পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি ১০ মাস ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের সংকটাপন্ন রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনতে ভরসা এখন ভাড়ার গাড়ি। এসব গাড়িতে রোগী পরিবহনে ব্যয় হচ্ছে তিন থেকে চার গুণ বেশি টাকা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভাসহ উপজেলার ২২ ইউনিয়নের লোকজনের পাশাপাশি সহজ যোগাযোগ ও উন্নত সেবার জন্য পার্শ্ববর্তী চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার মানুষও ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসে। রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো অ্যাম্বুলেন্সটি। ইঞ্জিন সমস্যার কারণে গত বছরের ডিসেম্বর মাস থেকে অচল এটি। পুরোনো হওয়ায় গাড়ির যন্ত্রাংশ খুব একটা পাওয়া যাচ্ছে না। ২০০০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সকে বরাদ্দ দেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য প্রতি কিলোমিটারে রোগীদের ভাড়া দিতে হয় ১০ টাকা করে। সে হিসেবে পটিয়া থেকে ৩০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা-যাওয়ায় ব্যয় হয় ৬০০ টাকা। কিন্তু একই দূরত্বে ভাড়ার মাইক্রোবাসে নেওয়া হয় দেড় থেকে দুই হাজার টাকা।
সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর বলেন, ‘বৃহত্তর পটিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকেও এ স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক রোগী সেবা নিতে আসেন। এ কারণে এখানে রোগীর চাপ বেশি। কিন্তু অ্যাম্বুলেন্সটি নষ্ট হওয়ায় রোগী পরিবহনে ভোগান্তি বেড়েছে। আরেকটি নতুন অ্যাম্বুলেন্স প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর অ্যাম্বুলেন্সটি স্থানীয় কারিগর দিয়ে সচল করার অনেক চেষ্টা করেছি। কিন্তু তা সচল হচ্ছে না। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি ভিত্তিতে কোনো রোগীকে চট্টগ্রাম শহরে নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। জরুরি ভিত্তিতে আরেকটি নতুন অ্যাম্বুলেন্স প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’