একালে তাহারা
মন্ত্রী হবুচন্দ্রের মেজাজ খুবই খারাপ হয়ে গেল। খুব আরামে বসে বসে ফেসবুকে চ্যাট করছিলেন। কিন্তু রাজার ঘর থেকে জরুরি ডাক পড়েছে। আজ দুই দিন পরে বসতে পেরেছেন কম্পিউটারের সামনে। রানিমা পার্লারে গিয়েছিলেন কয়েক দিন আগে। তাঁর ত্বকের যৌবন ধরে রাখতে পরামর্শ পেয়েছিলেন ‘কাঁচা ফল বা সবজি, যা পাবেন তা-ই মুখে-হাতে-পায়ে লাগাবেন’। লম্বা একটা লিস্টও ধরিয়ে দিয়েছে তাঁকে। কিন্তু সেটা আর রানি পুরোটা পড়বেন কখন। ওনার আবার কাঁচামরিচ খুব প্রিয়। সেটাই মেখে বসেছিলেন ত্বকে! ব্যস, আর কই যায়! ত্বকের অবস্থা যেমন-তেমন, গলা সেধেছিলেন চমৎকার।তাই গত দুই দিন মন্ত্রী ডাক্তার-কবিরাজ করতে করতে নাজেহাল। দমটা ফেলার উপায় নেই। মন্ত্রী তাড়াতাড়ি রাজার ঘরের দিকে গেলেন। ঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলেন, রাজকুমার নবুচন্দ্র চেঁচাচ্ছেন, ‘আমাখে নভিন বলে কল করবা, নবুচন্দ্র নামে ডেকে ইউ আমার প্রেস্টিজের ফেসে জুতা মেরেছ।’মন্ত্রী হবুচন্দ্র রাজকুমারকে দেখে চমকালেনও। শতচ্ছিন্ন পোশাক, গলায় কঙ্কালওয়ালা মালা, হাতে অনেকগুলো ধাতব চুড়ি, কানের মধ্যে গোল কিছু একটা, সেটা আবার জ্বলছে-নিভছে।মহারাজ গবুচন্দ্র রেগে লাল থেকে নীল হয়ে গেলেন। মন্ত্রীকে দেখামাত্র তাঁর গলা সপ্তম পার করে চৌদ্দতমতে নিয়ে বললেন, ‘এই ব্যাটা মন্ত্রীর বুদ্ধিতে আমি সময়-লম্ফ যন্ত্রে করে ভবিষ্যতে এলাম। ব্যাটা মূর্খ, উজবুক, নিজে সারা দিন এখন কম্পিউটারে বসে থাকে। এক্ষুনি তুই আমাকে আজবনগরে নিয়ে যাবি, নয়তো তোর গর্দান...!’নবুচন্দ্র আধা হাত লাফ দিয়ে বাবার মুখ চেপে ধরলেন, ‘ড্যাড, সাবধান! এসব এখন খুবই ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ।’মন্ত্রী হবুচন্দ্র মুচকি হেসে বললেন, ‘আমি এখনই ব্যবস্থা করছি, মহারাজ! তবে আপনি বেশি রাগারাগি করলে আপনার জুতা আবিষ্কারবিষয়ক সব কাহিনি উইকিলিকসে লিক মানে পাচার করতে আমি বাধ্য হব।’নবুচন্দ্র আবার লাফিয়ে উঠলেন, ‘এই তো, আসলি বাত মনে পড়েছে। আমি তো যে কারণে ড্যাডের কাছে আসছি সেটাই ফরগট করে বসে আছি! ড্যাড, আমি একটা মুভি বানাব, “শু, দ্য জুতো”! সেখানে আমাকে হিরো মানে নায়ক করা হবে, কিন্তু ইট নিডস অনেক মানি, মানে টাকা। সেটা গিভ করলে আমি চলে যাব।’গবুচন্দ্র এবার মন্ত্রীর দিকে কাতরভাবে তাকিয়ে প্রায় কেঁদেই ফেললেন। নবুচন্দ্রকে দেখে মন্ত্রীও বুঝে গেলেন, ঘটনা সঙ্গিন। তবে মন্ত্রীকে ঘরের বাইরে যেতে দেখে নবুচন্দ্র চেঁচাতে লাগলেন, হুমকিও চলতে লাগল সমানে, ‘মন্ত্রী, আমিও দেখে নেব, ইউ কিংয়ের মিনিস্টার, তোমরা জুতা নামক আর্মস ডিসকভার করসো। তোমাদেরও শাস্তির জন্য ধরা হবে। আমি সি করব কেমনে তোমরা ফিরে যাও, হাউ ইউ ব্যাখ...!’মন্ত্রী দ্রুত ‘সময়-লম্ফ’ যন্ত্রের কাছে গিয়ে সময়ের বোতাম টিপলেন। এবার সংকেতটা বসালেই ভবিষ্যৎ থেকে মুক্তি। কিন্তু বারবার ফেসবুকের পাসওয়ার্ডটাই যে টাইপ হচ্ছে! ঘাম জমতে থাকল হবুচন্দ্রের কপালে...। সৃজনী আহমেদমিরপুর, ঢাকা।