সকাল থেকে রাত অবধি আড্ডা-গল্প আর গানে গানে কেটেছে সময়। প্রতিদিনের ক্লাস পরীক্ষার ঝক্কি-ঝামেলা থেকে একদিনের জন্য যেন হারিয়ে যাওয়া। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা মেতে ছিল আনন্দ আয়োজনে। ১৯তম ব্যাচের নবীনবরণ এবং ১১ ও ১২তম ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে গত মঙ্গলবার বসে এ প্রাণের মেলা।দুটি পর্বের আয়োজনে প্রথমে ছিল আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. জাকির হোসাইন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মোহাম্মদ। সভা শেষে বরণ ও বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় পর্বের শুরু হয় হার্ড রিলেশন ব্যান্ড দলের ‘চাইতে পার জোছনা’ গানটির মধ্য দিয়ে। তাঁরা একে একে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর,’ ‘ইচ্ছেঘুড়ি,’ ‘জীবনের কাঁটাতার’সহ আটটি গান পরিবেশন করেন। এরপর মঞ্চ মাতাতে আসেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৈরি ব্যান্ড দল ‘এমএইচআর’। তাঁরা গেয়ে শোনান ‘ও আমায় ভালোবাসেনি’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘হই হই কাণ্ড’ ও ‘মহারাজ’—এ চারটি গান। এমইচআরের পর পাঁচটি ইংরেজি গান গেয়ে মঞ্চ মাতিয়ে যান ‘মাইল থার্টি ফাস্ট ডিম্যারিড’ ব্যান্ড দলটি। সূর্য যখন ডুবি ডুবি করছে, তখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোর বর্ণিলছটা। মিলনায়তনের মঞ্চে আর গ্যালারিতে তখন আনন্দের বন্যা। কারণ, ‘ওয়ারফেইজ’ ব্যান্ড ততক্ষণে মঞ্চে। ‘সব আলো নিভে যাক’ গানটি দিয়ে ওয়ারফেইজ শুরু করেন তাঁদের পরিবেশনা। এরপর একে একে পরিবেশন করেন ‘তুমি কি দেখেছ’ ‘পর্দার আড়ালে’, ‘যত দূরে’, ‘ধূপছায়া গোধূলী বেলা’, ‘জাত গেল জাত গেল বলে, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘হতাশা’, ‘শুধু শুধুই ভাবনা’, ‘মনে পড়ে’, ‘বসে আছি’ গানগুলো। দর্শকদের আনন্দ-উল্লাসে মাতিয়ে অবশেষে ‘মহারাজ’ গানটি পরিবেশনের মাধ্যমে ওয়ারফেইজ বিদায় নেয়। কিন্তু শেষ হয়নি অনুষ্ঠান। সবশেষে পিয়া সরকারের গানের মধ্য দিয়ে শেষ হয় গানের সুরে ভেসে যাওয়ার পালা। এ ধরনের আয়োজন সম্পর্কে প্রথম অর্ধবর্ষের নবীন শিক্ষার্থী জুলিয়েট জন বলেন, ‘আজ সারা দিন অনেক মজা করলাম। আশা করি এভাবে বিশ্ববিদ্যালয়জীবনের বাকি দিনগুলোও ভালোভাবে কাটাব।’