একদিকে নদী অন্যদিকে সমুদ্রের ভাঙন
‘শঙ্খের ভাঙনের কারণে ১৯৯১ সালের পর তিনবার ঘর হারিয়েছি, এখন আবারও নদের ভাঙনে ঘর গেছে, কোথায় গিয়ে দাঁড়াব বুঝতে পারছি না।’এভাবেই নিজের দুরবস্থার কথা জানালেন আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের ভাঙনকবলিত ফকিরহাট এলাকার বাসিন্দা আবু জাফর। শঙ্খের ভাঙনে কেবল আবু জাফরই নন, উপজেলার রায়পুরের অন্তত ৩০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। এ ইউনিয়নের পূর্ব দিকে ভাঙছে শঙ্খ আর পশ্চিমে বঙ্গোপসাগর।সরেজমিন গিয়ে দেখা যায়, রায়পুরের পূর্ব গহিরার হাড়িয়াপাড়া, মধ্যম গহিরা, ঘাটকল এলাকায় শঙ্খ নদের ভাঙন তীব্রতর হয়েছে। পশ্চিমে বার আউলিয়া এলাকায় বঙ্গোপসাগরের প্রবল ভাঙনে দিশেহারা গ্রামবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের পানি বাড়লে এলাকায় লোনা পানি প্রবেশ করে। খাবার পানির সংকট দেখা দিয়েছে এলাকায়।পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফকিরহাটের কোস্টগার্ড এলাকায় ১৯ লাখ টাকা ব্যয়ে একটি স্লুইস গেট ও ৯৪ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার বেড়িবাঁধে ব্লক বসানো হয়েছে। এ ছাড়াও বার আউলিয়া ও গহিরা এলাকায় আরও পাঁচ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৯০৬ মিটার বেড়িবাঁধের ব্লক বসানোর কাজ হয়েছে। তবে এর পরও রায়পুরে ভাঙন তীব্রতর হয়েছে। বর্তমানে উপকূলে চার কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।বেড়িবাঁধ ভাঙা থাকায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। প্রতি পূর্ণিমায় পানিতে তলিয়ে যায় উপকূলের ব্যাপক এলাকা। এদিকে ভাঙনের ধকল সইতে না পেরে অনেকে গ্রাম ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। সরেঙ্গা গ্রামের সৈয়দ আহমদ আক্ষেপ করে বলেন, ‘ভাঙনের কবলে পড়ে আমরা ঘরবাড়ি হারাচ্ছি। তবু দেখার কেউ নেই।’ উপকূলীয় রায়পুরের চেয়ারম্যান ছাবের ইবনে মাহবুব প্রথম আলোকে বলেন, ‘রায়পুরের ভাঙন তীব্রতর হয়েছে, বর্ষার কারণে জনসাধারণের দুর্ভোগও বেড়েছে। এলাকার ভাঙনরোধসহ বিভিন্ন উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’তবে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফতাব হোসেন চৌধুরী বলেন, ‘আনোয়ারার উপকূলে চার কিলোমিটার বেড়িবাঁধ নতুন করে করতে হবে।’