
ধীরগতির জন্য কচ্ছপকে প্রায়ই টিপ্পনী কাটত খরগোশ। সেসব সহ্য করতে না পেরে কচ্ছপ একদিন খরগোশকে চ্যালেঞ্জ করে বসল। ঠিক হলো, তারা দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে। ওয়ান ফাইন মর্নিং মিরপুর থেকে দৌড় শুরু হলো। গন্তব্য গুলিস্তান।
দৌড় শুরুর কিছুক্ষণ পর খরগোশ পৌঁছে গেল কারওয়ান বাজারে। এমন সময় শুরু হলো তুমুল বৃষ্টি। খরগোশ ভাবল, কচ্ছপ তো অনেক দূরে পড়ে আছে, এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করলে কেমন হয়? কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে খরগোশ একটা বিল্ডিংয়ে ঢুকে পড়ল।
ভেতরটা বেশ আরামদায়ক। বাইরে ঝুম বৃষ্টি। খরগোশের ঘুমিয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগল না। ঘুমিয়ে ঘুমিয়ে সে দারুণ সুন্দর সব স্বপ্নও দেখতে লাগল। নগরপিতারা পরিষ্কার, যানজটমুক্ত, জলাবদ্ধতামুক্ত ঢাকার জন্য কাজ করছেন। মুহূর্তেই ঢাকা একেবারে ঝা-চকচকে হয়ে উঠছে!
খরগোশের যখন ঘুম ভাঙল, তখন দুপুর গড়িয়ে বিকেল। বৃষ্টি থেমে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে ঢাকার রাস্তাঘাট! যেদিকে চোখ যায়, সেদিকেই পানি আর পানি! খরগোশ বেশ ধন্দে পড়ে গেল। ভুল করে গুলিস্তান পার হয়ে সদরঘাটে চলে আসেনি তো! এমন সময় সে দেখল, পানির ওপর দিয়ে ভাসতে ভাসতে সার্ক ফোয়ারা পার হয়ে কচ্ছপ ছুটে চলছে! খরগোশের মাথায় বাজ পড়ল। গা ঝাড়া দিয়ে উঠে রাস্তায় পা দিতেই টের পেল, এই রাস্তা পার হওয়া তার কম্ম নয়। রাস্তা তো নয়, এ যেন নদী! অতএব রাস্তার পানি শুকানোর অপেক্ষায় সে পায়চারি করতে লাগল ওই বিল্ডিংয়ের নিচে।
একদিন পর রাস্তার পানি যখন নেমে গেল, তখন লাফাতে লাফাতে গুলিস্তান এসে খরগোশ দেখল গোলাপ শাহ্ মাজারের নিচে কচ্ছপ বেশ আরাম করে রোদ পোহাচ্ছে।
নীতিবাক্য: জলাবদ্ধতামুক্ত ঢাকার স্বপ্ন দেখা সহজ, বাস্তবে কঠিন!