একাত্তরের দিনগুলি বেঁচে থাকবে

‘একাত্তরের দিনগুলি সারা বছর ভালো বিক্রি হয়। তবে পাঠকের কাছে ডিসেম্বর-জানুয়ারি মাসে এই বইটির চাহিদা বেশি থাকে। আমাদের এখান থেকে যাঁরা এ বইটি কিনে থাকেন, তাঁদের মধ্যে স্কুলপড়ুয়াদের সংখ্যা বেশি।’ জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি নিয়ে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বলেন রাজধানীর বেইলি রোডের বইয়ের দোকান সাগর পাবলিশার্সের ব্যবস্থাপক বিমলেন্দু গুণ।
আজ ৩ মে শহীদজননী জাহানারা ইমামের জন্মদিন। ১৯২৯ সালে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুন্দরপুরে জন্মগ্রহণ করেন। দিনলিপি আকারে লিখিত একাত্তরের দিনগুলি তাঁর অন্যতম গ্রন্থ। তাঁর ৮৭তম জন্মদিন উপলক্ষে পাঠকদের কাছে বইটির চাহিদা কেমন, কোন বয়সীরা এর পাঠক, কোন সময় বেশি বিক্রি হয়—প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছিলাম রাজধানীর আজিজ সুপার মার্কেট, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, বেইলি রোড ও নিউমার্কেটের বইয়ের দোকানগুলোতে।
নিউমার্কেটের বইয়ের দোকান বিশ্বকোষের মালিক তারিকুর রহমান বলেন, সব সময়ই বইটির চাহিদা থাকে। তবে ডিসেম্বর-জানুয়ারি মাসে বেশি বিক্রি হয়। সারা দেশ থেকে প্রচুর অর্ডার আসে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নানা প্রতিযোগিতার পুরস্কার হিসেবে এই বইটি চাহিদার শীর্ষে থাকে বলে জানান তিনি। দোকানমালিকের সঙ্গে কথা বলার সময় দোকানে কয়েকজন ক্রেতা ছিলেন। তাঁদের মধ্যে একজন একাত্তরের দিনগুলি বইটি কিনছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ফাতেমা কলি। বইটি সম্পর্কে ফাতেমা বলেন, ‘মুক্তিযুদ্ধের বিষয়ে পড়া এটি আমার সবচেয়ে প্রিয় বই। প্রথমবার বইটি পড়ে কেঁদেছি।’ ছোট বোনকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দিতেই বইটি কিনছেন বলে জানান তিনি।
একাত্তরের দিনগুলি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। বইটি লেখা হয়েছে ব্যক্তিগত দিনলিপি আকারে। বইটিতে একাত্তরের ১ মার্চ থেকে ১৭ ডিসেম্বরের বর্ণনা আছে। একজন মায়ের চোখে মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের অবস্থা ও গেরিলাদের সাহসী ভূমিকা চিত্রিত হয়েছে বইটিতে। বইটিতে বড় ছেলে শাফি ইমাম রুমীর কথাই এসেছে বেশি। রুমী মুক্তিযুদ্ধে যান এবং শহীদ হন। শিল্পী কাইয়ুম চৌধুরী এর প্রচ্ছদ এঁকেছেন। আর বের হয়েছে প্রকাশনা সংস্থা সন্ধানী থেকে। প্রকাশক গাজী শাহাবুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি কথা বলতে পারেননি।
পাঠক সমাবেশের মহাব্যবস্থাপক পৃথ্বীশ প্রত্যয় খান বলেন, সব ধরনের পাঠক বইটি সংগ্রহ করলেও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও মধ্যবয়সীরা এর মূল ক্রেতা। এর মধ্যে বেশির ভাগই ছোট ভাইবোন বা ছেলেমেয়ের জন্য বইটি নিয়ে থাকেন। উপহার হিসেবে বইটির বেশ কদর রয়েছে।

‘তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার ক্ষেত্রে একাত্তরের দিনগুলির ভূমিকা সবচেয়ে বেশি। এটা কেবল একটি মুক্তিযুদ্ধভিত্তিক বই নয়, এটা একজন মায়ের চোখে, মায়ের আবেগ মিশ্রিত মুক্তিযুদ্ধের অকাট্য দলিল। মুক্তিযুদ্ধের ওপরে লেখা বইগুলোর মধ্যে পাঠকের কাছে চাহিদায় এটি শীর্ষস্থানীয়। বছরব্যাপী বইটি ভালো বিক্রি হয়।’ কথাগুলো বলেন বইয়ের দোকান প্রকৃতির স্বত্বাধিকারী সৈকত হাবীব। এই বইটিই জাহানারা ইমামকে আজীবন পাঠকের কাছে বাঁচিয়ে রাখবে বলে জানান জনান্তিকের স্বত্বাধিকারী সাম্য আহমেদ। ১৯৮২ সালে জাহানারা ইমাম মুখের ক্যানসারে আক্রান্ত হন। এরপর থেকে প্রতিবছরই তাঁকে যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নিতে হতো। ১৯৯২ সালে তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হন। অসুস্থ শরীরেও জাহানারা ইমাম সারাদেশ ঘুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চেতনার সৃষ্টি করেন।
শিল্পী কাইয়ুম চৌধুরীর লেখা আমার জীবনে যত আনন্দ বইয়ে একাত্তরের দিনগুলি বইটির লেখার ইতিহাস মেলে। প্রথমে লেখাটি সন্ধানীর বিজয় দিবস সংখ্যায় ছাপা হয়। তখনই লেখাটি পাঠকের মধ্যে বিপুল সাড়া ফেলে দেয়। এরপর কাইয়ুম চৌধুরীর মাথায় আসে জাহানারা ইমামকে দিয়ে মুক্তিযুদ্ধের পুরো নয় মাসের স্মৃতিচারণা করানোর। তিনি আলাপ করেন সন্ধানীর প্রকাশক গাজী শাহাবুদ্দিন আহমদের সঙ্গে। এ কথা শুনে গাজী শাহবুদ্দিন আহমদ রাজি হয়ে বলেন, ‘সত্যিই বিরাট কাজ হবে।’ এরপর জাহানারা ইমামকে কথাটা বলেন কাইয়ুম চৌধুরী। শোনার পরে শান্ত গলায় জাহানারা ইমাম বলেন, ‘কাইয়ুম ভাই, আমি তো কখনো লিখিনি। এ কাজ তো আমার দ্বারা হবে না। ডায়েরি লিখেছি কিন্তু ছাপার অক্ষরে বই? না না, আমার দ্বারা হবে না।’ কাইয়ুম চৌধুরী তখন বলেছিলেন, বিজয় দিবসের লেখাটা দেখেই মনে হয়েছে এ আপনার দ্বারাই সম্ভব। আপনি লিখুন, আপনি পারবেন।’ এভাবেই রচিত হলো মুক্তিযুদ্ধের অসামান্য এই দলিল একাত্তরের দিনগুলি।