একদিন জলে ভেসে

আহ্, কী শান্তি! মুক্তির আনন্দ!!
দিনের পর দিন ইট-কাঠের খাঁচায় বন্দী থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা একদল তরুণ সেদিন এভাবেই মুক্তির উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। ৯ মার্চ। ক্লাসরুম বা বিভাগের করিডরে নয়, এই দিন খুব সকালে শিক্ষক-শিক্ষার্থীদের দেখা হয়েছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। গন্তব্য চাঁদপুর। উদ্দেশ্য? দিনভর নদীপথে ভ্রমণ!
লঞ্চ ছাড়ার একটু পরই দেখা গেল, আকাশ ও নদীর মিলনস্থল যেখানে, সেখানে অবাক দৃষ্টিতে চোখ রেখে কেউ বসে আছেন জানালার পাশে। কেউ ছাদে। কেউবা আবার এক কোণে জটলা বেঁধে আড্ডায় মত্ত। যাত্রার পুরোটা সময় গানে গানে আনন্দে মাতিয়ে রেখেছেন বন্ধুরা। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না’, ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’...একের পর এক গান গাইছিলেন আকাশ, বৈশাখী, আহসান, আনন্দী, মারজিয়া অনিসহ অনেকে।
বেলা তিনটা নাগাদ লঞ্চ থামল চাঁদপুরে সবুজঘেরা এক চরে। অচেনা জায়গাটাকে আপন করে নিতে শিক্ষার্থীদের দেরি হয়নি একটুও। কেউ কেউ নদীতে ঝাঁপিয়ে পড়লেন, আশপাশটা একটু ঘুরে দেখতে কেউবা পা বাড়ালেন সবুজের দিকে। বাদ রইল না সেলফি তোলা। একক সেলফি, সম্মিলিত ‘উইফি’…ক্লিক…ক্লিক চলতেই থাকে।
মধ্যাহ্নভোজের পর লঞ্চের মুখ ঘুরে গেল ঢাকার পানে। এ সময় ছিল ‘লাকি কুপনের’ ব্যবস্থা। ১০ টাকার বিনিময়ে যদি কপালে স্মার্টফোন জুটে যায়, মন্দ কী! দারুণ উৎসাহে সবাই হামলে পড়েছিলেন কুপন কিনতে। পাশাপাশি চলছিল নাচ আর গান। বেলা গড়াতে লাগল আর বন্ধুদের আনন্দ উৎসবও বাড়তে থাকল। একসময় শিক্ষকেরাও যোগ দিলেন নাচে। তারপর আর থামায় কে! শুধু নাচ আর নাচ। লঞ্চের ছাদে বসে গিটার বাজিয়ে তখন কেউ কেউ নদীর অপরূপ দৃশ্যের সঙ্গে আবহ সংগীত জুড়ে দিচ্ছিলেন। দিন শেষের আলোতে নদীর দিকে চোখ রেখে শিক্ষার্থীরা বোধ হয় ভাবছিলেন, সময় যদি এখানেই থেমে যেত!
ঘড়ির কাঁটা তখন আটটার ঘরে পৌঁছেছে। আবার ফিরতে হবে যান্ত্রিক শহরে। সারা দিনের সফর যেন খুব দ্রুতই ফুরিয়ে গেল। কিন্তু মনের মধ্যে রয়ে গেল রেশ। যেমনটা বলছিলেন জিনাত, ‘বিশ্ববিদ্যালয় জীবন যে এতটা আনন্দের হতে পারে, তা হয়তো এই দিনটি আমার জীবনে না এলে কখনো বুঝতেই পারতাম না।’ তাঁকে সমর্থন জানালেন জাহিদ, ‘সবকিছু এতটাই আনন্দের ছিল যে শেষ কবে এতটা আনন্দ করেছি, ঠিক মনে করতে পারছি না!’