একলা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সাল। রমজান মাস। আমি তখন কলেজে পড়ি। বরাবরের মতোই ঈদের কেনাকাটা করার জন্য আমি আর আম্মু গেলাম গাউছিয়া মার্কেটে। প্রথমেই আমার জামা কেনা হলো। তারপর জামার সঙ্গে মিলিয়ে কানের দুল কেনার জন্য আম্মু আর আমি কসমেটিকসের দোকানগুলোতে ঢুঁ মারতে শুরু করলাম। একটা দোকানের বাইরে থেকে একজোড়া দুল দেখে দূর থেকেই আমাদের পছন্দ হয়ে গেল। আম্মু আমার কিছুটা সামনে থাকায় দোকানের ভেতরে সঙ্গে সঙ্গে ঢুকতে পারলেও আমি ভিড় ঠেলে তাঁর সঙ্গে ঢুকতে পারলাম না। আম্মু আর আমার মাঝখানে এক দম্পতি গলার হার দরদাম করছিল। দরদাম মোটামুটি স্ত্রীই করছিলেন, আর তাঁর স্বামী বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁকে বললাম, ‘আপনি একটু বাইরে এসে দাঁড়ান, তাহলে আমি ভেতরে যেতে পারি।’ (উল্লেখ্য, তার ও আমার অবস্থানের দূরত্ব এক ফুটও হবে কি না সন্দেহ। বাইরে এসে দাঁড়ানো মানে শুধু দুজনের জায়গা পরিবর্তন করা, আর কিছুই নয়। কেননা দোকানগুলো খুবই ছোট)। তিনি তখন আমাকে বললেন, ‘আমার ওয়াইফ! আমার ওয়াইফকে একলা ফেলে আমি আর কোথাও যাব না।’ কী আর করা, অগত্যা আমি বাইরে দাঁড়িয়ে থেকে তাদের ‘একলা’ না হতে সাহায্য করলাম! শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।