জায়গাটায় হ্রদ আর জলাশয় ছিল একসময়। এখন ধু ধু প্রান্তর, পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি। চিলির আতাকামা ডেজার্ট। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এ তথ্য দিয়েছেন।
ওই বিজ্ঞানীরা আতাকামার অনুর্বর সমভূমির নিচে স্বাদুপানির আধারের চিহ্ন এবং প্রাণীর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ফলে সেখানে একসময় হ্রদ ও জলাশয় ছিল, এমন ধারণা জোরালো হচ্ছে। সম্ভবত সেই পানির সময়কাল ছিল ৯ হাজার এবং ১৭ হাজার বছরের মধ্যে।
সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের এক বৈঠকে ওই গবেষকেরা বলেন, আদি বসতি স্থাপনকারীদের জন্য অঞ্চলটা বেশ উপযোগী ছিল বলেই ইঙ্গিত মিলছে।
বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্কো ফেইফার বলেন, ওই মরুভূমির ভেতর দিয়ে যাওয়ার সময় লবণের সাদা আবরণ দেখা যায়। আর সেগুলো খুঁড়লে যে অতীত অবস্থার আভাস মেলে, সেটা কল্পনা করাও কঠিন।
আতাকামা মরুভূমিতে প্রতিবছর গড়ে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর কয়েকটি অংশে কার্যত কোনো বৃষ্টিই হয় না। তবে সর্বশেষ গবেষণায় ইঙ্গিত মিলছে, ওই অতি শুষ্ক এলাকার কেন্দ্রেও এককালে শ্যামলিমা ছিল। কারণ, সেখানে এমন কিছু জৈব উপাদানের চিহ্ন রয়েছে, যেগুলো কেবল পানিতে বা কাছাকাছি এলাকায়ই টিকে থাকতে পারে। সেই জলাশয় এলাকাটি সম্ভবত বর্তমান মরুভূমির প্রায় ৬০০ বর্গকিলোমিটার জুড়ে ছিল। আর সময়টা ছিল ৯ হাজার থেকে ১৭ হাজার বছর আগে। শিকারিরা তখন উত্তর থেকে দক্ষিণ আমেরিকায় গিয়ে উপনিবেশ স্থাপনের কাজ শুরু করেছিল।
প্রত্নতাত্ত্বিকেরা মনে করতেন, ওই প্রাচীন জনগোষ্ঠী মরু এলাকা এড়িয়ে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তবে জলাশয়ের উপস্থিতির চিহ্ন দেখে মনে হচ্ছে, সেখানেও মানুষ বসবাসের উপযোগী পরিবেশ পেয়েছিল।