একাত্তরের দুটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১-এর ১৫ মার্চ। বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে, স্বাধীনতার চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতিও চলছে ভেতরে ভেতরে। ওই দিন লালদীঘির ময়দানে চট্টগ্রামের শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের উদ্যোগে চলমান আন্দোলন ও আসন্ন স্বাধীনতাযুদ্ধের সমর্থনে এক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সভায় সভাপতিত্ব করেছিলেন অধ্যাপক আবুল ফজল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আলী আহসান, অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী রশীদ চৌধুরী ও দেবদাস চক্রবর্তী ছিলেন সেই অনুষ্ঠানে। চট্টগ্রাম কলেজের অধ্যাপক ও নাট্যকার মমতাজউদ্দীন আহমদ, নাট্যশিল্পী মাহবুব হাসানসহ অনেকেই এসেছিলেন গণআন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। মনে আছে, সেই দিন বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান বলেছিলেন, ‘আজ যে আন্দোলন চলছে, তাতে জনগণ অনেকখানি এগিয়ে গেছেন। আমরা আজ জনগণের হাত ধরে চলতে চাই। জনগণের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে নিন।’ অনুষ্ঠান চলছিল বেশ ভালোভাবেই। এর মধ্যেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। চট্টগ্রামে অবস্থানরত শিল্পীরা ‘বিদ্রোহী বাঙলা’ নামে ছয়টি স্কেচের একটি সংগ্রহ প্রকাশ করেছিলেন। সেই স্কেচ নিয়ে সবার মধ্যে ছিল বেশ কৌতূহল ও উদ্দীপনা। কিন্তু বিপত্তি দেখা দিল সৈয়দ আলী আহসানের বক্তৃতার সময়। তিনি তাঁর স্বভাবসুলভ কাব্যিক ভাষায় শুরু করলেন, ‘আমরা এতকাল পথ চলেছি। পথ চলতে গিয়ে শুনেছি পাতার মর্মরধ্বনি। কিন্তু আজ আমার চলার পথে ছড়িয়ে আছে রক্ত; এ রক্ত আমার ভাইয়ের বিদীর্ণ বক্ষের। এতকাল পাখির চঞ্চুতে যে গান শুনেছি...।’ সৈয়দ আলী আহসান তাঁর বক্তৃতা আর শেষ করতে পারেননি। এর মধ্যেই শ্রোতারা বেশ উত্তেজিত হয়ে পাথর ছুড়তে শুরু করে মঞ্চের দিকে। সৈয়দ আলী আহসানের একসময়ের ভূমিকার প্রতি ধিক্কার জানানোর জন্যই হয়তো শ্রোতারা এ রকম আচরণ করেছিলেন। এই অবস্থায় অনুষ্ঠানের সভাপতি আবুল ফজল উঠে দাঁড়ালেন। তিনি সবার কাছে অনুষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। মঞ্চের চারদিক ঘুরে ঘুরে জানালেন সেই অনুরোধ। আবুল ফজল তখন চট্টগ্রামের প্রগতিশীল মহলের অভিভাবক হয়ে উঠেছেন। তাঁর অনুরোধে কাজ হলো। তবে বক্তৃতা অনুষ্ঠান আর জমেনি। এরপর শুরু হলো গণসংগীত ও নাট্যানুষ্ঠান। শিল্পী তেজেন সেন তাঁর উদাত্ত কণ্ঠে শুরু করলেন একটি গণসংগীত: ‘আমরা ভেঙেছি আঁধার প্রাচীর/ নতুন সূর্য আনতে,/ ওরা পারেনি মোদের রুখতে/ আর পারবে না কেউ রুখতে।’এই গণসংগীতের রচয়িতা কে, তা জানি না। গানটি জীবনে একবারই শুনেছি, লালদীঘি ময়দানের সেই অনুষ্ঠানে। সেদিন এই গান আমাদের মনে যে উদ্দীপনা জাগিয়েছিল, তা আজও স্মরণে আছে।১৭ ডিসেম্বর, ১৯৭১। আগের দিন মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর কাছে নত হয়ে আত্মসমর্পণ করেছে পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশ মুক্ত। বিজয়ের আনন্দ চারদিকে। স্বাধীন বাংলাদেশের প্রথম পৌষ মাস আর পাকিস্তানের সর্বনাশ। সেই পৌষের শ্রেষ্ঠ ফসল আমাদের বিজয়। চারদিকে তখনো বারুদের গন্ধ। ক্ষণে ক্ষণে বিজয়ী যোদ্ধাদের অস্ত্র গর্জন করে উঠছে। কিন্তু এর মধ্যে কিছু শঙ্কার কথাও শোনা গেল। কয়েকটি স্থানে অবাঙালিদের ওপর আক্রমণের খবর আসতে থাকল। অবাঙালিদের অনেকেই স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের সহযোগী ছিল। এই কারণে তাদের ওপর সবারই আক্রোশ ছিল। আলবদর-রাজাকারদেরও খোঁজা হচ্ছিল, অনেকের বাড়ি-ঘর আক্রান্তও হচ্ছিল। বাংলাদেশ সরকারের কর্তৃত্ব তখনো প্রতিষ্ঠিত হয়নি। এই অবস্থায় ১৭ ডিসেম্বর বিকেলে লালদীঘির মাঠে অনুষ্ঠিত হলো এক নাগরিক সভা। বিজয়ী বাঙালির প্রথম সভা চট্টগ্রামে। নানাদিক থেকে মিছিল করে অনেকেই এসেছিলেন সেই সভায়। অধ্যাপক আবুল ফজলও একটা মিছিলের সামনে ছিলেন। সভা শুরু হলো তাঁরই নেতৃত্বে। লালদীঘি মাঠের দক্ষিণ-পূর্বকোণে, গোয়েন্দা দপ্তরের টিলার ওপরে দাঁড়ালেন তিনি। পেছনে একটি ব্যানার, তাতে লেখা: ‘বাংলাদেশে বসবাসকারী বাঙালি-অবাঙালি-হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সবার ভাই।’ আবুল ফজল বক্তৃতা শুরু করলেন, পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা। পৌষের অপরাহ্নের আলো তখন কমতে শুরু করেছে। স্বাধীনতার পর প্রথম জনসভায় কথা বলতে গিয়ে আবেগে রুদ্ধ হচ্ছিল তাঁর কণ্ঠ। আবেগকে কিছুটা সংযত করে, কণ্ঠে কিছুটা দৃঢ়তা এনে বললেন, ‘আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের আনন্দের শেষ নেই। কিন্তু এই আনন্দ ম্লান হয়ে যাবে যদি আমরা কোনো কারণে পরস্পরের সঙ্গে হানাহানিতে জড়িয়ে পড়ি। আজ থেকে তোমরা সব হানাহানি ভুলে যাও। মনে রেখ, এ দেশে বাঙালি-অবাঙালি সবাই আজ থেকে একে অপরের ভাইয়ের মতো বসবাস করবে।’আবুল ফজলের সেদিনের কথা শুনে মনে হয়েছিল, বহুকাল আগের এক গোষ্ঠীপিতা যেন তাঁর গোষ্ঠীর বিজয়ী যোদ্ধাদের সংযমী হতে বলছেন। বিজয় মানুষকে উদার ও সংযত করে—এই শিক্ষাই যেন তিনি দিতে চেয়েছেন তাঁর অনুসারীদের—একজন প্রকৃত ও দায়িত্বশীল অভিভাবকের মতো।