একানব্বইয়ের পর এমন দুর্যোগ দেখেনি আনোয়ারাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বন্যায় ফসলের খেত, বাড়িঘর, বেড়িবাঁধ, গ্রামীণ সড়ক, পুকুর-জলাশয় তলিয়ে গেছে। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর এ রকম দুর্যোগ আনোয়ারাবাসী আর দেখেনি।
গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুর, জুঁইদন্ডী, বারখাইন, বরুমচড়া, বারশত ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জোয়ারের পানি ওঠে। কোথাও বেড়িবাঁধ উপচে আবার কোথাও বেড়িবাঁধ ভেসে গিয়ে এসব এলাকায় প্লাবিত হয়। জোয়ার-ভাটার সময় এসব এলাকার পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চল হওয়ায় উপজেলার পরৈকোড়া, আনোয়ারা সদর, চাতরী ও হাইলধরের আংশিক এলাকা থেকে পানি সরেনি টানা পাঁচ দিন। তা ছাড়া দেয়াঙ পাহাড়ের ঢলের পানিতে উপজেলার বৈরাগ ইউনিয়নের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে বন্যার কারণে উপজেলায় সৃষ্ট ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকার মতো।
উপজেলার বন্যাকবলিত এলাকায় সোমবার পর্যন্ত সরকারিভাবে ২১ টন চাল ও ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। স্থানীয়ভাবে আরও কিছু ত্রাণ, শুকনো খাবার বিতরণের হলেও প্রয়োজনের তুলনায় এ সাহায্য অপ্রতুল বলে জানান বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদুর রহিম খান জানান, উপজেলার জনসংখ্যা ২ লাখ ৫৯ হাজার ২২ জন। এর মধ্যে ১১ ইউনিয়নের অন্তত দুই লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৬০টি ঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আড়াই হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে ফসলের খেত, চিংড়িঘের ও মাছের খামার। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদদীন জানান, ৬৩০ হেক্টর ফসলের খেত ডুবে যাওয়ায় ক্ষতি হয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। ১ হাজার ৬৯২ একর জায়গার চিংড়ি ও ৫ হাজার ৮৩৪টি পুকুর জলাশয় ভেসে গেছে। এ খাতে ক্ষতির পরিমাণ ১১ কোটি টাকা।
সড়ক ও জনপদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৪৮ কিলোমিটার কাঁচা ও ১৮ কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ এবং ৭৫ কিলোমিটার কাঁচা ও ৭৩ কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ৮০ কিলোমিটারের বেশি বাঁধের মধ্যে পাঁচ কিলোমিটার পুরোটাই আর ১০ কিলোমিটারের আংশিক ক্ষতি হয়েছে।
আনোয়ারার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন জানান, বিভিন্ন খাত থেকে পাওয়া ২১ টন চাল উপজেলার বন্যদুর্গত মানুষের মাঝে বিরতণ করা হয়েছে।
আনোয়ারার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বন্যায় আনোয়ারায় সার্বিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন মহলকে অবহিত করছি।’