একদিন স্বপ্নের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ছাপিয়ে ঝলমল করছে অজস্র সতেজ প্রাণ। ঢাকার আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৩ ও ২৪ সেপ্টেম্বর কলেজপ্রাঙ্গণে নবীন-প্রবীণ ছাত্রীরা মেতে উঠেছিলেন আনন্দে। গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের কায়না, শায়লা, শারমিনরা দল বেঁধে ঘুরছিলেন একই রকম পোশাক পরে। তাঁরা বললেন, বিশেষ উৎসবে বিশেষ পোশাক না পরলে কি চলে?শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের ময়না বললেন, ‘সেই ২০০৩ সাল থেকে এই কলেজে পড়ছি; অনেক শিক্ষকের স্নেহ পেয়েছি। এত দিন পর আবার তাঁদের দেখতে পাচ্ছি, তাঁরাও আমাকে মনে রেখেছেন। এই ভালো লাগা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।’গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের আঞ্জুমান, শিরিন, ফাতিমা ও মেহনাজ বেশি উপভোগ করেছেন শোভাযাত্রা। একজন বললেন, ‘আমরা সবাই নীল শাড়ি পরেছিলাম; অন্য সবাই দেখছিল অবাক হয়ে!’বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের নুসরাত, লোপা ও আরশি তিনজনই পরেছেন মনভোলানো জামদানি। তাঁরা বললেন, ঐতিহ্যকে উপলক্ষ করেই তো আনন্দ। সুবর্ণজয়ন্তীতে তাই তাঁরা তুলে ধরেছেন দেশীয় সংস্কৃতি।উৎসবে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছিলেন ব্যবহারিক শিল্পকলার ছাত্রী কঙ্কণা ও রুমি। তাঁরা বললেন, এই উৎসব আবার হবে, সেদিন হয়তো তাঁরা থাকবেন না। তাই প্রতিটি মুহূর্তই উপভোগ করে নিচ্ছেন। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন কলেজের স্কাউট ও বিএনসিসি দলের সদস্যরা। রোভার সোমা ও শারমিন বললেন, ছাত্রীরাই তো এই কলেজের অর্জন। যত দেখছেন, মন ভরে উঠছে। বিএনসিসির বনানী, রিমা, শাহী জানালেন, তাঁদের দ্বিগুণ বয়সী সিনিয়র আপুদের (!) সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে ভালোই খুনসুটি চলছে তাঁদের। দুই পক্ষই উপভোগও করছে বেশ। গার্হস্থ্য অর্থনীতি কলেজ অনেক কৃতী ছাত্রীর জন্ম দিয়েছে, যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বাড়িয়েছেন। তাঁদেরই একজন বিবি রাসেল। তিনিও এসেছিলেন সবার সঙ্গে যোগ দিতে। বললেন, ‘ভাবতেই ভালো লাগছে, আমিও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী ছিলাম।’সুদূর যুক্তরাষ্ট্র থেকে আসা ড. হাবিবা এন শ্ বললেন, ‘অনেক নবীন মুখ দেখছি, যাঁরা একদিন আমাদের জায়গায় দাঁড়াবে। শুধু শিখতে হবে কীভাবে স্বপ্ন দেখতে হয়।’তাঁর কথারই প্রতিধ্বনি যেন শোনা গেল নবীন ছাত্রী সিয়ামের মুখে। তিনি বললেন, ‘গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তির আগে শুধু ভাবতাম, কী হবে, কী হব। ওনাদের দেখে আজ শিখলাম, অনেক কিছুই করার আছে। হতাশ হওয়ার কিছু নেই।’দিন গড়ায়, সূর্য ম্লান হয়ে আসে। প্রদর্শনী, সাংস্কৃতিক পর্ব, র‌্যাফল ড্র, গানের তালে নাচানাচি—একসময় সবকিছুকে থামতেই হয়। তবু রেশ থেকে যায় নানা বর্ণিল স্মৃতি, হাজার কথা, আনন্দ কোলাহল আর সহস্র গানে উদ্ভাসিত মিলন উৎসবের।