একদিন সংসদ ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই আই কানের বিখ্যাত স্থাপত্যকর্মের অন্যতম বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেসের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ১০ জন শিক্ষার্থী ৪ ডিসেম্বর ঘুরে দেখেন সংসদ ভবনের স্থাপত্যশৈলীর খুঁটিনাটি। জাতীয় সংসদ ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে করতেই শামসুল ওয়ারেস স্যার হঠাৎ জিজ্ঞাসা করে বসেন আমাদের, ‘সংসদ ভবনে পিলারের সংখ্যা কত?’ সোজা প্রশ্ন, জানা উত্তর। তাই আমরা একসঙ্গেই বলে উঠলাম ‘মাত্র একটি’! ‘প্রথমে তাহলে সেই পিলারটাই তো আমাদের দেখা উচিত’—বলেই স্যার আমাদের নিয়ে গেলেন পিলারটি দেখাতে। এই একমাত্র ঐতিহাসিক পিলারটি আছে সংসদ ভবনের কেন্দ্রীয় পাঠাগারে। পাঠাগারে যাওয়ার পথে চোখ পড়ল লুই আই কানের করা ভবনের কিছু পেনসিল স্কেচ এবং ড্রইংয়ের দিকে। পিলারকে কেন্দ্র করে বৃত্তাকার হয়ে চলে গেছে অনেকগুলো বিম, যেগুলো ভবনের দীর্ঘস্থায়িত্বের জন্য অনেক দরকারি। স্থপতি লুই আই কান নকশা করেছেন সেভাবেই।আমরা, স্থাপত্য অনুষদের ১০ জন শিক্ষার্থী এসেছি স্থপতি শামসুল ওয়ারেসের সঙ্গে সংসদ ভবনে। তিনি ঘুরে দেখাচ্ছেন স্থাপত্যের এই অপূর্ব নিদর্শনটি। কোনো প্রাচীন নগর নয় এটি। এখানে নেই কোনো জাঁকজমক। কিন্তু তার পরও আমাদের জাতীয় সংসদ ভবন একটি স্বাধীন দেশের মধ্যমণি, গণতন্ত্রের তীর্থস্থান। সমালোচকদের ভাষায়, পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্যের অন্যতম এটি। স্যারের সঙ্গে সংসদ ভবন ঘরে দেখার সময় অনেক প্রশ্নই আমাদের মাথায় এসেছে। আগ্রহী শিক্ষার্থীরা এর বিভিন্ন অজানা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। শিক্ষার্থীদের তিনি পরিচয় করিয়েছেন এর বিস্ময়কর, একই সঙ্গে মনোমুগ্ধকর দিকগুলোর সঙ্গে, যা এই সংসদ ভবনকে এনে দিয়েছে পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্যের খ্যাতি।জাতীয় সংসদ ভবনের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে। এটিকে তখন পূর্ব পাকিস্তান প্রদেশের প্রাদেশিক সরকারের স্থায়ী সংসদ ভবন হিসেবে ভাবা হয়েছিল। স্বাধীনতার পর তা পরিণত হয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে। ১৯৮২ সালের ২৮ জানুয়ারি (১৪ মাঘ, ১৩৮৮) শেষ হয় এর নির্মাণকাজ। একই বছরের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদের অষ্টম বা শেষ অধিবেশনে হয় এর উদ্বোধন। উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার। শুরুর কথায় ফিরে যাই। সেই একমাত্র পিলারটির কথায়। অনেকেই ভাবতে পারেন যে মাত্র একটি পিলারের ওপর এই বিশাল ভবন কীভাবে দাঁড়িয়ে আছে? উত্তরটি এ রকম: এই ভবনের দেয়ালগুলো অত্যন্ত মজবুত রেইনফোসর্্ড সিমেন্ট কংক্রিটের। ফলে কোনো বড় অঘটন না ঘটলে আগামী ৪০০ থেকে ৫০০ বছর পর্যন্ত স্থায়ী হবে এই ঐতিহাসিক স্থাপত্যশৈলী। স্থপতি সামসুল ওয়ারেস তা-ই মনে করেন। পাঠাগারের মাঝের অংশটি মোগল শাসনামলের ‘দেওয়ানি খাসের’ কথাই স্মরণ করিয়ে দেয়। এই পাঠাগারে হাজারো বইয়ের পাশাপাশি আছে ১৯৭৪ সালের পর প্রকাশিত সব ধরনের খবরের কাগজ।একটু নিরাপত্তাব্যবস্থায় ফিরে যাই। লুই আই কান যেন সংসদ ভবনকে একটি চলমান গোলকধাঁধা বানিয়েছেন। অনেক দিন ধরে যাতায়াত করেন বা ভবনের অলিগলি ভালোভাবে চেনেন এমন অনেকেই মাঝেমধ্যে পথ হারিয়ে ফেলেন এই ভবনের ভেতরের পথগুলোতে।আমরা হাঁটছি ওই সব পথ দিয়েই। কিন্তু আমাদের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তারক্ষী আছেন বলেই আমরা কিছুটা নিশ্চিন্ত। হাঁটতে হাঁটতে স্যার এরপর আমাদের দেখাতে নিয়ে গেলেন ভবনের এমন একটি অংশ, যেদিক দিয়ে দিনের বেলায় প্রাকৃতিক আলো এমনভাবে প্রবেশ করে যে কৃত্রিম আলোর প্রয়োজন ছাড়াও ভবন আলোকিত। ‘স্যার, লুই আই কান সংসদ ভবনের নকশা করার সময় কোন দিকটাকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি?’-জানতে চাইলেন উৎস জামান।‘অবশ্যই প্রাকৃতিক আলো। লুই আই কানের কাজে এই প্রাকৃতিক আলোর ব্যবহার চোখে পড়ার মতো।’ আলোর মতোই উজ্জ্বল স্যারের উত্তর। এর আরও সুন্দর, মনোমুগ্ধকর উদারহণ পাওয়া গেল একটু পরেই। হঠাৎ চোখে পড়ল সূর্যের আলোর অনেকগুলো ছুরির ফলার মতো জিনিস। কাছে যেতেই আরও পরিষ্কার হয়ে গেল। মনে হতে লাগল, এ যেন আলো দিয়ে তৈরি বিম। আরও অবাক করা তথ্য দিলেন স্যার। এই আলোর বিম নাকি একেক সময় একেক রকম হয়। কখনো হালকা, কখনো বা খুব গাঢ়। আমরা অবাক চোখে তাকিয়ে রইলাম। মানুষের দ্বারা কী এও সম্ভব? এবার স্যার আমাদের নিয়ে গেলেন মূল ভবনে, যেখানে সংসদ অধিবেশন বসে। যাওয়ার পথেই দেখলাম অভ্যন্তরীণ ডাকঘর, ব্যাংক, বিমান অফিসসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস। হঠাৎ কোথাও বিশাল ভবনের মতো উঁচু জায়গায়ও চোখ আটকে যায়। মনে হয় লুই আই কানের হাতে তৈরি নগরের মধ্যে আরেক নগরের প্রতিবিম্ব। এবং আসলেই তা সত্যি। ‘অনেকেই বলেন যে এই ভবনের মূল ধারণা নাকি লুই আই কান পুরান ঢাকা থেকে নিয়েছেন, এটি কতখানি সত্যি?’ জিজ্ঞাসা করলেন ইমরুল তাহান। স্যারের সোজাসাপ্টা উত্তর। ‘এটি আসলে একটি প্রচলিত ধারণা। কিন্তু বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’ এরপর আমাদের নিয়ে যাওয়া হলো অধিবেশনকক্ষে। কিন্তু এর আগে প্রতিটি ধাপে আমাদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম হতে হয়েছে। মূল কক্ষে গিয়েই আমাদের চক্ষু চড়কগাছ! এত দিন যেটি টেলিভিশনের পর্দায় দেখেছি, আজ সেখানেই দাঁড়িয়ে আছি। স্যারের কাছে রায়হান রশীদ জানতে চাইলেন, ‘যদি আমাদের সংসদ সদস্যদের সংখ্যা বেড়ে যায়, তাহলে কী এখানে সংসদের সব সদস্যের জায়গা হবে?হেসে উত্তর দিলেন স্যার, ‘লুই আই কান সেসব কথা চিন্তা করেই নকশা করেছেন।’অধিবেশনকক্ষের ঠিক মাঝ বরাবর ওপরে রয়েছে স্পাইডার লাইট। অর্থাৎ মাকড়সার জালের মতো লাইটিং সিস্টেম। ছাদটাও দেখতে ছাতার মতো। ছাতা যেমন রোদ-বৃষ্টি থেকে আমাদের রক্ষা করে, এই ছাদটিও তেমন। ছাদটির বিশেষত্ব হলো এটি বেশ শক্তিশালী বোমা অথবা অন্য কোনো আক্রমণ প্রতিরোধক। এর জন্য ছাদের ওপর সেগুন কাঠের অনেক পুরু স্তর দিয়ে তার ওপর সিসার ভারী স্তর আছে।এখানে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধীদলীয় নেতার প্রবেশের জন্য রয়েছে একান্ত প্রবেশদ্বার। পুরো কক্ষটি আট বাহুবিশিষ্ট একটি অক্টাগন। এর বিভিন্ন বাহুতে আছে সাংবাদিকসহ প্রায় ৯০০ জন মানুষের একসঙ্গে সংসদ অধিবেশন দেখার ও নিরাপত্তার জন্য জায়গা। এ ছাড়া অধিবেশন কক্ষের চারপাশজুড়ে আছে প্রদক্ষিণের জায়গা।এখান থেকে বের হয়ে আমরা গেলাম দক্ষিণ প্লাজা বা রাষ্ট্রীয় প্লাজায়। সেখানেও লুই কানের অনবদ্য চিন্তাভাবনার ফসল দেখে আমরা অবাক। স্বাধীন দেশের নাগরিকেরা স্বাধীনভাবে দেশকে নিয়ে ভাববে। স্বাধীনভাবে গণতন্ত্রের কথা চিন্তা করবে, এ জন্য আই কান ওখানে এম্ফিথিয়েটারের মতো একটি জায়গা রেখেছেন, যাতে আমাদের গণতন্ত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা সবুজ প্রকৃতির নির্মল পরিবেশের মধ্যে মুক্ত আলোচনার সুযোগ পান। এখানে তিনি রোমান স্থাপত্যের একটি ছোঁয়া রেখেছেন। এ ভবনে ২৪টা লিফট এবং ৫০টি সিঁড়ি থাকার পরও হেঁটে ঘোরার অনুভূতি অন্য রকম।এখান থেকে আমরা চলে গেলাম সংসদ ভবনের একদম নিচের তলায়, যেখানে লেকের পানির পাশে আনমনেই বসে পড়তে ইচ্ছে করে। আমরা সবাই বসে পড়লাম। এরই মধ্যে ফৌজিয়া সুলতানা স্যারের কাছে জানতে চাইলেন সংসদ ভবনের চারপাশে লেকের ধারণাটি প্রাচীন যুগের দুর্গের চারপাশে পানি, এই ধারণা থেকে নেওয়া কি না। স্যার বললেন, ‘আমাদের দেশটি যে নদীমাতৃক তা যেন কেউ একবার দেখলেই বুঝতে পারে, এ জন্য ভবনের চারপাশে বিশাল কৃত্রিম লেক দিয়েছেন লুই কান।আর সামনে তো রয়েছে নানা রকম গাছপালার এক বিশাল সবুজের সমারোহ। সব মিলিয়ে পুরো এলাকাটি যেন নিজে একটি স্বাধীনচেতা রূপ ধারণ করে আছে। সংসদ ভবনের পুরো কমপ্লেক্সের নকশাও লুই কানের করা। কমপ্লেক্সের ঠিক মাঝখানে স্থাপিত মূল ভবনটি। এ ছাড়া কমপ্লেক্সজুড়ে আছে লন, লেক এবং এমপি হোস্টেল। কমপ্লেক্সটির চারপাশ দিয়ে গেছে চারটি প্রধান সড়ক। মূল ভবনটি তিনটি প্রধান ভাগে বিভক্ত। প্রধান প্লাজা, দক্ষিণ প্লাজা এবং রাষ্ট্রীয় প্লাজা। এটি লুই আই কানের এমনই এক সৃষ্টি, যা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি আধুনিক এবং সর্বসময়ের প্রতিনিধি।লুই কান এই ভবনে বৃত্ত, অর্ধবৃত্ত, বর্গ, ত্রিভুজের কাঠামোগুলো দিয়ে একটি নতুন স্বাধীনতার আদর্শ আত্মপ্রকাশ ঘটাতে চেয়েছিলেন। এখানে তাঁর সফলতা স্পষ্ট হয়। স্বাধীন বাংলাদেশকে বাঙালি জাতি যত দিন মনে রাখবে, বিশ্ববিখ্যাত এই অমর স্থাপত্যকেও মনে রাখবে তত দিন। আত্মত্যাগের, সংগ্রামের এবং বিজয়ের মাসে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন স্থপতি সামসুল ওয়ারেস। যাঁরা ঘুরে এলেন সংসদ ভবনঅধ্যাপক সামসুলওয়ারেসবিভাগীয় প্রধান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক; সাবেক অধ্যাপক বুয়েট।উৎস জামান, শিক্ষার্থী, বুয়েট; সারিকা সাবা, শিক্ষার্থী, বুয়েট; মিনহাল আহমেদ, শিক্ষার্থী, বুয়েট; ফৌজিয়া সুলতানা, শিক্ষার্থী, বুয়েট; উম্মে তাসমিন, শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; রাসিব রিয়াসাত, শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; তাসবীর শাতিল শিক্ষার্থী, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইমরুল তাহান, শিক্ষার্থী, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রায়হান রশীদ, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক; আলাইয়া মহিউদ্দিন, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।