিয়েছে! অনেক টানাটানির পরও খোলা যাচ্ছে না। আমি তাড়াতাড়ি কাঁচি দিয়ে ঘচাং করে একগোছা চুল কেটে নিয়ে মাথা থেকে ক্যাপ আলাদা করলাম। দুলাভাই কিছু বলার আগেই বললাম, ‘একি দুলাভাই, আপনার চেহারায় একটা চোর চোর ভাব চলে এসেছে। তাড়াতাড়ি চুল কাটিয়ে আসুন।’অন্য সময় হলে খবর ছিল। যেহেতু বিকেলে দাওয়াত আছে, তাই উনি হন্তদন্ত হয়ে চুল কাটিয়ে এলেন। অতঃপর গোসল করার জন্য বাথরুমে ঢুকলেন এবং সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লেন চি ৎ কার করতে করতে। আপুকে বললেন, ‘এসব কী?’‘কোন সব?’‘বাথরুমে ঢুকে দেখি লেখা ডানে তাকান, ডানে লেখা বাঁয়ে তাকান। বাঁয়ে আবার লেখা পেছনে তাকান। পেছনে বলে ওপরে তাকাতে। তাকিয়ে দেখি লেখা—“এত তাকাতাকির কী আছে? যা করতে আসছেন তাই করেন।” এসব কোন ধরনের বাঁদরামি? এটা কি পাবলিক টয়লেট?’এরপর আমাকে ডেকে বললেন, ‘তুই ভাবছিস আমি কিছুই বুঝি নাই? কী করিস তুই এসব?’‘রসিকতা করি দুলাভাই। আমার রসবোধ কতটুকু আছে তা পরীক্ষা করি।’‘তুই আমার সঙ্গে রসিকতা করিস?’‘সত্যিই ভুল হয়ে গেছে। যাদের সেন্স অব হিউমার নাই তাদের সঙ্গে রসিকতা করা আসলেই উচিত না।’ এই বলে সটকে পড়লাম। আমাকে আবার রম্যগল্প ভাবতে হবে। চন্দ্রবিন্দু, ঠিকানা পাওয়া যায়নি।