একতার ৪০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে তাঁর ৪০ বছর পূর্তি উপলক্ষে কথা বলছেন কমলা ভাসিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশে তাঁর ৪০ বছর পূর্তি উপলক্ষে কথা বলছেন কমলা ভাসিন। ছবি: সংগৃহীত

তিনি জেন্ডার প্রশিক্ষক, সংগঠক, লেখক, পরামর্শক, নারীবাদের আন্দোলনকারী। সবচেয়ে বড় পরিচয় তিনি মানুষের বন্ধু। তিনি কমলা ভাসিন। বাংলাদেশের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার ৪০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ঢাকায় আসেন তিনি। ২২ এপ্রিল কমলা ভাসিনের জন্য ঢাকার ছায়ানট ভবন মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে তাঁর প্রশিক্ষণ কেন্দ্র সাংগাত (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব জেন্ডার অ্যাকটিভিস্ট অ্যান্ড ট্রেইনার্স)। কমলা ভাসিন তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ‘৪০ বছর ধরে আমি শুধু উপমহাদেশের মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করতে কাজ করে গেছি। এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল। আমাকে বলা হয়েছিল, নারী হিসেবে আমার কোনো দেশ নেই। কিন্তু আমি মনে করি, একজন নারী হিসেবে গোটা পৃথিবীই আমার দেশ। ভালোবাসা ও বন্ধুত্ব পরিবারে, কর্মক্ষেত্রে সব জায়গায় চর্চা করতে হবে। একতা, একাত্ম সৃষ্টি হয় এর মাধ্যমে।’ অনুষ্ঠানে কমলা ভাসিনের আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। গান, কবিতা আবৃত্তি, নাচ ও খণ্ড নাটিকার আয়োজন করা হয়।
সেদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী খুশি কবীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, অধ্যাপক গীতি আরা নাসরিনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ফৌজিয়া খন্দকার।