একলা পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মায়ের আদুরে মেয়ে। উচ্চমাধ্যমিকের ধাপ পেরিয়ে যেদিন পা দিলেন বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, সেদিন যেমন খুশিতে নাচছিলেন, তেমনি বাড়ির বাইরে একা পথচলার কথা ভাবতেই আঁতকে উঠেছিল তাঁর মন। সিরাজগঞ্জের মেয়ে সাথী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, থাকেন শামসুন নাহার হলে। কথা হলো তাঁর সঙ্গে, কেমন ছিল শুরুর দিকের বাড়ির বাইরে একলা পথচলা?‘বাবা এসে প্রথম দিন হলে দিয়ে গেলেন। খুব কেঁদেছিলাম। রুমের বড় আপুরা অনেক সান্ত্বনা দিয়েছিলেন। কীভাবে চলতে হবে, রুমের নিয়মকানুন, হলের নিয়মকানুন সব বুঝেছি ধীরে ধীরে। বিভাগের বন্ধুরাও ঢাকার পথঘাট চিনতে অনেক সাহায্য করেছে। এভাবেই ধীরে ধীরে ভয় কেটে গেছে। এখন আমি নিজেই করতে পারি নিজের সব কাজ।’অনেকেই উচ্চমাধ্যমিকের পর পরিবার ছেড়ে পড়ালেখার জন্য এসে ওঠেন হলে। নতুন জীবন, নতুন পরিবেশ নিয়ে যেমন থাকে আগ্রহ, তেমনি থাকে আতঙ্কও। নতুন পরিবেশে খাপ খাওয়ানোর দায়িত্বটা তাঁর নিজের ওপর যেমন, তেমনি পরিবার ও বন্ধুবান্ধবেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের হাউস টিউটির ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নাজমা খাতুন বলেন, পড়ালেখার জন্য পরিবারের বাইরে হঠাৎ করেই আসা হয় অনেকের। বাইরের জগৎ সম্পর্কে তখন খুব একটা ধারণা থাকে না। পরিবারের সবার ওপর নির্ভরশীল মেয়েটি হঠাৎ করে পরিবারের বাইরে এসে অসহায় বোধ করতে থাকে। নিজের কাজগুলো সামলানো, পড়ার সময় বের করা, ঘর গোছানো, প্রয়োজনীয় জিনিসগুলো কেনা—এসব দায়িত্ব তখন এসে পড়ে কাঁধে। তা ছাড়া পথঘাট, বন্ধু—সবই নতুন ও অচেনা। এ সময় কিছু দিক খেয়াল রাখা ভালো। সে পরামর্শ দিয়েছেন নাজমা খাতুন। পরিবারের দায়িত্বই সবচেয়ে বেশি এ অবস্থায়। বাবা-মাকে ছোটবেলা থেকেই মেয়েকে বা ছেলেকে আত্মনির্ভরশীল হিসেবে তৈরি করতে হবে। নিজের কাজগুলো নিজেকে করানোর অভ্যাস করলে হঠাৎ করে একা জীবনযাপনে মানিয়ে নিতে তার খুব একটা বেগ পেতে হবে না। ছোটবেলা থেকেই ঠিক সময়ে ঘুম, খাওয়া, পড়ার অভ্যাসটা গড়তে হবে। যাতে হলের জীবনে এসে সবার সঙ্গে সে অভ্যাসটি মিলে যায়। বন্ধু নির্বাচনে এ সময়ে হতে হবে সতর্ক। কারণ ভুল বন্ধুদের কারণে এ সময় জীবনে বিপদ আসতে পারে। কোনো একক বন্ধুর সঙ্গে না মিশে একটি দলের সঙ্গে মেশা ভালো। হলে উঠে সঙ্গে সঙ্গেই নিজের পরিচয়পত্রটি করে নিতে হবে এবং এটা সব সময় সঙ্গে রাখতে হবে। হঠাৎ করে যে মানসিক শূন্যতা দেখা দেয়, তার জন্য বন্ধু, বড় আপু, ভাইয়া ছাড়াও হলের হাউস টিউটরের সঙ্গে মন খুলে কথা বলতে হবে। নিজের খাবারদাবারের দিকে নজর দিতে হবে। পুষ্টিগুণ আছে এমন খাবার খেতে হবে। ডিম, দুধ হাতের নাগালের জিনিস, তাই এ দুটি নিয়মিত খেতে পারেন। হলের কক্ষের নিয়মকানুন একটু কায়দা করে বড়দের কাছ থেকে বুঝে নিতে হবে। আশপাশে পরিচিত চিকিৎসকের ঠিকানা ও ফোন নম্বরটি জোগাড় করে রাখতে হবে। বিতর্ক, আবৃত্তি এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। এতে মন যেমন ভালো থাকবে, নতুন কিছু শেখাও হবে। বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে আড্ডা ও ঘোরাঘুরিও চলতে পারে। এতেও পূরণ হবে মানসিক শূন্যতা। মনে রাখতে হবে, এই একলা পথচলাটি পড়ালেখার জন্য। তাই যত কিছুই করা হোক, সঠিক সময়ে পড়ালেখাটি ঠিকই করে নিতে হবে। প্রযুক্তির এ যুগে দূরে নেই কেউ। মা-বাবার সঙ্গে ফোনে সব সময় যোগাযোগ রাখলে একলা পথচলার দিকনির্দেশনাও সঠিকই পাওয়া যাবে।