একাত্তরের বুলেটবিদ্ধ বৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সামাদ তখন যুবক। নাটোরের লালপুরের ময়না গ্রামে তাঁর বাড়ি। মিলিটারি এসেছে শুনে তাঁরা লাঠিসোটা নিয়ে প্রতিরোধ করতে ছুটে আসেন। আবদুস সামাদ বলেন, গোপালপুর রেলগেট পর্যন্ত এসে পাকিস্তানি বাহিনীর গুলির মুখে তাঁরা আর দাঁড়াতে পারেননি। সরতে সরতে চলে যান ময়না গ্রামে। পাকিস্তানি বাহিনী তাঁদের ঘিরে ফেলেছে বুঝতে পেরে তাঁরা আট যুবক একটা গর্তের মধ্যে লুকান। সেখান থেকেই হানাদার বাহিনী তাঁদের বের করে আনে। তারপর গ্রামের একটি আমগাছের সঙ্গে আটজনকে বেঁধে একসঙ্গে গুলি চালায়। আবদুস সামাদ বলেন, ‘আমার আনসার বাহিনীর প্রশিক্ষণ ছিল। গুলি করার সঙ্গে সঙ্গে আমি আন্দাজ করে লাফিয়ে উঠেছিলাম। এতে গুলিটা আমার পেটে না লেগে ঊরুতে লাগে। আমি অন্যদের লাশের সঙ্গেই পড়ে যাই। সবার মৃত্যু হয়েছে ভেবে ওরা আমাদের গায়ের ওপর পা দিয়ে হেঁটে চলে গেল। এরপর সারা দিন গোলাগুলির শব্দ। আমি মরার মতো পড়ে থাকলাম। রাত আটটার দিকে চারদিক নিস্তব্ধ হয়ে এলে আমি আস্তে আস্তে উঠে লোকালয়ে যাই। আমার ভাই আমাকে মহিষের গাড়িতে করে নাটোর হাসপাতালে নিয়ে গেল। কয়েক দিন চিকিৎসার পর চিকিৎসকেরাও হাসপাতাল ছেড়ে পালিয়ে গেলেন। সেই সস্তার সময় ২৮০ টাকা দিয়ে ভ্যান ভাড়া করে বাড়ি এসে পালিয়ে থাকতে হলো। আহত অবস্থায় পালিয়ে থাকা—সেও এক যুদ্ধ।’ সম্প্রতি সেই গাছের কাছে গিয়ে দেখা যায়, বুলেটে ক্ষতবিক্ষত গাছটা এখনো বেঁচে আছে। চারদিকে বাঁশঝাড় বেড়ে ওঠায় গাছটি প্রশস্ত হতে পারেনি। ময়না গ্রামে প্রতিরোধ যুদ্ধে শহীদ হন অর্ধশতাধিক মানুষ। গাছের পাশেই তাঁদের গণকবর দেওয়া হয়েছে। গাছের পাশে দাঁড়িয়ে কেমন যেন গা ছম ছম করতে লাগল। কী নির্মম ইতিহাসের সাক্ষী এই নির্বাক বৃক্ষ। সাংবাদিক যাওয়ার খবর পেয়ে গাছের কাছে এলেন ছানোয়ারা খাতুন। তাঁর দুই ভাই মোসলেম উদ্দিন ও আবুল কাশেমকে এই গাছের সঙ্গে বেঁধে গুলি করে মারা হয়। ছানোয়ারা বলেন, ‘পরে আমরা এসে দেখি এক ভাই গাছের কাছেই পড়ে রয়েছে। আর বড় ভাই কীভাবে খানিকটা দূরে এসে রাস্তার ওপরে পড়ে ছিল। চোখ ছিল না।’ ছানোয়ারা আর বলতে পারেন না। আমগাছটি ধরেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন। একটু থেমে বলেন, ‘তখন আমার বয়স সাত বছর। দুই ভাই ছিলেন সংসারের উপার্জনক্ষম। বড় ভাই ছিলেন হাইস্কুলের প্রধান শিক্ষক। দেশ স্বাধীন হলে মা এবং এক বোন মারা যান। আমরা ছয় বোন মানুষের বাড়িতে থেকে কাজ করে যে কী কষ্টে বেঁচে আছি তা কাউকে বলে বুঝানো যাবে না।’ সেই বুলেট-ক্ষত বৃক্ষকে ফেলে চলে আসার সময় আবদুস সামাদ ডেকে বললেন, ‘কিছু দিন আগেও ক্ষতস্থানে অপারেশন করতে হয়েছে। ৩৮ বছর ধরে এই ক্ষত বয়ে বেড়াচ্ছি। অথচ কোনো স্বীকৃতি পেলাম না। আমরা মুক্তিযোদ্ধা না। আমাদের কোনো সার্টিফিকেট নেই। মৃত্যুর আগে যদি একটা স্বীকৃতি পেতাম তাহলে মরেও শান্তি পেতাম।’