একসঙ্গেই মুকুল আর কাঁচা-পাকা আম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের এক পাশে মুকুল। অন্য পাশে থোকায় থোকায় কাঁচা-পাকা আম। এমন দৃশ্য দেখা যাবে বারি আম-১১-এর গাছে। নিজেদের উদ্ভাবিত আমের এই জাতের ফলন ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি গবেষণা কেন্দ্র।
এ লক্ষ্যে গত সোমবার নগরের পাহাড়তলীর কৃষি গবেষণা কেন্দ্রে বারি আম-১১–এর কর্মকর্তা ও উদ্যোক্তাদের সমন্বয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে আমের ফলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
মাঠ দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মদন গোপাল সাহা ও গোলাম মোর্শেদ আব্দুল হালিম, হাটহাজারী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আমীন এবং রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাব হোসেন। সভাপতিত্ব করেন পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম হারুনুর রশীদ। বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও হৈমন্তী বড়ুয়া।
মহাপরিচালক বলেন, বারি আম-১১ (বারো মাসি) সারা বছর ধরে ফলন দেবে। এটা একটি যুগান্তকারী উদ্যোগ। পাহাড়তলী গবেষণা কেন্দ্রে ১০০টি বারি আম-১১–এর মাতৃবাগান স্থাপন করা হয়েছে। যেখান থেকে ভবিষ্যতে কৃষকদের মধ্যে হাজার হাজার চারা ও কলম বিতরণ করা সম্ভব হবে।
পরে তিনি বারি আম-১১–এর একটি চারা রোপণ করেন। সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।