একালের ইশপের ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যদুপুর সূর্য উপুড়
রোদ্দুর ঝরে টাপুর টুপুর
একটা মানুষ রাজপথে হাঁটে
হারিকেন হাতে ছড়া-টড়া কাটে।
তার কাছে গিয়ে বলি আমি, ভাই
সমস্যাটা কী? জানতে যে চাই।
আমার কথায় থমকে দাঁড়ায়
হারিকেন ডানে, বাঁ হাত বাড়ায়—
‘চারদিকে শুধু মিথ্যায় ভরা
সৎমানুষের খোঁজে কাটি ছড়া।
দিনের বেলায় দেখি আন্ধার
চারদিকে শুনি কথা ধান্দার।
একটা মানুষ পাব না শহরে
সৎপথে থাকে অষ্টপ্রহরে?’
—প্রশ্নটা করে সামনের দিকে
হেঁটে চলে যায়, চেহারাটা ফিকে—
হয় যে আমার, লোকটার কথা
ভাবতে ভাবতে আসে নীরবতা।
ঘুমিয়ে গেলাম, ঘুম ভেঙে রাতে
উঠে ভাবলাম, আমি কার সাথে
কথা বললাম? স্বপ্ন কি সব?
এসব ছড়া কি লিখেছে ইশপ?