
গগনচুম্বী আমগাছটার শত বাধা উপেক্ষা করেও জানালা গলে আবছা জোছনা ঢুকছে। দ্বিতীয়ার ক্ষয়িষ্ণু চাঁদ একটু পরেই ডুবে যাবে। তবু প্রাণপণে তার সবটুকু আলো দেওয়ার চেষ্টা করছে। জানালার গ্রিল ধরে দাঁড়ানো পঞ্চাশোর্ধ্ব রহিমা বেগমের মনে হয়, ‘দূরদেশের ওই চাঁদটা বুঝি সবচেয়ে সুখী! কখনো সে বুড়ি হয় না। আর পাশের ওই সন্ধ্যাতারা বুঝি ওর ছেলে। ওরা বুঝি গল্প করছে মা-ছেলে মিলে! রহিমা বেগমের খুব ইচ্ছা হয় ওদের গল্প শুনতে। ইচ্ছা হয় ক্ষণিকের জন্য চাঁদ হতে।
কাজের মেয়ে ফুলি এসে খাওয়ার তাড়া দিয়ে যায়, ‘আম্মা, ভাত খাই লন চাই। রাইত কত হইছে দেকছুইন।’
‘তুই খা গে যা। সবটুকু খাইস! আর না পারলে ভুলু আর পুষিরে দিস’—রহিমা বেগমের রাগ ঝরে কথায়।
‘ভাতের ওপর রাগ কইরা লাভ নাই গো আম্মা। তাইতে নিজেরই কষ্ট। বিয়া অইলে পোলা-মাইয়া পর অইয়া যায়। আর ভাইজান তো কইছে, আপনের নাতির পরীক্ষা, হের লাই না–ও আইতে পারে এইবার। আহেন আম্মা, খাই লই’—ফুলি।
‘তুই সামনে থেকে যা তো ফুলি’।
ফুলিকে বিদায় করে রহিমা বেগমের মনে হলো সত্যিই কি বিয়ের পর ছেলেমেয়ে পর হয়ে যায়! স্কুলমাস্টারের ঘরনি হয়ে সারা জীবন কোনো স্বাদ-আহ্লাদ ছিল না তাঁর। স্বামী যত দিন বেঁচেছিলেন, শত অভাবেও তাঁর কোনো দুঃখ হয়নি। তিন ছেলেমেয়ে আর স্বামী-স্ত্রী মিলে পাঁচজনের অভাবের সংসার। ঈদের কাপড় বলতে তাঁতের একটা শাড়ি। কম দামি, তবুও ওইটুকু উপহার পেয়ে তিনি চোখের পানি আটকাতে পারতেন না। আজ আবার খুব করে স্বামীর কথা মনে পড়ছে রহিমা বেগমের।
সুখের দিন দেখে যেতে পারেননি তাঁর স্বামী। ছেলেমেয়েরা আজ প্রতিষ্ঠিত। অবস্থাও ফিরেছে তাদের। রহিমা বেগমকে বলে সবাই ঢাকা গিয়ে থাকতে। কিন্তু তাঁর ঢাকায় মন টেকে না। এই ঘর, স্বামীর কবর ছেড়ে তিনি কীভাবে থাকেন! ওদিকে নাতি শাদাফের জন্যও পরানডা পোড়ে।
২.
আজ ঈদের দিন। নাতি শাদাফের পরীক্ষা, তাই এবার ঈদে কেউ বাড়িতে আসবে না। তবুও রহিমা বেগমের আশা, ছেলেরা ঠিকই সকালবেলা এসে হাজির হবে। সকাল থেকেই ছেলে কী পছন্দ করে, ছেলের বউ কী ভালো খায়, নাতি শাদাফের যা পছন্দ সবই সকাল থেকে রান্না করছেন তিনি। একটুও দম ফেলার সময় পাননি। একটু রান্না করেন আর পথের দিকে তাকান। বাড়ির কাছেই রেলস্টেশন। এরই মধ্যে তিনবার ফুলিকে বাড়ির কাছের রেলস্টেশনে পাঠিয়েছেন।
দিন গড়িয়ে সন্ধ্যা। এখন রাত হতে চলল। তাঁর আশা একটু একটু করে ক্ষীণ হতে থাকে। সারা দিন একটা কিছুই খাননি তিনি। স্টেশন থেকে শেষ ট্রেন আসার শব্দ এসেছে অনেকক্ষণ হলো। এবার বুঝি সত্যিই ওরা আসবে না। বুকের ভেতর হু হু করে ওঠে তাঁর। কইলজ্যার মধ্যে মোচড় দিয়ে ওঠে। দূরের চাঁদটাকে আর পরিষ্কার দেখা যায় না; ঝাপসা মনে হয়।
ক্রিং ক্রিং
ফোনটা বেজেই চলছে। রহিমা বেগম ইচ্ছা করেই ফোন ধরছেন না। ধরে আর কী হবে! ছেলে এক শটা কারণ দেখিয়ে দুঃখ প্রকাশ করবে। ওসব করুণার বাণী শুনতে ইচ্ছা করছে না এখন।
ক্রিং ক্রিং
নাহ, এবার ধরতেই হয়। আঁচল দিয়ে চোখ মুছে যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন। ‘হ্যালো…
‘হ্যা মা, ফোন ধরো না কেন?—ছেলের প্রশ্ন।
‘কি বলবা বলো, ঘুম পাইছে’। রহিমা বেগমের কথায় অভিমান ঝরে।
‘ঘুম পেয়েছে ভালো কথা কিন্তু আমরা কি বাইরে দাঁড়িয়েই থাকব?—ছেলের প্রশ্ন।
‘মানে কী?—রহিমা বেগমের কৌতূহল।
এর মধ্যে দরজার ওপাশে নাতি শাদাফের গলা, ‘দাদি, দরজা খোলো। কখন থেকে দাঁড়িয়ে আছি!’
মুহূর্তেই মন ভালো হয়ে যায় তাঁর। চিৎকার করতে থাকেন, ‘ফুলি, ও ফুলি দরজা খোল। কইছিলাম না, ওরা না আইয়া পারব না। এহন দেখছস’…
এতক্ষণ যে ঘরে চরম দুঃখ বিরাজ করছিল, এখন তাতে উৎসবের ঢেউ লেগেছে। ঘরকন্নায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। সারা দিনের না-খাওয়া, গ্লানি, কষ্ট সব নিমেষে কোথায় হারিয়ে গেল রহিমা বেগম টেরই পেলেন না।
এত আনন্দের মাঝে একসময় জানালার কাছে আসেন রহিমা বেগম। তৃতীয়ার চাঁদ ডুবে গেছে, অন্ধকার গ্রাস করছে চারদিক। কিন্তু রহিমা বেগম বিন্দুমাত্র বিচলিত নয়। তাঁর ঘরে যে আজ পূর্ণিমা। জোছনায় ভেসে যাচ্ছে পুরো ঘর…
টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়