একসঙ্গে মিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: মূর্ছনার সৌজন্যে
ছবি: মূর্ছনার সৌজন্যে

আড্ডা-গানের সঙ্গে চিন্তাশীল ও গঠনমূলক কাজ। এই শব্দগুলো তারুণ্যের সঙ্গেই বেশি মিলে যায়। অনেক তরুণ বিভিন্ন সংগঠন বা ক্লাবে তাঁর নানা মতের প্রকাশ ঘটান। এসব সংগঠন বা ক্লাব যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে, তেমনি ভার্চ্যুয়াল জগতেও আছে বিভিন্ন সংগঠন, যা গ্রুপ নামে পরিচিত। আজ থেকে কয়েক বছর আগেও সংগঠনগুলো পাড়া-মহল্লায় গড়ে উঠত। লেখাপড়ার পাশাপাশি তরুণেরা আর কিছু করেন না, এই ধারণাটি তাঁরা রাতারাতি বদলে দিয়েছেন। এসব সংগঠনের মাধ্যমে যেমন জ্ঞান অর্জন করা সম্ভব হচ্ছে, তেমনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং নিজেদের সাহিত্য-সংস্কৃতি তুলে ধরারও সুযোগ আছে। এমনটা জানা গেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী নাসিয়াত ফাইজার সঙ্গে কথা বলে। তিনি বুয়েটের ‘মূর্ছনা’ নামক সংগঠনের সদস্য। তাঁদের সংগঠনটি প্রতিবছর আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নেন। এসব সংগঠনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগও করতে পারছেন। বন্ধুত্ব বা পারস্পরিক জানাশোনা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেই থেমে থাকছে না।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠনগুলো তাদের কার্যক্রমের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে। ঠিক এমনই একটি জনপ্রিয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি’। সুস্থ চলচ্চিত্র, সুস্থ দর্শক—এটিই তাদের মূল লক্ষ্য। প্রতিবছর তারা ‘ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আয়োজন করছে। এই ক্লাবের সাধারণ সম্পাদক চিশতি অনিমেষ বলেন, শুধু তা-ই নয়, প্রতি বৃহস্পতিবার পাঠচক্রের আয়োজন করি আমরা। যেখানে নিজেদের বিভিন্ন আইডিয়া জানতে ও জানাতে পারছি। প্রকাশনা বের করা, চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনও করা হয় নিয়মিত।
এসব সংগঠন অনেক সময় সামাজিক কাজকর্ম এবং সামাজিক দায়িত্ব পালনেও সহায়তা করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য সাব্বির আহমেদ মনে করেন, সামাজিক দায়িত্ব পালনে এমন সংগঠন বড় ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের তরুণদের একটা বড় অংশ বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করছে। এই সামাজিক যোগাযোগের মাধ্যম এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন তাঁরা। কয়েকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। তাঁরা নিজেরাও বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত। শুধু একটি বাটন টিপলেই বর্তমানে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। হয়তো কারও শিক্ষা-বিষয়ক কিছু জানা প্রয়োজন, সে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিল ফেসবুকের কোনো শিক্ষার সঙ্গে যুক্ত গ্রুপে। সঙ্গে সঙ্গে উত্তরও পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে কারও হয়তো রক্ত প্রয়োজন, সেও ফেসবুকের রক্তের সঙ্গে যুক্ত কোনো গ্রুপে পোস্ট করার ফলে তৎক্ষণাৎ সাহায্য পেতে পারছে। এ ছাড়া নিজেদের নিত্যপ্রয়োজনীয় যেকোনো জিনিসের জন্য এসব গ্রুপ থেকে নানা রকম সাহায্য পাওয়া যাচ্ছে। তরুণেরা শুধু পড়াশোনাতেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না, তাঁরা কাজ করছেন চারপাশের জন্য। তাঁদের রুখবে কে?