একমাত্র বাজারই আবর্জনার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার পৌর সদরের একমাত্র বাজার দেওয়ান হাট। প্রতি অর্থ বছরে ইজারাও দেওয়া হয়। কিন্তু বাজার উন্নয়নে নজর নেই পৌর কর্তৃপক্ষের। পুরো বাজারই যেন আবর্জনার ভাগাড়।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর সদরের প্রধান সড়ক ও থানা সংলগ্ন এলাকায় দেওয়ান হাটে প্রতিদিনই কেনাবেচা চলে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার হাটবার। ওই দুই দিন ক্রেতা-বিক্রেতার সমাগম হয় বেশি। বাজারে কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকেও অনেক বিক্রেতা মাছ ও সবজি বিক্রি করতে নিয়ে আসেন। চলতি অর্থ বছরে পৌরসভার কাছ থেকে ১৬ লাখ টাকায় বাজারটি ইজারা নিয়েছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলম নামের এক ব্যবসায়ী।
সরেজমিনে দেখা গেছে, বাজারের নালাগুলো সরু। এসব নালা ভরে আছে আবর্জনায়। নালা ভরাট হওয়ায় নোংরা পানি উপচে পড়ছে। ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে বাজারের চারদিকে। বিক্রেতাদের বসার জন্য তৈরি শেডের ছাউনিগুলো জীর্ণ হয়ে পড়েছে। অনেক শেডের পাকা পিলারে দেখা দিয়েছে ফাটল। বাজারের একমাত্র নলকূপটির পাশেও ময়লার স্তূপ। আশপাশে শৌচাগারও নেই।
ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, উপজেলা ও পৌরসভা সদরের বাজারটির উন্নয়নে তেমন কোনো ব্যবস্থা নেননি পৌরসভা কর্তৃপক্ষ। অথচ বাজারটি প্রতি বছর মোটা অঙ্কে ইজারা দেওয়া হয়। তা ছাড়া ইজারাদার টোল আদায় করে থাকেন। তবে তারাও বাজারটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন না।
মুরগি ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম (৫৫) বলেন, প্রতিদিনই দুই শ থেকে আড়াই শ টাকা টোল দিতে হয় ইজারাদারকে। কিন্তু আশপাশের জায়গা থেকে ঠিকমতো ময়লা-আবর্জনাগুলো পরিষ্কার করা হয় না। তা ছাড়া বাজারের নালাগুলোও অপরিষ্কার। চারিদিকে উৎকট দুর্গন্ধ ছড়ায়। প্রতি সপ্তাহে দুই দিন দেওয়ান হাটে মাছ বিক্রি করতে আসেন বাঁশখালীর রহিম উল্লাহ (৪৪)। তিনি বলেন, বিক্রেতাদের জন্য পর্যাপ্ত পরিমাণে শেড না থাকায় নালার ওপর বা নালার পাশে বসে মাছ বিক্রি করতে হয়। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই ভোগান্তি পোহায়। বর্ষা মৌসুমে বাজারে বসাই যায় না। অনেক সময় কাদা ও নোংরা পানির কারণে মাছ নষ্ট হয়।
এ প্রসঙ্গে ইজারাদার নুরুল আলম বলেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি বড় আকারের ডাস্টবিন দরকার। পৌরসভা কর্তৃপক্ষকে এ ব্যাপারে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা বাজারটির নামমাত্র সংস্কারকাজ করেছেন।
জানাতে চাইলে পৌরসভার প্যানেল মেয়র মো. নওয়াব মিয়া বলেন, বাজারটি সংস্কারের ব্যাপারে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী অর্থ বছরে বাজারের অবকাঠামো সংস্কারসহ গভীর নলকূপ বসানো হবে।