একা এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মার্চ ৮৪ বছরে পা দেবেন মেহেরুননেসা চৌধুরী। ঢাকায় ধানমন্ডির বাড়িতে থাকেন তিনি। ছেলে ফুয়াদ চৌধুরী ও ফয়সাল চৌধুরী থাকেন দেশের বাইরে। বাড়িতে অবশ্য তাঁর দেখভালের জন্য আছেন পাঁচজন। এঁরাই এখন তাঁর পরিবার। একা মানুষটি সারা দিন কীভাবে সময় কাটান, সেই গল্প জানা যাক। মেহেরুননেসা চৌধুরী ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করেন। এরপর বরিশাল মহিলা কলেজে ইতিহাস বিভাগে শিক্ষকতা করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পূর্ণকালীন হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তিনি রোকেয়া হল ও শামসুননাহার হলের প্রভোস্ট পদে নিয়োজিত ছিলেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের উপপরিচালক পদে যোগদান করেন। এই দপ্তরের প্রথমে ভারপ্রাপ্ত ও পরে পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ অবসর গ্রহণের পর লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে কাজ করেন। রাতে একটু দেরিতে ঘুমানোর অভ্যাস তাঁর। ফলে খুব সকালে উঠতে পারেন না ঘুম থেকে। সাড়ে সাতটার দিকেই সাধারণত ওঠেন। এরপর নাশতার তদারকি করেন। বাড়ির সবাই ঠিকমতো নাশতা করেছে কি না। এরপর সংবাদপত্র হাতে নিয়ে নাশতা করতে বসেন। সকালের নাশতার ফলের রসটা নিজের হাতেই বানান। সব কাজই নিজে করার চেষ্টা করেন। তাঁর দেখভালের জন্য যাঁরা আছেন, তাঁদের একজনের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে আছে। ইয়াসমিন তার নাম। স্কুলে যাওয়ার আগে ইয়াসমিনের লেখাপড়াও তিনি করান। মাছ-মাংস ও শুকনো খাবার মাসে একবার করে কিনে ফ্রিজে রেখে দেন। প্রতিদিন শাকসবজি তাজা কিনে আনেন। বাবুর্চি রয়েছে। ফলে শুধু মেনুটা ঠিক করে দেন। তবে ছেলেরা ঘুরতে এলে নিজেই রান্না করেন। নাতিরা তাঁর হাতের তেহারি ও রোস্ট খেতে ভালোবাসে। দুপুরে খাবার খেয়ে বই হাতে নিয়ে বসেন। তখন খানিকটা ঘুমিয়েও নেন। এটা তাঁর বহুদিনের অভ্যাস। বিকেলে ইয়াসমিনকে সঙ্গে নিয়ে ছাদে হাঁটতে যান। বিকেলে চা ছাদেই খাওয়া হয় তাঁর। এরপর আবার বই। রাতের দিকে টিভিতে খবর দেখেন। আর ধারাবাহিক নাটক গুলশান এভিনিউ ও ভারতীয় ধারাবাহিক দেখেন। এসব অবশ্য সময় কাটাতেই দেখেন। আগে মাঝে মাঝে ছেলেদের কাছে বেড়াতে যেতেন। এখন হাঁটুর ব্যথার কারণে এত দীর্ঘ সময় ভ্রমণ করতে পারেন না। ফলে ছেলেরাই দেশে পরিবারসহ আসেন মাকে দেখতে। স্কাইপে ভিডিও কল করে ছেলেদের সঙ্গে কথা বলেন, তাদের দেখেন। মোবাইল ফোনের যোগাযোগ তো আছেই।রাতের খাওয়াদাওয়া শেষে আবার বই নিয়ে পড়তে থাকেন। ইদানীং হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদার ও সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়ছেন। তিনি বলেন, ‘ক্লাস সিক্স-সেভেনে পড়ার সময় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের বই পড়েছি। এখন এ সময়ের লেখকদের বই পড়ছি। বই পড়েই আসলে সময় কাটাই। আমরা ১০ বোন ও এক ভাই। সবাই ভীষণ পড়ুয়া। ছোটবেলা থেকেই মা-বাবা বই পড়তে খুব অনুপ্রেরণা দিতেন।’অবসরেও যেন অবসর মেলে না মেহেরুননেসার। সময় পেলেই বোনদের বাড়ি ঘুরতে যান, ছাদে ও বারান্দার ছোট্ট বাগানের গাছগুলোর পরিচর্যা করেন। এত বয়সেও মনটাকে তরুণ রেখেছেন। তবে এই একা জীবনে যেন অভ্যস্ত তিনি। বলেন, ‘এখন আর খারাপ লাগে না। অনেক দিন ধরেই তো একা আছি। তবে মাঝে মাঝে তিন নাতিকে খুব মনে পড়ে।’