একালের কবরী
খোঁপা, কবির ভাষায় কবরী। সে তো আদিকালের ফ্যাশন! এখন খোলা চুলে বিভিন্ন স্টাইল করেই তো কূল পাওয়া যায় না। হালফ্যাশনের চুল কাটার ধরনও এমন, খোঁপা যেন তাতে ঠিক মানায় না। এমন কত বাহানা খোঁপা না করার। সব ছুতো বাদ দিয়ে কাঁটা-ক্লিপ তুলে নিন। একটু কায়দা করে পরিচিত সব খোঁপাকেই বিভিন্ন স্টাইলে বেঁধে নেওয়া যাবে। মানিয়ে যাবে সব জায়গায়, সব পরিবেশে এবং সব পোশাকে।একসময় নারীদের কেশবিন্যাসে খোঁপার বাহার ছিল দেখার মতো। বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তোলা হতো খোঁপা। রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান জানান, আগের দিনে চুলসজ্জার ক্ষেত্রে পরিপাটি করে চুল বাঁধা মানেই যেন খোঁপা করাকে বোঝানো হতো। যার যত বড় খোঁপা, তার গরিমা তত বেশি—এ রকম একটি ভাবনাও কাজ করত। এখনকার ফ্যাশনে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, টি-শার্ট-জিনস—সব ধরনের পোশাকের সঙ্গেই খোঁপা করা যাবে। এখানে বাধা হিসেবে কাজ করবে না বয়সটিও। তবে জানতে হবে কখন, কোথায় কোন স্টাইলটি যাবে।পাশ্চাত্য পোশাকেপাশ্চাত্য ধারায় সবচেয়ে জনপ্রিয় পোশাক কোনটি? এককথায় গাউন। এ পোশাকের সঙ্গে বেশির ভাগ সময়ই বেছে নেওয়া হয় চুল ঘুরিয়ে বাঁধার ধরনকে। রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল পাশ্চাত্য পোশাকের সঙ্গে খোঁপার মিলমিশ তুলে ধরেন এ কথার মধ্য দিয়েই। শাড়ির সঙ্গে খোঁপা যেমন বাঙালিয়ানা ভাব ফুটিয়ে তোলে, তেমনি ফ্যাশনেবল লুক তৈরি করে আধুনিক পোশাকের সঙ্গেও।কানিজ আলমাস খান জানান, প্রয়োজন ও ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গিয়ে সাজের অনেক ক্ষেত্রই বদলে গিয়েছে। পরিবর্তন এসেছে চুলসজ্জার বিষয়েও। খোঁপা বাঁধায় এখন আর গৎবাঁধা ধারা মানা হয় না; বরং নতুন-পুরোনো স্টাইল একসঙ্গে মিলিয়ে ফিউশন ভাবটি আনা হয়। পাশ্চাত্য পোশাকের সঙ্গে খোঁপা করার সময় সামনের দিকের চুলকে আধুনিকভাবে সেট করতে হবে। এতে পোশাকের সঙ্গে চুলের সজ্জার মিল থাকবে।বয়সের সঙ্গে মানিয়েটিনএজ—এ বয়সটার সঙ্গেই একাকার হয়ে আছে দুরন্তপনা, উচ্ছলতা। যারা সাজতে ভালোবাসে, তারা খুঁজে বের করে ভিন্ন স্টাইল। এরপর সেটা প্রয়োগ করতেও পিছপা হয় না। খোঁপা যে নতুন ধারণা, তা নয়। তবে এই বয়সী মেয়েদের এ সাজের দিকে খুব একটা ঝুঁকতেও দেখা যায় না। ফাংকি সাজটাই বেশি করে তারা। চুল ছোট হোক বা বড় হোক, বিভিন্ন ধরনের কাট থাকে। একটু অন্য রকমভাবে করলে কিন্তু টিনএজারদেরও বেখাপ্পা লাগবে না খোঁপায়। আফরোজা কামাল জানান, এ বয়সীরা দুই ধরনের খোঁপা করতে পারে। যাদের ব্যাংগস করা আছে, তারা সামনের চুলগুলো সেট করে এক পাশে এলোমেলোভাবে খোঁপা বাঁধতে পারে। এ সময় চিকন স্কার্ফ পেঁচিয়ে নিতে পারে চুলে। দেখতে খুব সুন্দর লাগবে। তবে যেভাবেই বাঁধুক না কেন, এলোমেলো থাকলেই বেশি ভালো লাগবে। খুব পরিপাটি ভাব আনতে হবে, তা নয়। এ ছাড়া উঁচু করে পনিটেল বেঁধে চুলগুলো এলোমেলোভাবে বাঁধা যেতে পারে। ঝুঁটিকে চারটা ভাগ করে বিভিন্ন আকারে খোঁপা বাঁধতে পারে। এ তো গেল ছোট চুলের কথা। যাদের একটু বড় চুল, তারা দুটির জায়গায় তিনটি খোঁপা করতে পারে। সামনের দিকে মাঝখানের কিছুটা চুল ফুলিয়ে নিলে আলাদা লুক পাওয়া যাবে।কাজের জায়গায়অফিসে এক পাশে সিঁথি করে নিচু করে খোঁপা করতে পছন্দ করেন অনেকেই। তবে কাজ শেষে অফিস-দাওয়াতে একটু ভিন্নতা চান। এ ক্ষেত্রে সামনের দিক ঠিক রেখে বদলে নিতে পারেন পেছনের স্টাইলকে। সাধারণ গোল করা খোঁপার ওপরেই করে নিতে পারেন ছোট্ট আরেকটি খোঁপা। বাইরে আড্ডায় কিংবা কেনাকাটায় গেলে সামনে থেকে বেণি করে এক পাশে নিচু করে খোঁপা করতে পারেন। এতে চুল এলোমেলোও হবে না, আবার সারা দিনের দৌড়ঝাঁপেও আরাম পাবেন।চেহারার সঙ্গে মিলিয়েশুকনো ও লম্বাটে চেহারার অধিকারীদের টেনে ও গুছিয়ে চুল বাঁধতে হবে। মাঝখানে সিঁথি করে নিচু করে বাঁধলে ভালো লাগবে। পানপাতা এবং একটু গোল ধাঁচের চেহারা যাঁদের, যতটা সম্ভব চুল হালকা করে বাঁধবেন। দুই পাশ থেকেও চুল কিছুটা করে ছেড়ে রাখতে পারেন। দেখতে ভালো লাগবে।