চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল না থাকায় ফেনীর সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না জেলার যক্ষ্মারোগে আক্রান্ত ব্যক্তিরা। একজন বিশেষজ্ঞ চিকিৎসক কাগজে-কলমে থাকলেও তিনি মাসের বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। ক্লিনিকে স্বাস্থ্য কর্মকর্তার (এমও) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্যসেবা কর্মসূচির ফেনীর ব্যবস্থাপক মো. সোলায়মান বলেন, ‘গত তিন মাসে ফেনী জেলায় ৪১৭ জন যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে। কিন্তু বক্ষব্যাধি ক্লিনিকে চিকিৎসকের অভাবে এসব রোগী যথাযথ সেবা পাচ্ছেন না।’ অন্যদিকে ফেনীর ধর্মপুর এলাকার যক্ষ্মা হাসপাতালটির অভ্যন্তর বিভাগ বন্ধ থাকলেও সেখানে দুজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বক্ষব্যাধি ক্লিনিক সূত্র জানায়, ভালো যাতায়াতব্যবস্থার কারণে ফেনী জেলা ছাড়াও পার্শ্ববর্তী চট্টগ্রামের মিরসরাই, উত্তর ফটিকছড়ি ও নোয়াখালী অঞ্চলের কিছু রোগীও এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু চিকিৎসক না পেয়ে তাঁরা ফিরে যেতে বাধ্য হন। জানা যায়, ফেনীর বক্ষব্যাধি হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন চিকিৎসা কর্মকর্তা, একজন করে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, চিকিৎসকের সহকারী, স্বাস্থ্যকর্মী, চারজন পিয়ন, দুজন তত্ত্বাবধায়ক, একজন আয়াসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। এর মধ্যে আছেন মাত্র ছয়জন। সূত্র জানায়, ক্লিনিকের একমাত্র চিকিৎসা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য রয়েছে। চারজন পিয়নের মধ্যে শূন্য দুটি পদ। অপর দুই পিয়নের একজনকে ফেনীর সিভিল সার্জনের কার্যালয়ে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দুজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে একজনকে ফেনী সদর হাসপাতালে, একমাত্র সহকারীকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং একমাত্র আয়াকে পাশের কর্মহীন ট্রমা সেন্টারে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীর পদটিও শূন্য।অভিযোগ রয়েছে, ক্লিনিকের প্রধান কর্মকর্তা (বিশেষজ্ঞ চিকিৎসক ও পরামর্শক) গোলাম মোস্তফা ঢাকায় বসবাস করেন। তিনি সপ্তাহের মঙ্গলবার এক দিনের জন্য ফেনী আসেন। তবে তিনি হাসপাতালে রোগীদের সাক্ষাৎ নিয়ে তাঁদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। সম্প্রতি দাগনভূঞার আলাইয়াপুর দাসপাড়া গ্রামের মরণ চন্দ্র দাস (৬০) নামের একজন রোগী চিকিৎসা নিতে ওই ক্লিনিকে গেলে তাঁকে একটি কার্ড দিয়ে ওই বেসরকারি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সরকারি ক্লিনিকে চিকিৎসা না পেয়ে এ রকম অনেক রোগী বাধ্য হয়ে ওই বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে যান বলে সংশ্লিষ্ট রোগীরা অভিযোগ করেন। এ বিষয়ে জানার জন্য চিকিৎসক গোলাম মোস্তফার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জানতে চাইলে ফেনীর সিভিল সার্জন হরিপদ রায় বলেন, ‘ওই চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ আগেও শুনেছি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’