একসঙ্গে তিন নেতার দেখা মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন নেতাকে সংবর্ধনা জানাতে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে জড়ো হন নেতা-কর্মীরা। চট্টগ্রাম নগর বিএনপির কমিটি গঠন করায় উচ্ছ্বাসের কমতি ছিল না তাঁদের। কিন্তু প্রথম দিনেই যেন একটু ‘হোঁচট’ খেলেন কর্মীরা। একসঙ্গে তিন নেতার দেখা পেলেন না। সভাপতি ও সাধারণ সম্পাদক হাজির থাকলেও অনুপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি।

প্রায় পৌনে সাত বছর পর চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটি গত শনিবার কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। সোমবার বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে তিন নেতাকে সংবর্ধনা জানাতে ফুল নিয়ে আসেন নেতা-কর্মীরা। নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান সেখানে যাননি। এ ঘটনার পর চট্টগ্রাম নগর বিএনপির ঐক্য ‘অটুট’ থাকবে কি না তা নিয়ে সংশয় কাটছে না নেতা-কর্মীদের।

চট্টগ্রাম নগর বিএনপির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পদোন্নতি পেয়ে এবার সভাপতি হয়েছেন। বিদায়ী কমিটির সহসভাপতি আবু সুফিয়ান হয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি। কার্যত এতে পদের তেমন কোনো হেরফের নেই। যুবদলের নগর কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম (বক্কর) নগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আর বিদায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।

সোমবারের সভায় কেন যাননি তা জানতে চাইলে আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘দলের হাইকমান্ড আমাকে নগর কমিটির সভাপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমাকে সভাপতি করা হয়নি। আগের কমিটির সহসভাপতি ছিলাম। এবারও একই পদে রাখা হয়েছে। তাই আমার শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীরা নাসিমন ভবনের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে দেয়নি।’ তিনি আক্ষেপ করে বলেন, অনেক ব্যক্তিকে বড় পদ দেওয়া হয়েছে। আবার অনেক যোগ্য ব্যক্তি ছোট পদে রয়ে গেছেন। এতে একটু অস্বস্তি তো রয়েছে। তবে নগর বিএনপির কমিটিতে থাকা বা সরে যাওয়া নিয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

এ বিষয়ে নতুন সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘বিদায়ী কমিটির তিনি (সুফিয়ান) সহসভাপতি ছিলেন। এবার তাঁকে প্রমোশন দিয়ে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। তাঁকে আমরা সংবর্ধনা অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেছিলাম। তিনি আসেননি। তবে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।’

২০০৯ সালের ডিসেম্বর মাসে পাঁচজনকে নিয়ে চট্টগ্রাম নগর কমিটি গঠন করা হয়। এ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী ২০১১ সালে মারা যান। শেষ পাঁচ বছর চার নেতাকে নিয়েই চলেছে সাংগঠনিক কার্যক্রম। এর মধ্যে দুবার কমিটির পরিসর বাড়ানোর উদ্যোগ নিলেও কেন্দ্র থেকে অনুমোদন পাওয়া যায়নি।

দলীয় একাধিক নেতা জানান, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নগর বিএনপির মধ্যে স্থবিরতা দেখা দিয়েছে। সাংগঠনিক কার্যক্রম নাসিমন ভবনকেন্দ্রিক হয়ে গেছে।

এ বিষয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, ‘চট্টগ্রামের রাজনীতিতে আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর নাছিরউদ্দিনের প্রভাব ছিল এবং থাকবে। আমরা সব পক্ষের মতামত নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করব।’

কমিটি গঠনের বিষয়ে সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগরে বিএনপির সিনিয়র ১৫-১৬ জন নেতা রয়েছেন। তাঁরা আমার কমিটির সহসভাপতি হতে না চাইলে সম্মানিত সদস্য পদে নিয়ে আসব। আমরা নবীন ও প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করব।’

কেন্দ্র থেকে ঘোষিত নতুন কমিটির বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর প্রথম আলোকে বলেন, ‘শাহাদাত, সুফিয়ান ও বক্কর—তিনজনই অল্প বয়স থেকে রাজনীতি করে আসছেন। ছাত্র ও যুবদলের নেতা হিসেবে তিনজনেরই অবদান যথেষ্ট। তবে এই নগরে তাঁদের চেয়ে সিনিয়র (জ্যেষ্ঠ) অনেক নেতা রয়ে গেছেন। ওই সিনিয়র নেতাদের নগর কমিটিতে কীভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার ওপর এই কমিটির সাফল্য-ব্যর্থতা নির্ভর করবে।’

এ বিষয়ে নগর ছাত্রদলের সাবেক সম্পাদক আহমেদ উল আলম চৌধুরী বলেন, গত সাত বছরে নগর বিএনপিতে থানা ও ওয়ার্ড কমিটি না হওয়ায় সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। নতুন কমিটির তিনজনই নতুন প্রজন্মের। তাঁরা এই স্থবিরতা কীভাবে কাটিয়ে তুলবেন তার ওপর সংগঠনের ভবিষ্যৎ নির্ভর করছে।