বিখ্যাত মনোবিজ্ঞানী ও দার্শনিক সিগমুন্ড ফ্রয়েডের নাতি তিনি। হয়তো সেই কারণেই ব্যক্তির অন্তর্জগতের রহস্য ও মনোজাগতিক টানাপোড়েন লুসিয়ান ফ্রয়েডের (১৯২২-২০১১) ছবির বিষয়বস্তু হয়ে এসেছে। জার্মান বংশোদ্ভূত এই ব্রিটিশ চিত্রকরকে সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে গণ্য করা হয়। প্রাণী ও মানুষের দেহাবয়ব (ফিগার) ও প্রতিকৃতি তাঁর ছবির বিষয়। মানুষের ভেতরের মানুষটি যেন উঠে এসেছে তাঁর ছবিতে।গত সোমবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটের লেকচার থিয়েটার মিলনায়তনে লুসিয়ান ফ্রয়েডকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরলেন বক্তারা। ‘একদিন লুসিয়ান’ পাঠ শিরোনামে এই স্লাইড প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে যোগ আর্ট ফর স্পেস। এতে মূল প্রবন্ধ পাঠ করেন চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের ছাত্র রাজীব দত্ত।স্লাইড শোতে লুসিয়ানের শতাধিক চিত্রকর্ম দেখানো হয়। ‘গার্ল উইথ হোয়াইট ডগ’, ‘বেনিফিট সুপারভাইজার স্লিপিং’, ‘আফটার সেজান’, ‘নেকেড পোর্ট্রেট উইথ রিফ্লেকশন’-এর মতো বিখ্যাত বহু চিত্রকর্ম দেখার সুযোগ পান দর্শকেরা। স্লাইড শোর পাশাপাশি দেখানো হয় লুসিয়ান ফ্রয়েডের জীবননির্ভর প্রামাণ্যচিত্র ‘পোর্ট্রেট’।প্রচলিত সৌন্দর্যবোধের চেয়ে কিছুটা যেন ভিন্ন লুসিয়ানের সৌন্দর্যবোধ। তাঁর আঁকা নগ্ন দেহগুলো স্থূল-মেদবহুল। প্রতিকৃতিগুলো বিষণ্ন। সেখানে ঘন তুলির আঁচড় ও স্ট্রোকের ব্যবহার লক্ষণীয়। লুসিয়ানের দিকে ফিরে দেখার এই আসরে শামিল ছিলেন চারুকলার শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী ও শিল্পমোদী দর্শকেরা।চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী বলেন ‘আমাদের একটি ইনস্টিটিউট হয়েছে, তার পরও আমাদের মধ্যে নানা ধরনের হতাশা কাজ করছিল এটা হচ্ছে না ওটা হচ্ছে না। এরপর আমাদের কিছু শিক্ষক ও ছাত্র মিলে ভাবলাম, শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে একটা কিছু করতে পারি। আর এ ভাবনা থেকেই জন্ম নিয়েছে ‘যোগ আর্ট ফর স্পেস’। আসলে নবীন শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এর উদ্দেশ্য।’সহকারী অধ্যাপক শায়লা শারমিন বলেন, লুসিয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালের শিল্পী। সে সময় বেশির ভাগ শিল্পী নৈর্ব্যক্তিক ছবি আঁকছিলেন। লুসিয়ান এ জন্য তাঁর সময়ে ব্যতিক্রম। মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে তিনি প্রাধান্য দিয়েছেন। একবার লুসিয়ানের আঁকা একটি ছবি প্রসঙ্গে ছবিটির মডেল বলেছিলেন—তিনি আমার ভেতরকার সবকিছু সর্বভুকের মতো বের করে এনেছেন।