যেখানে সীমান্ত তোমার...। লঞ্চের দ্বিতীয় তলায় যখন চলছে এই গান, তখন সত্যি সত্যি কারও কারও চোখ দিগন্তের সীমানায়। আকাশ-নদী মিলেছে যেখানে, সেখানে চোখ রেখে কেউ বসে আছেন জানালার পাশে, কেউ ছাদে। গল্প-আড্ডায় মেতেছেন কেউ কেউ। ৪৭০ জন শিক্ষার্থীর এই দল চলেছে চাঁদপুর অভিমুখে। উদ্দেশ্য সারা দিন নদীতে কাটানো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সব সেমিস্টারের শিক্ষার্থীরা সেদিন বেরিয়েছিলেন ‘সদরঘাট টু চাঁদপুর’ নৌবিহারে। সঙ্গে ছিলেন বিভাগের শিক্ষকেরাও।যাত্রা শুরু হয় ৩ মার্চ সকাল ১০টায়। যাত্রাপথের পুরোটা সময় গানে গানে আনন্দ বিতরণ করেছেন এলএসডি ব্যান্ড (লাল সবুজের দল)। ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ ইত্যাদি গানের পর গান শুরু করেন ব্যান্ডের নারী ভোকাল অনন্যা। গাইলেন ‘দোলা হে দোলা’। এক গানে সন্তুষ্ট হতে পারলেন না শিক্ষার্থীরা। অনুরোধ আসতে থাকল টু মোর...থ্রি মোর...। শেষমেশ তিন-তিনটি গান গেয়ে নিস্তার পেলেন অনন্যা।ছিল লাকি কুপনের ব্যবস্থা। ১০ টাকার বিনিময়ে ভাগ্যে যদি পাঁচ হাজার টাকা জুটেই যায় তো মন্দ কি! এমন আশায় কুপন কিনলেন প্রায় সবাই। আর শোভন, ভুপেশ ও রিপন তো কুপন ক্রয়ের পরই মেতে উঠলেন জল্পনাকল্পনায়, ‘যদি পাঁচ হাজার টাকা পেয়েই যাই, সোজা চলে যাব ফখরুদ্দিন রেস্টুরেন্টে, বহুদিন হয় ভালো-মন্দ কিছু খাই না রে...।’ বলেই অট্টহাসিতে ফেটে পড়লেন তিন বন্ধু।দুপুর দুইটা নাগাদ লঞ্চ গিয়ে থামে চাঁদপুরের বিস্তীর্ণ এক চরে। দুই চোখের সীমানায় তখন কেবলই সবুজ আর সবুজ। বাঁধনহারা না হয়ে উপায় আছে? তাই পিয়াস, রাসেল, মিহির, আবিদ, অপু, লিপুু, মুক্তা, ফারাহ, তিথি, পলি, রোমানা, রুবেল, নিয়ামুলরা যে যাঁর মতো ছড়িয়ে পড়লেন চরময়। নদীতে ঝাঁপিয়ে পড়লেন কেউ কেউ। কেউ কেউ চর পেরিয়ে হারিয়ে গেলেন গ্রামে। ‘নাম কী এই গ্রামের?’ ‘হাশিমপুর।’ আর থানা? ‘মতলব।’ কথোপকথন হলো এই গ্রামের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রেহানা পারভিনের সঙ্গে। তার কাছ থেকে আরও জানা হলো গ্রামের চারপাশ ঘিরে পেঁচিয়ে থাকা এক জলভরা লেকের কথা, যে লেক আবার নির্মিত হয়েছে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায়। ‘খরা মৌসুমে নদীর পানি যখন অনেক দূরে চলে যায়, তখন এই লেকের জলই বাঁচিয়ে রাখে আমাদের ফসলি জমিগুলোকে।’ বলছিল রেহানা।পুরো গ্রাম ঘুরে দেখার ইচ্ছা ছিল মেহেদী হাসান তালুকদারের। কিন্তু দড়িখোলা ষাঁড়ের মতো দৌড়াতে গিয়ে ছিঁড়ে ফেললেন পায়ের চটি। কী আর করা! চটি জোড়া হাতে নিয়ে বিষণ্ন বদনে ফিরে এলেন লঞ্চে। আর ঠিক তখনই সমবেদনার হাত বাড়িয়ে এগিয়ে এলেন সহপাঠী আশরাফুল, ‘দুঃখ করিস না বন্ধু, গোসল করতে গিয়ে আমিও আমার রোদচশমাটা হারিয়ে ফেলেছি!’মধ্যাহ্নভোজের পর লঞ্চের মুখ ঘুরে গেল ঢাকার পানে। শিক্ষার্থীরা ফের মেতে উঠলেন নাচ-গান-আবৃত্তি-অভিনয়ে। সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সৈকত বিশ্বাস ‘লবণ’ আবৃত্তি করে ব্যাপক প্রশংসা কুড়ালেন। মুহুর্মুহু করতালিতে সিক্ত হলেন হঠাৎ ডাক্তার নাটিকার অভিনয়শিল্পীরাও। বেলা গড়াতে থাকল আর শিক্ষার্থীদের আনন্দযজ্ঞও বাড়তে থাকল সমানতালে। একসময় শিক্ষকেরাও যোগ দিলেন শিক্ষার্থীদের নাচের সঙ্গে। তারপর কেবলই নাচ আর গান। একসময় হঠাৎ ভেঁপু বাজিয়ে থেমে গেল লঞ্চ। জানা গেল, লঞ্চ ভিড়েছে সদরঘাটে। ঘড়িতে তখন রাত আটটা বেজে ২০। এবার নামতে হবে, ফিরতে হবে নিজ নিজ ডেরায়। চেহারায় রাজ্যের ক্লান্তি তবু একেকটা হাসি হাসি মুখ যেন বলছে, ‘বেঁচে থাকা নেহাত মন্দ নয়!’