হাওয়ার শোঁ শোঁ শব্দে কানে তালা লাগার জোগাড়। মনে হলো, খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে কোনো বোমারু বিমান। থেকে থেকে শোনা যাচ্ছিল কামানের গোলার নিক্ষেপের মতো একটানা গুড়ুম গুড়ুম আওয়াজ।
মাইক্রোফোন হাতে যুদ্ধের এমন মুহূর্ত রচনা করছিলেন শিল্পী পলাশ ভট্টাচার্য। যুদ্ধের ধ্বংসের ছবিটাও যেন দর্শকদের সামনে হাজির করতে চাইলেন আরেক হাতে থাকা ট্যালকম পাউডারের কৌটা থেকে পাউডার ছিটিয়ে ।
গত শনিবার ইয়াপ্রি আর্ট কালেক্টিভ আয়োজিত ‘একাত্তর মিনিট ষোল সেকেন্ড’ শিরোনামে পারফরম্যান্স প্রদর্শনীতে পলাশসহ ১১জন শিল্পী ১৯৭১ সালের তীব্র মুহূর্তকে দর্শকদের সামনে তুলে ধরলেন। নগরের শিল্পকলা একাডেমীর গ্যালারির নিচতলায় অনুষ্ঠিত এই পারফরম্যান্স প্রদর্শনী সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে ৭১ মিনিট ১৬ সেকেন্ড ধরে চলে বিরতিহীনভাবে। পারফরম্যান্সের শিরোনামের সঙ্গে ৭১ ও ১৬ সংখ্যা দুটি জুড়ে দিয়ে আয়োজকেরা একাত্তরের ঘটনা প্রবাহের মধ্যে টেনে আনতে চেয়েছেন দর্শককে।
শিল্পী নিলুফার চ্যামনের পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একটি বড় কাঁসার পাত্রে লাল আবির ছিটিয়ে দেন তিনি। চারপাশে বসে থাকা দর্শকদের হাতে তুলে দেন প্রজ্জ্বলিত প্রদীপ। গ্যালারিজুড়ে সৃজনের এক ধ্যানমগ্ন পরিবেশ রচিত হলেও তা ছিল ক্ষণস্থায়ী। কাঁসার পাত্রের গায়ে লোহার দণ্ড দিয়ে মুহুর্মুহু আঘাত করে সব যেন লন্ডভন্ড করে দিতে চাইলেন শিল্পী। লাল আবির ছলকে পড়ে মেঝের সাদা কাপড় রঞ্জিত হয়। রচিত হয় রক্তাক্ত মুহূর্ত।
সেই রক্তাক্ত মুহূর্তই একাত্তর। আর তাই গোটা মাতৃভূমি—মা রক্তের ঝালর গায়ে চড়ালেন যেন। শিল্পী দিলারা বেগম জলি হাজির হলেন তেমন রক্ত-লাল পোশাক পরে। মুখটা বেদনা আর যন্ত্রণায় ফ্যাকাশে। সামনে যাদের পেলেন, টেনে নিয়ে চললেন রক্তাপ্লুত সংগ্রামের পথে।
এমন সব খণ্ড আখ্যান আর গল্পের মধ্য দিয়ে চলতে থাকে পারফরম্যান্স। উঠে আসে যুদ্ধে সন্তান হারানো পিতার আহাজারি, ধর্ষিত নারীর বিলাপ, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের মুহূর্ত।
ময়মনসিংহের সরকারি হাসপাতালের চিকিৎসক অমৃত চক্রবর্তীর সাত বছরের ছেলেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালের ১০ ডিসেম্বরের ঘটনা সেটা। কদিন পর দেশ স্বাধীন হলে অমৃত তাঁর সন্তানের লাশ খুঁজে পান ভৈরব নদীতে। চিকিৎসক অমৃতের সন্তান হারানোর শোকের মাঝে জন্ম নেয় নতুন একটি দেশ। শিল্পী সুমিত চক্রবর্তী তাঁর পারফরম্যান্সে এমন শোকবিহ্বল ঘটনা তুলে আনেন। গলায় মরদেহের ভস্মদানির মতো মাটির পাত্র ঝুলিয়ে সুমিত প্রতিটি দর্শকের কাছে যান। হাতে হাতে ধরিয়ে দেন ছোট করে কাটা কাগজ। সেসব কাগজে লেখা ছিল জানা অজানা শহীদদের নাম।
পারফরম্যান্সে অংশ নেওয়া অন্য শিল্পীরা হলেন জয়দেব রোয়াজা, সঞ্জয় চক্রবর্তী, শারদ দাশ, আফসানা শারমিন, মেহেরুন আক্তার, সুচয়ন পাল ও জুবিলি দেওয়ান।