বৃদ্ধার নাম তেরেস হেস্কেথ। তিনি থাকেন টেনিসনগর উইম্বলডনের কিংস রোডের একটা বাসায়। গত অক্টোবর মাসে জনস্বাস্থ্যবিষয়ক একটা গবেষণার তথ্য সংগ্রহের জন্য কিংস রোডের ওই বাসায় গেলে মিসেস তেরেসকে পাওয়া যায়। আমার আইডি কার্ড দেখে মিসেস তেরেস পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে আমাকে বাসায় ঢোকার অনুমতি দিলেন। সিঁড়ির হাতলের সঙ্গে যুক্ত শক্ত স্টিলের পাতে বাঁধা বৈদ্যুতিক চেয়ারে করে শাঁই করে ওপরে উঠে আমাকে ওপরে গিয়ে বসার জন্য বললেন। আমি ওপরে উঠতেই একটা বিশাল কুকুর আমার সামনে এসে ঘেউ ঘেউ করতে থাকল। মিসেস তেরেস জ্যাক চুপ কর বলতেই ভদ্র ছাত্রের মতো কুকুরটা ড্রয়িংরুমের মাঝখানে বসে পড়ল। কুকুরের এমন পোষ মানার দৃশ্য আগেও অনেক দেখেছি, তাই অবাক না হয়ে কুকুরটাকে হ্যালো জ্যাক বলে সায় দিলাম। মনে হলো, ভদ্রমহিলা আমাকে পেয়ে বাসায় আত্মীয়স্বজন এলে আমরা যেভাবে খুশি হই, তেমনভাবেই খুশি হয়েছেন। আর তাই আমার বিভিন্ন প্রশ্নের জবাব খুব উল্লসিত মনেই দিতে থাকলেন। এভাবে একসময় জেনে গেলাম এমন সুনসান তিন বেডরুমের বাড়িটাতে তিনি একাই থাকেন। তাঁর স্বামী জনাব রবার্ট কিথ ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অফিসার। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে দেশ রক্ষায় অবদান রেখেছিলেন। মিসেস তেরেসের দৃষ্টিতে জনাব কিথ ছিলেন একজন সাহসী বীর পুরুষ। এমন বীর পুরুষ তিনি জীবনে আর একজনও দেখেননি, বলতে বলতে একসময় কেঁদে ফেললেন। জানলাম, ১৯৯৬ সালে জনাব কিথ মিসেস তেরেসকে রেখে পরলোকে চলে যান। আমি পরিবেশ স্বাভাবিক করার জন্য প্রসঙ্গ বদল করলাম। তাঁর দুই মেয়ে। আপনজন বলতে এই দুজনই, তাও মন চাইলেই দেখতে পান না। বড় মেয়ে পেশায় আইন ব্যবসায়ী, থাকেন নিজ পরিবারের সঙ্গে স্কটল্যান্ডের এডিনবরায়। আরেকজন থাকেন স্বামীর সঙ্গে আমেরিকায়। লন্ডনের কেন্দ্রভাগে তাঁর এক নাতনি থাকেন, যিনি মাসে দু-একবার তাঁকে দেখতে আসেন। বড় মেয়ে আসেন দু-এক মাস পর পর আর ছোট মেয়ে বছরে দু-একবার। অবশ্য বড় মেয়ে কয়েক দিন পর পর ফোন করে ওষুধ ঠিকমতো খাচ্ছেন কি না তার খবর নেন। মিসেস তেরেস সপ্তাহে দুই দিন বয়স্কদের একটা ক্লাবে সময় কাটাতে যান। মাঝেমধ্যে ওই ক্লাবের বন্ধুবান্ধবদের বাসায়ও ঘুরতে যান আর তাঁদের দু-একজন আবার তাঁকে দেখতে আসেন। ৮৫ বছর বয়সেও নিজের গাড়ি নিজেই চালান, নিজের বাজার নিজেই করেন এবং নিজের পছন্দমতো রান্নাবান্না করেন। আমি শুনি আর অবাক হয়ে নিজের দেশের কথা ভাবি। এরই মধ্যে হঠাৎ কুকুরটা এসে আমার গা ঘেঁষে বসতে চাইল। আগের মতো বৃদ্ধা আবার যেভাবে নির্দেশ দিলেন, ছাত্র কুকুর তা সেভাবেই মেনে নিল। আমি এই ফাঁকে এমনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম এই কুকুরটা কি আপনাকে খুব পছন্দ করে, আপনিও কি ওকে সেভাবে পছন্দ করেন? মিসেস তেরেস আবেগপ্রবণ হয়ে গেলেন। কুকুরটাকে ছুঁয়ে আদর করতে করতে বললেন, এই জ্যাকই পৃথিবীতে আমার সবচেয়ে আপন। আমি ওকে খুব ভালোবাসি। আমি ঠিক করেছি শিগগিরই এই বাড়িটাকে আমার কুকুর জ্যাকের নামে উইল করে দেব। কারণ, কখন মরে যাই তার তো নিশ্চয়তা নেই। মজা নয়। মিসেস তেরেস গুরুত্ব দিয়েই কথাটা বলেছেন, তাই জিগ্যেস করলাম, কেন, আপনার মেয়েদের দেবেন না। মিসেস তেরেস জবাব দিলেন, আমার মেয়েদের পর্যাপ্ত সম্পদ আছে, তাদের এই বাড়িটাতে কিছুই আসে-যায় না কিন্তু আমার মৃত্যুর পর আমার জ্যাকের দেখাশোনা কে করবে তা নিয়ে আমি প্রায়ই শঙ্কিত হই। তাই ঠিক করেছি, এই বাড়িটা কুকুর জ্যাকের নামে লিখে দিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে বলে যাব আমার মৃত্যুর পর যেন তারা আমার জ্যাকের দেখাশোনা করে। যাই হোক, সময় বাঁচানোর জন্য আমার তথ্য সংগ্রহের কাজ শেষ করে তাড়াতাড়ি বৃদ্ধাকে বিদায় জানিয়ে বের হয়ে এলাম। পরে আমার এক ব্যারিস্টার বন্ধুর সঙ্গে এই বৃদ্ধা তেরেস হেস্কেথের একলা জীবনে কুকুরের অবদান নিয়ে আলোচনা করতে গিয়ে জানলাম যে তিনি সত্যি সত্যিই বাড়িটা কুকুরের নামে উইল করতে পারেন। কারণ, যুক্তরাজ্য বা বিশ্বের উন্নত দেশগুলোতে এমন ঘটনা খুব অস্বাভাবিক নয়। রাশেদুল ইসলামযুক্তরাজ্য থেকে