একসময়ের বর্জ্য এখন হাজার টাকা দামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অখাদ্য ও বর্জ্য মনে করে একসময় ফেলে দেওয়া হতো। কিন্তু এখন প্রতিকেজি সাত থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে কামিলা ও পোপা মাছের পটকা (ফৎনা)।কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিসারি ঘাটের ব্যবসায়ী বাদশা মিয়া (৫০) জানান, আগে মাছের পেট কেটে এগুলো ফেলে দেওয়া হতো। শেয়াল, কুকুর ও নানা সামুদ্রিক পাখিরা খেত। আর এখন যেন এগুলো সোনার মতোই দামি। বহু ব্যবসায়ী কিনে নিয়ে যান এবং জেলেদের কোটি কোটি টাকা আগামও দিয়ে রাখেন।বাদশা মিয়া জানান, পটকা রপ্তানি হচ্ছে হংকং, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে। এগুলোর স্যুপ সেখানে খুব জনপ্রিয়। স্বাদ ও গুণ বেশি বলে পোপা ও কামিলা মাছের পটকার কদরও বেশি। গত রোববার সকালে শহরের ফিসারি ঘাটে গিয়ে দেখা গেছে, ৩০-৪০টি ট্রলার থেকে প্রচুর কামিলা মাছ বিক্রি করা হচ্ছে। এফবি সোহেল নামের ট্রলারের জেলে কবির আহমদ (৪৫) জানান, সমুদ্র উপকূলে এখন ঝাঁকে ঝাঁকে কামিলা ধরা পড়ছে। সাপের মতো দেখতে বলে অনেকেই এই মাছ খান না। তবে আদিবাসীরা এই মাছ খুব পছন্দ করেন। বেশ কয়েকজনকে দেখা গেছে, কামিলা মাছের পেট কেটে পটকা বের করে বাঁশের ঝুড়িতে বরফ দিয়ে সংরক্ষণ করছেন। পরে এগুলো ঢাকা, চট্টগ্রামে সরবরাহ করা হবে। ব্যবসায়ীরা জানান, জেলেদের কাছ থেকে তাঁরা প্রতিকেজি কামিলা ৩২০ থেকে ৩৪০ টাকায় কিনে নেন এবং পেট কেটে পটকা বের করেন। এ পটকা তাঁরা বিক্রি করেন প্রতিকেজি সর্বোচ্চ ১০ হাজার টাকায়। আর কামিলা মাছের মাংসও বিক্রি হয় কেজি ১৫০ থেকে ১৭০ টাকায়। অনেকে শুঁটকি করার জন্যও কামিলা কিনে নেন। ব্যবসায়ী বাদশা মিয়া জানান, গত রোববার তিনি প্রায় চার হাজার কামিলা মাছ কিনেছেন। আগের দিন কিনেছেন আড়াই হাজার। অন্তত ১০ জন ব্যবসায়ী দৈনিক ২০ হাজারের বেশি কামিলা মাছ কিনে বিক্রি করছেন। এতে তাঁদের প্রচুর লাভ থাকছে। ব্যবসায়ী জাফর আলম (৫৬) জানান, শীতের এই মৌসুমে উপকূলে ঝাঁকে ঝাঁকে কামিলা মাছ ধরা পড়ে। শীত যত বাড়ছে, কামিলাও তত বেশি ধরা পড়ছে। বিদেশে এই মাছের চাহিদা থাকায় বেচাবিক্রিও হচ্ছে চড়া দামে। অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী, কুতবদিয়া উপকূলেও কামিলা মাছ ধরা পড়ছে এবং মাছের পটকা সংরক্ষণ করা হচ্ছে।কক্সবাজার সামুদ্রিক মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পোপা ও কামিলা মাছের চাহিদা খুব বেশি। বিশেষ করে পোপা ও কামিলা মাছের পটকা হংকং, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের অধিবাসীদের খুবই প্রিয় খাদ্য। তাঁরা এসব দিয়ে দামি ও সুস্বাদু স্যুপ তৈরি করে খান। আর পোপা মাছকেও শুঁটকি করে স্যুপ তৈরি করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, শীতকালে উপকূলে এই জাতীয় মাছ বেশি ধরা পড়ে। স্থানীয়ভাবে চাহিদা না থাকলেও এই মাছ ও মাছের পটকা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।