একটুখানি সবুজ খুঁজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধের মতো সাদা কাগজ। আর তার ওপরে কালো কালির আঁচড়ে একটি পূর্ণাঙ্গ গাছ। শিকড় থেকে শিখর সবটুকুই কালো। ঠিক প্রাণহীন মনে হচ্ছে ছবিটি। গাছের মাঝ বরাবর আড়াআড়ি চলে গেছে আরেকটা সবুজ রং। যেখানে মোটা মোটা অক্ষরে লেখা ‘উইদাউট গ্রিন সলিউশনস, দেয়ার উইল বি নো লাইফ এক্সসেপ্ট ডেড আর্থ!’ জলবায়ু পরিবর্তন বিষয়ে এর চেয়ে ভালো উদাহরণ পোস্টারে আর কী হতে পারে! পোস্টারের মাধ্যমে পাহাড় আর সবুজ নিয়ে নানা বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা।বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে ১৮-১৯ ডিসেম্বর রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ৩২ জন শিক্ষার্থীর এই সম্মেলন। অনুষ্ঠানটির সহ-আয়োজক নেপালভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিএমওডি) ও বাংলাদেশের উন্নয়ন সংস্থা গ্রিন হিল। ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম অন গ্রিন সলিউশনস ইন বাংলাদেশ’ নামের এই অনুষ্ঠানের প্রথম দিনে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব, কীভাবে তা কাটিয়ে ওঠা যায় বা কীভাবে তরুণেরা সেখানে নেতৃত্ব দিয়ে সফল হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর চলে দিনভর অলোচনা। সেমিনারে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শেহরিন খান জানান, ‘এমন একটি উদ্যোগ সত্যিই আমাদের অনেক সমৃদ্ধ করছে।’ অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তাজওয়ার আদিব জানান, এখানে এসে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব বিষয় তা সঠিকভাবে চিনতে পারলাম। বিশ্বকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ করতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা এখানে শেখা বিষয়গুলোকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করব।’ তার কথার সঙ্গে ‘হ্যাঁ’সূচক মাথা নাড়লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপান্বিতা চাকমা, মারুফা মিথিলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার আহমেদ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা মাঠ পরিদর্শনে গিয়ে ঘুরে দেখেন কাপ্তাই লেক ও পাহাড়ি জনবসতি।অনুষ্ঠানে জলবায়ুর প্রভাব নিয়ে পাহাড়ি অঞ্চল সম্বন্ধে পোস্টারে নিজেদের ধারণার প্রতিফলন ঘটিয়ে পুরস্কার জিতে নেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির আইনের শিক্ষার্থী ফারুকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের শিক্ষার্থী সারোয়ার জাহান এবং ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী হাসান ইমাম। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সমন্বয়কারী মারুফা ইসহাক বলেন, ‘আমরা চাই একটি নিরাপদ পৃথিবী। যেখানে সবুজই হতে পারে প্রধান সমাধান। সেই লক্ষ্যেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন।’বাংলাদেশের তরুণদের এমন আয়োজন দেখে মুগ্ধ নেপাল থেকে আগত আইসিএমওডির প্রতিনিধি টেক জঙ্গ মাহাত। তিনি বলেন, ‘মাত্র দুই সপ্তাহের মধ্যে এমন সুন্দর একটি আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ। জলবায়ু পরিবর্তনে সবুজই যে একমাত্র সমাধান হতে পারে তার উজ্জ্বল উদাহরণ হতে পারে রাঙামাটি অঞ্চল।’