আওয়ামী লীগের দুই বৈরী নেতা—নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তবে একসঙ্গে ফুল দেওয়ার পরপর এ দুই নেতা নগর আওয়ামী লীগের পক্ষে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। গত শুক্রবার রাত ১২টা এক মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারাও ভিড় করেন। প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়ান মন্ত্রী আফছারুল আমীন। এ সময় সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এসে তাঁর পাশে দাঁড়িয়ে একসঙ্গে ফুল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে মাইকে ঘোষণা আসে ‘এখন পুষ্প অর্পণ করছেন মন্ত্রী আফছারুল আমীন। তাঁর সঙ্গে রয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী।’ এ সময় দুই নেতা হাত মিলিয়ে একত্রে ফুল দেন। প্রসঙ্গত, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আফছারুল আমীনের নেতৃত্বে নগর আওয়ামী লীগের দুটি পক্ষ এখন সক্রিয়। দুপক্ষের বিরোধ নিরসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগও নিয়েছেন। এর অংশ হিসেবে চট্টগ্রামের তিন প্রবীণ নেতা ইসহাক মিয়া, সাংসদ মোশাররফ হোসেন ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। তাই স্বাধীনতা দিবসে দুই বৈরী নেতার একত্রে শ্রদ্ধা জানানোর দৃশ্যটি উপস্থিত অন্য নেতা-কর্মীদের মধ্যে আশা সঞ্চার করেছে। মন্ত্রীর পর সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাংসদ নুরুল ইসলামসহ অন্যরা শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রী আফছারুল আমীন পুনরায় নগর আওয়ামী লীগের একাংশের পক্ষে ও মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আ. লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।এ ছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানান নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা। পরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। স্বাধীনতা দিবস উপলক্ষে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ও শরীর কসরত প্রদর্শনী (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বাধীনতা মেলা পরিষদ নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এদিকে, স্বাধীনতা দিবস উদ্যাপন শুরু হয় ২৫ মার্চ সন্ধ্যা থেকে। শুক্রবার সন্ধ্যায় কালরাত স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও যুব ইউনিয়ন।