একসঙ্গে দেড় হাজার মানুষের ইফতার
ভিন্ন ভিন্ন সারিতে একসঙ্গে মেঝেতে বসে আছেন দেড় হাজার রোজাদার। সবার সামনে রাখা আছে নানা পদের ইফতারসামগ্রী। তাঁদের অপেক্ষা সাইরেনের শব্দ শোনার। অপেক্ষার পালা শেষে শব্দ শোনার সঙ্গে সঙ্গে দেখা গেল অন্য রকম দৃশ্য। প্রায় দেড় হাজার রোজাদারের আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতার করার দৃশ্যটি দেখা গেছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বারান্দায়।মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পবিত্র মক্কা ও মদিনায় রোজাদারদের একসঙ্গে ইফতার করার এমন দৃশ্য দেখে অনুপ্রাণিত হন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ মো. আনোয়ার হোসাইন তাহের। এরপর তাঁর তত্ত্বাবধানে ২০০৪ সাল থেকে প্রতিবছর পবিত্র রমজান মাসে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ক্ষুদ্র পরিসরে শুরু হয় একসঙ্গে অনেক মুসল্লির ইফতার আয়োজন। বর্তমানে এর পরিধি বেড়ে বিশাল আকার ধারণ করেছে। আর এই আয়োজনে ধনী-গরিব, মিসকিন, পথিক, তরুণ-বৃদ্ধ মিলে প্রায় দেড় হাজার মুসল্লি একসঙ্গে বসে ইফতার করেন।প্রতিবারের মতো এবারও ইফতারের এই আয়োজন করা হয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বারান্দায়। মুসল্লিরা জানান, আসরের নামাজের পর থেকে সেখানে রোজাদারেরা আসতে শুরু করেন। বিশেষ পুণ্য লাভের আশায় এখানে দিনমজুর, ভিক্ষুকসহ নিম্নবিত্তের মানুষদের সঙ্গে ইফতারে অংশ নেন স্থানীয় ব্যবসায়ীসহ মধ্যবিত্ত ও উচ্চবিত্তের অনেক মানুষ। আন্দরকিল্লা এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘এত রোজাদারের সঙ্গে ইফতার করলে সওয়াব ও তৃপ্তি দুটোই পাওয়া যায়। তাই প্রতিদিন ইফতার করতে এখানে চলে আসি।’ এখানে ইফতার করতে জমায়েত হওয়া রোজাদারদের উদ্দেশে প্রতিদিন আসরের নামাজের পর শুরু হয় পবিত্র কুরআনের তাফসির। তাফসির শেষে মোনাজাত হয় রোজাদারদের নিয়ে। এরপর সবাই শরিক হন ইফতারে। মসজিদের খতিবের তত্ত্বাবধানে ইফতারের এই আয়োজনে সহযোগিতা করেন মসজিদের মুসল্লি পরিষদ।খতিবের সহকারী হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, ‘রোজার শুরুতে ইফতারে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকে। একপর্যায়ে তা দুই হাজার ছাড়িয়ে যায়।’ মসজিদ কর্তৃপক্ষ সূত্র জানায়, এখানে ইফতারি দেওয়ার জন্য প্রতিবছর চট্টগ্রামের দুই ধনাঢ্য ব্যবসায়ী এগিয়ে আসেন। তবে তাঁরা কখনোই তাঁদের নাম প্রকাশ করতে চান না। এবারের আয়োজনেও রয়েছে তাঁদের পৃষ্ঠপোষকতা। তবে যে কেউ চাইলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইফতারের জন্য যেকোনো ধরনের সাহায্যে এগিয়ে আসতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মসজিদ প্রাঙ্গণে নিজস্ব বাবুর্চি দিয়ে ইফতার তৈরি করা হয়। প্রত্যেক রোজাদারের জন্য বরাদ্দ প্রায় ১৫ টাকা। এ বছর দেওয়া ইফতারসামগ্রীর মধ্যে আছে মুড়ি, ছোলা, খেজুর, জিলাপি, আলুর চপ, সমুচা ও শরবত। মসজিদের ২০ জন কর্মচারী ও কিছু স্বেচ্ছাসেবী মুসল্লি ইফতারি সরবরাহে সহযোগিতা করেন। ৯০০টি ছোট প্লেট ৭০-৮০টি বড় থালায় ইফতারি পরিবেশন করা হয়। একেকটি থালায় প্রায় ১০ জন ইফতার করতে পারেন।এলাকায় ভিক্ষা করেন করিম আলী। তিনি প্রতিদিন ছেলেসহ ইফতার করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। করিম আলী বলেন, ‘একডা ভালা কাজ করছে তারা। এইখানে পোলাডারে লইয়া শান্তিমতো ইফতারি করবার পারি।’