মাঠটির আয়তন ছিল আড়াই একর। বর্তমানে তা ঠেকেছে এক একরে। বাকি দেড় একরের বেশির ভাগ জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। কিছু জায়গা বিলীন হয়ে গেছে নদীতে। ছোট হয়ে আসা মাঠটিতেও সমস্যার শেষ নেই। বৃষ্টি হলে পানি জমে থাকে। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। খেলতে গিয়ে প্রায় সময় পা ভাঙছেন খেলোয়াড়েরা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একমাত্র খেলার মাঠটির এখন এমনই বেহাল দশা।
দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা জানান, মাঠটির মালিকানা দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের। এটি ১৯৮১ সাল থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠের জায়গা উদ্ধারের জন্য ২০০৭ সালে একবার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে প্রশাসনিকভাবে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাঠের জায়গা উদ্ধারের জন্য তাঁরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, মাঠের অতিথি বসার একমাত্র প্যাভেলিয়নটির জীর্ণদশা। প্যাভিলিয়নের চালা নেই। শৌচাগারেরও করুণ অবস্থা। প্যাভিলিয়নের পাকা খঁুটিগুলোর পলেস্তারা খসে পড়েছে। ওপরে বাঁশ দিয়ে শামিয়ানা টাঙিয়ে ২২ আগস্ট থেকে শুরু হওয়া উপজেলা পরিষদ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা হচ্ছে। মাঠের উত্তর ও পশ্চিম দুই অংশ দখল করে গড়ে উঠেছে বসতবাড়ি। পূর্ব অংশ মাইনী নদীর ভাঙনের কবলে রয়েছে। আর মাঠ কাদাপানিতে একাকার।
দীঘিনালা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক পার্পল দেওয়ান বলেন, ‘ফুটবলের অনুশীলনের জন্য আমাদের এই মাঠটিই ভরসা। কিন্তু মাঠের যে অবস্থা তাতে নিয়মিত অনুশীলন করা যায় না। মাঠটি উঁচ-নিচু হওয়ার কারণে প্রায় সময় খেলোয়াড়েরা আহত হন।’
স্থানীয় জনতা সংঘের ফুটবল দলের ব্যবস্থাপক জীবন চৌধুরী বলেন, মাঠের জীর্ণ অবস্থার কারণে গত বছর গোলপোস্টের লোহার খুঁটি পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিবছর খেলা হয়, কিন্তু মাঠের উন্নয়ন হয় না।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ মুৎসদ্দি বলেন, উপজেলায় ক্রীড়া সংস্থার কার্যক্রম থাকলেও সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায় না। ফলে মাঠের উন্নয়নও করা সম্ভব হয় না। মাঠের জায়গা দখল হয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, মাঠের জায়গা উদ্ধারের ব্যাপারে প্রশাসনিকভাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে দখল প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
এ প্রসঙ্গে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ বলেন, মাঠটির উন্নয়নের ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। উন্নয়ন বোর্ড মাঠের উন্নয়নে প্রকল্প গ্রহণ করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।