একদিন ডিএমসির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কালকের ডিএমসি ডের অনুষ্ঠানে সবাইকে স্বাগতম।’ ফেসবুকে নিজের ওয়ালে পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী লিখলেন ওটা। কিছুক্ষণের মধ্যেই প্রথম বর্ষের শিক্ষার্থী সিফাত খন্দকার কমেন্ট করলেন, ‘আমার প্রথম ডিএমসি ডে উদ্যাপনের জন্য আর তর সইছে না।’ আর সেই ডিএমসি ডে-ই কি না ১০ তারিখ থেকে পিছিয়ে ১৩ জুলাই করা হয়েছে। কারণ, হরতাল। এতে অবশ্য খুশিই হয়েছেন ‘কে-৬৩’ ব্যাচের রাজু, লুনা, শাওন, অন্বেষা, রায়হান, ইপ্সিতারা। হবেন না-ই বা কেন? তাঁদের পরীক্ষা যে শেষ হয়েছে ওই দিনই। ফলে দুশ্চিন্তামুক্ত থেকেই তাঁরা দিনটি উদ্যাপন করতে পেরেছেন।ঢাকা মেডিকেলের ৬৬ বছর উদ্যাপন, তাই ‘কে-৬৬’ ব্যাচের ছেলেমেয়েদের উচ্ছ্বাসটা যেন একটু বেশিই ছিল। রূপা, জিনা, মুন্নী, ঐশী, তানিয়া, মুনমুন, ফারহানা, মিতারা উদ্বোধনী বেলুন ওড়ার আগেই দখল নিয়ে নেন টমটমগুলোর। উদ্বোধনী বেলুন ওড়ান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মুদাচ্ছের আলী, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ মহাসচিব ইকবাল আর্সলানসহ আরও অনেকে। দিনভর ডিএমসির প্রাঙ্গণজুড়ে সাবেক ছাত্রছাত্রীরা আড্ডায় মেতে ওঠেন। মিলনায়তনের ভেতরে চলে স্মৃতিচারণা অনুষ্ঠান। স্মৃতির ডালি খুলে বসেন ফারহানা দেওয়ান, সিদ্দীক, মণিলাল আইচেরা। মেডিকেলের জীবনটা, বর্তমান হিসেবে যতটা না সুন্দর, অতীত হিসেবে যেন তার চেয়ে অনেকগুণ বেশি সুন্দর! হোস্টেলে এখন মাঝেমধ্যেই হয়তো বিরক্ত হন অভিজিৎ। কিন্তু অতীতচারণা করতে পুকুর পাড়ে, স্কোয়াশ গ্রাউন্ডের আশপাশে যখন ঘুরে বেড়াচ্ছিলেন ডা. মতিন, তখন তাঁকে মুখে বলতে হয় না কতটা আনন্দময় ছিল সে অতীতটা। অভিজিৎ তাঁর চোখ দেখেই সেটা বুঝতে পেরেছেন। ডা. মতিন বলেন, ‘তুমি কোন ব্যাচের?’ অভিজিৎ বলেন, ‘কে-৬৩। আপনি?’ তিনি বললেন, ‘তোমারটা উল্টে দাও। কে-৩৬!’সূর্য যখন ডুবি-ডুবছি-ডুবব করছে, তখনই জ্বলে ওঠে পুরো ঢাকা মেডিকেল। আলোর বর্ণচ্ছটাও প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীদের বর্ণিল সজ্জাকে ম্লান করতে পারেনি। মিলনায়তনের মঞ্চে আর গ্যালারিতে তখন আনন্দের বন্যা। কেউ গান গাইছেন, কেউ কবিতা পাঠ করছেন, কেউবা অভিনয় করছেন। আহা, সে কী সন্ধ্যা! মঞ্চে আদর্শ বাবার ভূমিকায় অভিনয় করছেন সদ্য পাস করা চিকিৎসক মাসুদ আর তাঁর সন্তান সেজেছেন মেডিসিন বিভাগের অধ্যাপক আবুল কালাম, সিদ্দীকের মতো চিকিৎসকেরা। নতুন-পুরোনোদের মিলনটা এভাবেই যেন একটা প্রাণের মেলা হয়ে ওঠে। চিকিৎসক রানা, মুরাদ, ফুয়াদরা ততক্ষণে ক্লান্ত-শ্রান্ত। গত কয়েকটা দিন তাঁদের ওপর দিয়ে রীতিমতো আয়োজন প্রস্তুতির একটা ঝড়ই যেন বয়ে গেছে। চোখে অবশ্য সফল আয়োজনের আনন্দটাই জ্বলজ্বল করছে। বলি, ‘ভাইয়া, যাবেন না?’‘পাগল নাকি। এখনো তো জেমসের কনসার্টটাই বাকি!’‘ভেবে দেখেছ কি, তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...।’ডিএমসিময় একটা দিন কাটিয়ে সবাই তখন ক্রমে যায় সরে সরে! চোখে তখন একগাদা স্বপ্ন আর রাজ্যের ঘুম। হলের দিকে হাঁটতে হাঁটতে ৬৩ ব্যাচের রানা বন্ধু নির্ঝরকে বলতে থাকেন, ‘না, আজকে আর পড়া হবে না, ঘুম আসছে। সকালে উঠে পড়ব।’