
৬ নভেম্বর ফেসবুক খুলতেই মোটামুটি ধাক্কা খেলাম। নিউজফিডজুড়ে একটাই খবর—ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলা, নিহত মানুষের সংখ্যা শত ছাড়িয়েছে! এর পরপরই অনেকেই নিজের ফেসবুক প্রোফাইলের ছবিটির ওপরে ফ্রান্সের পতাকার ছায়া (ফিল্টার) যোগ করে প্যারিসে নিহত ব্যক্তিদের প্রতি একদিকে যেমন সহানুভূতি প্রকাশ করেছেন, অপর দিকে সেই হামলার প্রতিবাদে হয়েছেন মুখর। শুরুটা হয় ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রোফাইল ছবি পরিবর্তনের মধ্য দিয়ে। শুধু প্যারিসের ঘটনা না, এর আগেও দেশের রানা প্লাজা দুর্ঘটনার বা অন্য যেকোনো ঘটনায় তরুণেরা এক হয়েছেন। ফেসবুকে যখন এ সুবিধা ছিল না, তখনো তরুণেরা যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কখনো কালো, কখনো লাল, আবার কখনো-বা ভিন্ন কোনো ছবি প্রোফাইলে দিয়ে জানিয়েছেন সহমত, করেছেন প্রতিবাদ। আর যেকোনো বিপর্যয়ে তরুণ-হৃদয়ই সাড়া দেয়, জানাতে চায় প্রতিবাদ। এমনকি নিজের পছন্দের ফুটবল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সমর্থনেও তরুণদের মধ্যে ছিল মিষ্টি-মধুর প্রতিদ্বন্দ্বিতা।
প্রতিবাদের ভাষা
একেক সময় প্রতিবাদের ভাষা একেক রকম হয়। তাই প্রোফাইলের ছবিতেও আসে পরিবর্তন। তবে এ নিয়ে দ্বিমতও করেছেন অনেক তরুণ। অনেকে প্রশ্ন তুলছেন, কেন শুধু শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে প্রোফাইলের ছবিতে পরিবর্তন আনব, কে শুনবেন আমার কথা, অন্য ঘটনাগুলোতে কেন এমনটা করা হলো না ইত্যাদি। কিন্তু কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে প্রতিবাদ জানানো মানে এই না যে ভিন্ন কোনো ঘটনায় সমর্থন বা প্রতিবাদ জানাচ্ছি না। এক ঘটনার সঙ্গে অন্যটি যুক্ত না করাটাই যুক্তিযুক্ত বলে মনে করেন তরুণ অনিন্দ্য সাইমুম। ফেসবুকে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্যারিসের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করতেই প্রোফাইল ছবি পাল্টেছি। অনেকে প্রশ্ন তুলছেন সিরিয়া বা ইরাক ইস্যুতে কেন করিনি। গাজার ঘটনায় ছবি পরিবর্তনের সুযোগ ছিল না, তাই স্ট্যাটাসে প্রতিবাদ করেছি, পথেও নেমেছি। একেকটা ইস্যুতে প্রতিবাদের ভাষা একেক রকম, এতে বিভক্ত হওয়া উচিত না।’
নিজের অবস্থান তুলে ধরতে
নিজের বক্তব্য কাদের কানে পৌঁছাবে এটা মুখ্য না বলেই মনে করেন অনেকে। বন্ধুতালিকার বন্ধুরা তো জানছেন! অন্তত নিজের অবস্থান পরিষ্কার করাটাও একটা উদ্দেশ্য বলে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়া প্রবাসী হানস্যু ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু মো. জুবায়ের। তিনি জানান, ‘আসলে যেকোনো অবস্থাতেই যে আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এটা বোঝাতেই প্রোফাইল ছবি পরিবর্তন করা। শুধুই ফ্রান্সের জন্য ব্যাপারটা এমন না। এর আগে ফিলিস্তিনের জন্য হ্যাশট্যাগ বা লিবিয়ার জন্য লাল প্রোফাইল ছবি দিয়েছিলাম।’
মত প্রকাশের অবাধ মাধ্যম
অবাধে নিজের মত প্রকাশের মাধ্যম হিসেবে অনেকেই বেছে নিয়েছেন ফেসবুক। এখানে নিজের মনের কথাগুলো একদিকে যেমন বন্ধুতালিকার মানুষের কাছে পৌঁছাচ্ছে, অপর দিকে সব সীমা পেরিয়ে পৌঁছে দিচ্ছেন সারা বিশ্বের মানুষের কাছে। সবার সম্মিলিত কণ্ঠস্বর নিশ্চয় কোনো পরিবর্তন আনবে, এমনটাই বিশ্বাস তাঁদের। স্বপন রহমান তাঁদেরই একজন। তিনি বলেন, ‘আমাদের মত প্রকাশের অবাধ মাধ্যম বলা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমকে। এখানে যেকোনো কিছু দ্রুত ছড়িয়ে পড়ে সবার কাছে। আমার একার কথা হয়তো ফ্রান্সে গিয়ে পৌঁছাবে না, তবে সবার সম্মিলিত কণ্ঠস্বর নিশ্চয় সারা বিশ্বের নজরে আসবে।’
জানতে পারছি ঘটনার তীব্রতা
অনেকের কাছেই সামাজিক যোগাযোগের মাধ্যম সব সংবাদের উৎস। ফেসবুকেই তাঁরা জানতে পারেন ঘটনার তীব্রতা, ঘটনার পেছনের বাস্তবতা। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী তাসমিহ্ তাবাসসুম। তিনি প্রোফাইলের ছবিটি পরিবর্তন করেননি বটে। তবে জানিয়েছেন পূর্ণ সমর্থন। তিনি বলেন, ‘আমরা তরুণেরা কে কী ভাবছি, ঘটনাগুলোকে কীভাবে দেখছি তা জানতে পারছি, জানাতেও পারছি। অনেক সময় ঘটনার তীব্রতা, পেছনের বাস্তবতাটা বুঝতে পারছি। এটাকে অবশ্যই ভালো বলা উচিত।’
সমর্থনেও প্রোফাইল ছবি
শুধুই কি প্রতিবাদ? সমর্থন জানাতেও প্রোফাইলের ছবি পরিবর্তন করছেন তরুণেরা। কার পছন্দের দলটির পতাকার সংখ্যা ভারী হবে তা নিয়ে অনেকেই অবতীর্ণ হচ্ছেন মধুর প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র মো. তানভীরুজ্জামানের ফেসবুক প্রোফাইলে তাঁর নিজের ছবিটি দেখা যায় কি যায় না অবস্থা। তিনি প্রথমে ইউরোপীয় ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থনে প্রোফাইলের ছবিটি সাজিয়েছিলেন ক্লাবটির পতাকা দিয়ে। প্যারিসের ঘটনার পর সে ছবির ওপরেই ফ্রান্সের পতাকাও দেখা যাচ্ছে। জানতে চাইলে বলেন, ‘প্যারিসে গিয়ে তো আর প্রতিবাদ জানানো আমার পক্ষে সম্ভব না, তাই ফেসবুকে ছবি পরিবর্তন। আর প্রিয় দল বার্সেলোনাকে সমর্থন করি বলেই ছবিতে সেটাও আছে। এ ক্ষেত্রে আমার বন্ধুদের জানানোটাই উদ্দেশ্য।’
তরুণেরা চলমান ঘটনা নিয়ে নানা মত দিচ্ছে। কখনো একমত হচ্ছে। কখনো জড়িয়ে পড়ছে বিতর্কেও। কিন্তু দিন শেষে চণ্ডীদাসের কথাটাই সবচেয়ে সত্যি মনে হয়। সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই।