একাডেমিক ভবনের কাজ চলছে সাত বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম একাডেমিক ভবনের (জীববিজ্ঞান অনুষদ) নির্মাণকাজ এখনো চলছে। সাত বছর আগে ২০০৩ সালের প্রথম দিকে এ ভবনের নির্মাণকাজ শুরু হয়। এ ও বি—দুটি ব্লকে ভাগ করে নির্মাণকাজ চলছে। এ ব্লকের কাজ শেষ হয়েছে। এতে ছয়টি বিভাগের পাঠদান চলছে। বি ব্লকের কাজ এখনো শুরু হয়নি। ফলে অনুষদের দুটি বিভাগের শিক্ষাকার্যক্রম চলছে অন্য অনুষদ ভবনে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদ ভবন নির্মাণের প্রকল্প একনেকে পাস হয় গত আওয়ামী লীগ সরকারের আমলে (১৯৯৬-২০০১)। তবে প্রকল্প আলোর মুখ দেখার আগেই ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের। ফলে কয়েক বছর এ প্রকল্পটি ঝুলে থাকে। বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই বছর পর প্রকল্পটি আলোর মুখ দেখতে শুরু করে। ২০০৩ সালে তৎকালীন উপাচার্য এ জে এম নুরুদ্দিন চৌধুরীর সময় এ ভবনের নির্মাণকাজ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘জীববিজ্ঞান অনুষদ ভবন নির্মাণ প্রকল্প বিরাট একটি কাজ। এখনো নির্মাণকাজ চলছে। ধাপে ধাপে এর প্রক্রিয়া শেষ হচ্ছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজও শেষের দিকে।’ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, ‘জীববিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় পর্যায়ের কাজ প্রায় শেষ। তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ আগামী অক্টোবরের দিকে শুরু হবে।’ জানা গেছে, তিনটি পর্যায়ে এ ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা। ইতিমধ্যে প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শেষের দিকে। এ পর্যায়ের নির্মাণব্যয় ধরা হয়েছিল ১৮ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের বাজেট বইয়ের তথ্যানুযায়ী, ২০০৯-২০১০ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ভবনের নির্মাণে বাজেট রাখা হয় ২৯ কোটি দুই লাখ ৫০ হাজার টাকা। ওই অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় সাড়ে পাঁচ কোটি টাকা। এর পর ২০১০-২০১১ অর্থবছরে বরাদ্দ রাখা হয় পাঁচ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকা।বি-ব্লকের ভবন নির্মাণের কাজ শেষ না হওয়ায় জীববিজ্ঞান অনুষদের দুইটি বিভাগের শিক্ষাকার্যক্রম চলছে বিজ্ঞান অনুষদ ভবনে। বিভাগ দুইটি হচ্ছে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যা। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি মোকতার আহমেদ বলেন, ‘অন্য অনুষদ ভবনে আমাদের ছয়টি কক্ষ দেওয়া হয়েছে। কিন্তু পুরোপুরি নির্মাণকাজ শেষ না হওয়ায় সেখানে শিক্ষাকার্যক্রম এখনই শুরু করা সম্ভব না।’অনুষদ সূত্রে জানা যায়, ভবনটিতে এখনো কোনো মিলনায়তন নির্মাণ করা হয়নি। ফলে অনুষদের সেমিনার-সভা অনুষ্ঠিত হচ্ছে বিভাগগুলোর বারান্দায়। সম্প্রতি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘বাংলাদেশে নগরায়ণ ও গণতন্ত্রায়ণ’ শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার বিভাগের বারান্দায় অনুষ্ঠিত হয়। এ সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষ প্রান্তে অবস্থিত নতুন জীববিজ্ঞান অনুষদ ভবন। অনুষদের সকল বিভাগই ব্যবহারিক ক্লাস নির্ভর। এ ভবনে বর্তমানে ছয়টি বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থীর পাঠদান চলে। এসব শিক্ষার্থীর জন্য এ ভবনে কোনো ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া নেই। ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী হেদায়েত উল্লাহ ও নকিব উদ্দিন বলেন, ‘অনুষদ ভবনে কোনো ক্যান্টিন না থাকায় দুপুরের খাবার খেতে আমাদের দূরের চাকসু ক্যাফেটেরিয়া অথবা কলা অনুষদের ঝুপড়িতে যেতে হয়। এতে সময় ও শ্রম নষ্ট হয়।’